সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি কারা ভাঙছে, তাদের চিনি না- আশরাফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৭.২০১৫

image_133006_0

স্টাফ রিপোর্টারঃ

দল ভাঙার চেষ্টা করছে সরকার—বিএনপির এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। দল কারা ভাঙছে, তাদের আমরা চিনি না।”

মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ এ কথা বলেন। জাতির জনক শেখ মুজিবর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।
আশরাফ বলেন, “প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা প্রশাসন নিয়ে রাজনীতি করেন না। আমরা প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়ার নীতিতে বিশ্বাস করি।”

দলের সাধারণ সম্পাদকের পক্ষে প্রশাসন রাজনীতি মুক্ত রাখার চেষ্টা কতটা সফল হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, “আমি যখন শপথ গ্রহণ করি এবং সেই অনুযায়ী সরকারের কাজ করি, তখন আমি আওয়ামী লীগ করি না। আবার যখন দলের কাজ করি, তখন দলেরই কাজ করি। এখানে কোনো সংঘাত নেই।”

জন প্রশাসনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী চান দক্ষ কর্মকর্তারা প্রশাসনে আসুক। প্রশাসন গতিময় ছিল, ভবিষ্যতে তা আরও গতিশীল হবে।”

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ব্যাপারে নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছেন বলে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, “আশা করছি, নির্বাচন কমিশন এ ব্যাপারে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবে। সেখানে সংবিধান ও দলের গঠনতন্ত্র অনুযায়ী যুক্তিতর্কের ভিত্তিতে আলোচনা হবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি