ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের ১১১টি ছিটমহলের জনসংখ্যা ৪১ হাজার ৪৪৯জন। তার মধ্যে থেকে ৯৭৯জন ভারতে যেতে চায়।
মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত ছিটমহলে বাংলাদেশ ভারতের যৌথ জনগণনার বাংলাদেশ অংশের এই ফলাফল প্রকাশ করেন।
জরীপ অনুযায়ী প্রায় ১৭ হাজার একর জমি আছে বাংলাদেশের ।
চুক্তি অনুযায়ী এই পরিমাণ জমি ও মানুষ আগামী ৩১ জুলাই বাংলাদেশের সাথে একিভূত হবে। যারা ভারতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারা আগামী ১ আগস্ট থেকে ৩ নভেম্বরের মধ্যে ভারত যেতে পারবেন।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, “ছিটমহলগুলো শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ সকল উন্নয়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। যেখানে যা লাগবে তা তারা অনুসন্ধান চালিয়ে ব্যবস্থা নিবে।”
গত ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত দুই দেশের একটি যৌথ সমীক্ষা দল এই জরিপ করে।
ঢাকায় আগামী ২৩ জুলাই বাংলাদেশ ভারত জয়েন্ট বর্ডার ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানানোর কথা বলেন বিভাগীয় কমিশনার।
বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ের ডেপুটি কমিশনারবৃন্দ।
চার জেলার ডিসিরা এর আগে বিভাগীয় কমিশনারের কাছে জরীপের ফলাফল জমা দেন।























































