ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা গ্রামে চলতি বছরের (২০১৫) পহেলা বৈশাখের রাতে নৃশংসভাবে হত্যা করা হয় কিশোর শাহিনকে (১২) । এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করলেও মূল আসামিরা রয়ে গেছে ধরা-ছোয়ার বাইরে। মূল হত্যাকারিদের বাচাঁনোর প্রক্রিয়া চলছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়।
স্থানীয় সূত্র জানায়, নিহত শাহিন পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা গ্রামের ইদু মিয়ার ছেলে । শাহিন তালতলা ওয়ার্কশপে কাজ করতো। হত্যাকান্ডের এক-দেড় মাস আগে শাহিন ওয়ার্কশপের কাজ ছেড়ে দেয়। ওই ওয়ার্কশপের মালিক মিজানের কাছে প্রায় দেড় হাজার টাকা বেতন পাওনা ছিল শাহিন। মৃত্যুর দুদিন আগেও বেতনের জন্য শাহিন মালিকের কাছে গিয়েছিল। মালিক মিজান দুয়েক দিনের মধ্যে বেতন দেওয়ার আশ্বাসও দিয়েছিল। ১৪ এপ্রিল বিকেলে রুবেল মুঠোফোনে কল করে শাহিনকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। ওই রাতে গ্রামের সহপাঠিদের সাথে শাহিন পহেলা বৈশাখের পিকনিক এর আয়োজন করে। পরে সারারাত ৫/৬ জন এলাকার যুবকের সাথে শাহিন হিন্দি গানে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে। পরদিন ১৫ এপ্রিল ভোরে শাহিনের মরদেহ ওই বাড়ির রাস্তার পাশের ধানক্ষেতে পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। শাহিনের লাশের ময়নাতদন্তের পর শাহিনের পিতা ইদু মিয়া, স্থানীয় ইউপি মেম্বার আবদুল কুদ্দুসসহ বাদি হয়ে ওই দিনই নাঙ্গলকোট থানায় একটি অজ্ঞাত মামলা দায়ের করেন। মামলা নং ০৬।
ঘটনার সাথে জড়িত অনেকের নাম জানা থাকলেও অদৃশ্য কারণে আসামিদের নাম উল্লেখ না করে অজ্ঞাত মামলা দায়ের করা হয়।
এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় মাহবুবুল হকের ছেলে মাসুম বিল্লাহ ও সেলিম মিয়ার ছেলে হোসেন মিয়াকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, অনুষ্ঠানে সহপাঠিদের সাথে লুডু খেলাসহ বিভিন্ন রকমের আনন্দ উল্লাস ও মোবাইলে উল্লসিত কিছু ছবিও তোলে শাহিন। ওই রাতে শাহিনের বন্ধুরা পিকনিকে একটি মেয়ে নিয়ে এসেছিল। সারারাত মেয়ের সাথে বন্ধুদের নাচঁ-গানের ওই দৃশ্য শাহিন মোবাইলে ধারণ করে। পরে বন্ধুরা ওই মোবাইল ভিডিও ফেরত চাইলে শাহিন দিতে অপারগতা প্রকাশ করলে বন্ধুরা তাকে নির্মাণাধীন ভবনের রড ঢুকিয়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। পরে ধানক্ষেতে ফেলে দেয় ।
হত্যাকান্ডের পর প্রায় সাড়ে ৩ মাস হলেও শাহিনের মুঠোফোনটিও পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। মামলার তদন্তকারি কর্মকর্তা আব্দুল বাতেন এক মাস পূর্বে চট্টগ্রামে বদলি হয়ে গেছে। নতুন তদন্তের ভার পেয়েছে উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান। ওই দিনের খেলার সাথীরাও গা ঢাকা দিয়েছে। এদিকে ওয়ার্কশপের মালিক মিজানকে এ ঘটনায় জড়িত বলে অনেকে সন্দেহ শুরু করলে তিনি দেশ ত্যাগ করে প্রবাসে চলে যান।
ঘটনায় জড়িত সন্দেহে আটক হোসেন মিয়ার পিতা সেলিম মিয়া জানান, আমার ছেলে এ হত্যাকান্ডে জড়িত নয়। তাকে জিজ্ঞাসাবাদের নামে থানায় নিয়ে আটক করে পুলিশ। আমরাও চাই শাহিন হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচিত হউক। তবে মূল আসামিদের বাচিঁয়ে আমাদের মত সাধারণ মানুষের সন্তানদের হয়রানি করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, হত্যাকান্ডের সাথে জড়িত পেরিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ড মেম্বার বর্তমানে আ’লীগ নেতা আব্দুল কুদ্দুসের ( কিছু দিন আগে বিএনপি থেকে আ’লীগে যোগদান করেছে) ভাতিঝা রুবেল ও নাতি রাসেল হত্যাকান্ডের পর থেকে পলাতক রয়েছে। তাদের বাচিঁয়ে অন্যদের ফাসাঁনোর জন্য প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মামলার সাবেক তদন্ত কর্মকর্তা এসআই আবদুল বাতেন (বর্তমানে চট্টগ্রামে কর্মরত) ২৫ জুলাই মুঠোফোনে জানান, ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করি। আমাদের ধারণা তারাও এতে জড়িত। ঘটনার সাথে মূল জড়িত রুবেল ও রাসেল এখনো পলাতক। তাদের আটক করা সম্ভব হয়নি। এর মধ্যে এক মাস পূর্বে আমার বদলি হয়েছে। মেয়ে সংক্রান্ত কোন ঘটনার ভিডিও নিয়ে হত্যাকান্ডটি ঘটেছে কিনা এ বিষয়ে তিনি জানান, তা শাহিনের মুঠোফোনটি পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হত।
নাঙ্গলকোট থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন আল মাহমুদ মুঠোফোনে জানান, মামলার তদন্তকারি কর্মকর্তার বদলি হয়েছে। মূল আসামিরা এলাকায় নেই। আমাদের নজরদারিতে ৩/৪ জন রয়েছে। তাদের মুঠোফোনও বন্ধ। মেয়ে সংক্রান্ত কোন ঘটনার ভিডিও নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমরা অবগত নই। স্থানীয় লোকজন অনেক সময় ভয়ে মুখ খুলতে চায় না। অনেকে ভাবে, কোন কথা বলে আবার কি বিপদে পড়ে যায়। মামলার নতুন তদন্তকারি কর্মকর্তার সাথে এ বিষয় নিয়ে কথা বলবো। মূল আসামিদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।


















































