ডেস্ক রিপোর্টঃ
ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে তদবিরে ব্যস্ত পদপ্রত্যাশীরা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেতে মরিয়া প্রার্থীরা দিন-রাত ছুটে বেড়াচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা-মন্ত্রী ও সাবেক ছাত্র নেতাদের বাসা-অফিসে। ঈদের ছুটি ও টানা বৃষ্টিতে প্রচারণায় ভাটা থাকলেও প্রভাবশালী নেতাদের দ্বারে নিয়মিতই ধর্ণা দিচ্ছেন তারা।
আগামী ২৫-২৬ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের ২৮তম সম্মেলন। ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র বিক্রি ও জমার কাজ শেষ হয়েছে। সম্মেলনের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী বর্তমান কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল এ প্রতিবেদককে জানান, এখন পর্যন্ত ২২২ জন এই দুই পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৭৪ জন, সাধারণ সম্পাদক পদে ১৪৮ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার সম্মেলনে ‘ইলেকশন নয়, সিলেকশন হচ্ছে’ ছাত্রলীগের মধ্যে এমন আলোচনা চলছে অনেক আগে থেকেই। তাই সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই পদপ্রত্যাশীরা প্রচারণরার চাইতে বিভিন্নভাবে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টাই বেশি করে যাচ্ছেন। এদের মধ্যে অনেকেই ঈদের সময়কে কাজে লাগানোর চেষ্টা করেছেন। এবার পদপ্রত্যাশী নেতারা ঈদ করেছেন ঢাকায়। ঈদের আগে বা পরে সময় করে ঘুরেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রভাবশালী নেতাদের বাসায় বাসায়।
জানা গেছে, ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতারা আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সড়ক-পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সদস্য এনামুল হক শামীম, বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর, নজরুল ইসলাম বাবু, মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং এমপির সঙ্গে ঈদের আগে বার পরে সময় করে সাক্ষাত করে সালাম জানিয়ে এসেছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা গেছে, সংগঠনের অনেক নেতা কর্মী-সমর্থকরাই বসে গল্প-আড্ডা আর কেউ বসে টেলিভিশনে খেলা দেখছেন। আলোচিত প্রার্থীদের সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের ভাল-মন্দ নিয়ে অন্যান্যদের সঙ্গে আলাপ-আলোচনায় মেতে উঠেছেন। প্রায় প্রতিদিনই একই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কান্টিন, টিএসসি, হাকিম চত্ত্বর ও শাহবাগেও।























































