নিজস্ব প্রতিবেদকঃ
তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ তাদের শপথ পড়ান।
বর্তমান মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারা আগের মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকছেন।
মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম বিএসসি মন্ত্রী এবং সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাডভোকেট তারানা হালিম ও লালমনিরহাটের সাংসদ নুরুজ্জামান আহম্মেদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নুরুল ইসলাম বিএসসি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, নুরুজ্জামান আহম্মেদ খাদ্য এবং তারানা হালিম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মন্ত্রিপরিষদ-সচিব মুহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞার পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ওই বছরের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেন। সে সময় এ এইচ মাহমুদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নজরুল ইসলামকে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত বছরের ১২ অক্টোবর আবদুল লতিফ সিদ্দিকী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে অপসারিত হন। সর্বশেষ গত বৃহস্পতিবার সৈয়দ আশরাফুল ইসলামকে দফতরবিহীন করা হয়।
মঙ্গলবার শপথ নেয়া নতুন তিনজনসহ বর্তমান মন্ত্রিসভায় ৩২ জন মন্ত্রী, মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ দূত ও পাঁচজন উপদেষ্টা, ২০ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী রয়েছেন।























































