শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগের সাফল্যের গুড়ে বালি ঢালছে নেতা-কর্মীদের অপকর্ম


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৫

2013-07-22-17-46-13-51ed6fe5c11ae-untitled-7

ডেস্ক রিপোর্টঃ

কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে নানা অভিযোগে ভূলুণ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ইমেজ। একই সঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অনেক নেতাকর্মী টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, অভ্যন্তরীণ কোন্দলের জেরে অস্ত্রবাজি-খুনোখুনি, মাদক ব্যবসা, হত্যা, অপহরণ, বিভিন্ন শিক্ষাপীঠে নারীদের শ্লীলতাহানি ও শিক্ষক লাঞ্ছিত করাসহ নানা ‘অপকর্মে’ যুক্ত বলে জানা গেছে।

সীমাহীন এসব অভিযোগ ফলাও করে প্রচার হচ্ছে দেশের গণমাধ্যমগুলোয়। ফলে অনেক সাফল্য থাকলেও অভিযোগের চোরাবালিতে তলিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দলটির ভাবমূর্তি। অন্যদিকে অভিযোগ রয়েছে, মিডিয়ার কল্যাণে জনসমক্ষে আসা কিছু কিছু ঘটনার জের ধরে দোষী নেতাকর্মীদের শাস্তি হলেও বেশিরভাগ ক্ষেত্রে অপকর্মের মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

গত সোমবার সন্ধ্যায় গণভবনে নবনির্বাচিত ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রলীগকে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কেউ অন্যায় করলে প্রশ্রয় দেওয়া হবে না।’ সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে ভালবাসার পরামর্শ দিয়ে ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, জাতির পিতার আদর্শ নিয়ে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করতে হবে। এর আগে গত শনিবারও সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনে তিনি ‘সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ হয়’Ñ এমন কাজ থেকে বিরত থাকতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন।

এছাড়া সম্প্রতি নানা অপকর্মের অভিযোগে দলের নীতিনির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতাও অসৎ নেতাকর্মীদের হুশিয়ার করে দিয়েছেন। গত ২১ জুলাই সড়ক ও মহাসড়কের পাশে বিলবোর্ড লাগানোকে ‘চাঁদাবাজি’ উল্লেখ করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগেও তিনি বলেছিলেন, ছাত্রলীগের কতিপয় অসৎ কর্মীর অপকর্মে গোটা আওয়ামী লীগ নেতাকর্মীর মাথা লজ্জায় হেঁট হয়ে গেছে। তাদের অপকর্ম সংগঠনকে কলঙ্কিত করছে।

শুধু ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারাই নন, আইনশৃক্সখলা বাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে সাবধান বাণী উচ্চারণ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। গত মাসে চট্টগ্রামে এক সমাবেশে সরকারি দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করে তাদের পক্ষে থাকবেন না। ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ যেন কেউ না করে। আপনারা আইনের পথে থাকুন।

সম্প্রতি আলোচিত হত্যাকা-ের মধ্যে রয়েছে সিলেট শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ডে কিশোর সামিউল আলম রাজন ও রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনা। বিভিন্ন তথ্য-প্রমাণে জানা গেছে, রাজন হত্যায় সিলেটের কান্দিগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আলী হায়দার জড়িত। আর রাজনের হত্যাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেন স্থানীয় শীর্ষ পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা। অন্যদিকে জোড়া খুনের ঘটনার আসামি সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে যুবলীগ লীগ নেতা বখতিয়ার আলম রনি।

গত ২৪ জুলাই লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি হাটে ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান লিমন ও তার সহযোগীদের হামলায় তাজুল হোসেন নামে এক মুদি ব্যবসায়ী খুন হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আহত হন নিহতের আরও ৪ ভাই। ২৩ জুলাই সকালে মাগুরা সদর উপজেলার রূপদাহ গ্রামে সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্র“পের সংঘর্ষে ওয়ার্ড যুবলীগকর্মী নান্নু মোল্লা নিহত এবং ২৫ জন আহত হন। ওইদিন বিকালে মাগুরার দোয়ারপাড়া কারিগরপাড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূঁইয়া এবং সংগঠনটির সাবেক কর্মী আজিব্বর শেখ ও মুহম্মদ আলী গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নাজমা খাতুন নামে এক অন্তঃসত্ত্বার পেটে থাকা সন্তান গুলিবিদ্ধ এবং মমিন ভূঁইয়া নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ বোমার আঘাতে আহত হন। এনিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। নাজমার মেয়ে শিশুটি এখন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। ১৪ জুলাই ভোররাতে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ি এলাকার নিজ বাড়িতে খুন হন ব্যবসায়ী মজিবর রহমান। ওই ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা হারুনকে অভিযুক্ত করেন নিহতের স্ত্রী সাহিদা রহমান। এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ খুন, ফেনীতে উপজেলা চেয়ারম্যান একরাম, নরসিংদীর মেয়র লোকমান, যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদসহ বেশ কয়েকটি হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দল ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এদিকে রাজধানীসহ সারা দেশে বেড়ে গেছে ক্ষমতাসীন দলের জবরদখলের ঘটনা। জানা গেছে, গত ১ জুন রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের ৬ নম্বর সড়কে ব্যবসায়ী মো. নিজামউদ্দিনের দোতলা ভবন দখল করেন ৫৬ নম্বর ওয়ার্ড পূর্ব রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সাহাবুদ্দিন ও স্থানীয় ক্যাডাররা। খবর পেয়ে কামরাঙ্গীরচর থানার এসআই আশীষ ঘটনাস্থলে গেলে তাকেসহ অন্য পুলিশ সদস্যদের লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় এসআই আশীষ থানায় জিডি করেন। এদিকে ভুক্তভোগী নিজামউদ্দিন থানায় অভিযোগ করেও কোনো ফল না পেয়ে গত ১৪ জুন লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন। অবশেষে উপ-পুলিশ কমিশনারের হস্তক্ষেপে গত ৮ জুলাই তিনি নিজ বাড়িতে উঠতে সক্ষম হন। কিন্তু দখলবাজদের হুমকি-ধমকি এখনো অব্যাহত থাকায় আতঙ্কিত তিনি।

রাজধানীর আদাবরের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী আমাদের সময়কে বলেন, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল হাসেমের (হাসু) নাম ভাঙিয়ে তার ভবন দখল করে নিয়েছে সুমন নামে যুবলীগের এক নেতা। এ বিষয়ে আদাবর থানায় জিডি করায় দখলদারদের অব্যাহত হুমকিতে এখন তিনি পরিবারসহ এলাকাছাড়া। এদিকে কুমিল্লার হোমনা থানা এলাকায় জবরদখলকারীদের নির্যাতন-নিপীড়নে ঘরছাড়া হয়েছেন পরিমল, নন্দলাল সূত্রধর, বিমল সূত্রধর, বিমল কর্মকারসহ কয়েকটি নিরীহ সংখ্যালঘু পরিবার। স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম ও তার সশস্ত্র বাহিনীর কারণেই তাদের এই দশা বলে গত সোমবার আমাদের সময় অফিসে এসে অভিযোগ করেন ভুক্তভোগী পরিমল।

দেশে এখন একটা কথা বেশ চালু, যেখানে টেন্ডার, সেখানেই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। গত ২৩ জুলাই রাজধানীর রাজউক ভবনে পূর্বাচল ও উত্তরায় ফ্ল্যাট নির্মাণের দরপত্র জমা দেওয়ার বিষয়ে টেন্ডারবাজি করতে গিয়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম গোফরান ওরফে গোফরান গাজী। তার সঙ্গে আরও আটক হয় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মানিকসহ যুবলীগ-ছাত্রলীগের আরও ৫ নেতাকর্মী। ১৪ জুলাই গাবতলী বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজির সময় সজল নামে মিরপুর বাক্সলা কলেজের এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করে র‌্যাব। ৮ জুলাই রাতে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাকেও আটক করা হলেও ওপর মহলের চাপে তাকে ছেড়ে দেওয়া হয়। ১০ মার্চ সচিবালয় লাগোয়া বিদ্যুৎ ভবনে টেন্ডারবাজি নিয়ে পুলিশের উপস্থিতিতেই গোলাগুলি হয় ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি এম হাফিজ উদ্দিন বলেন, দলীয় লোক হওয়ার কারণে সারা দেশের চিহ্নিত টেন্ডারবাজদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা সুশাসন ও আইনের অন্তরায়। টেন্ডারবাজিতে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারের সদিচ্ছাই যথেষ্ট বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এ উপদেষ্টা।

অভিযোগ রয়েছে, দেশের মাদক ব্যবসার এখন পুরোটাই নিয়ন্ত্রণ করছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। গত ৭ জুলাই র‌্যাব-৩ রাজধানীর খিলগাঁওয়ের ঈদগাহ মসজিদ রোডের আমিন ভিলা থেকে ৪৮০ বোতল ফেনসিডিল ও প্রায় এক মণ গাঁজাসহ গ্রেপ্তার করে আওয়ামী লীগ নেতা মো. আব্দুল কাদের এবং তার সহযোগী মো. ইব্রাহীমকে। ২৯ জুন রাতে র‌্যাব-১০-এর একটি দল রাজধানীর গে-ারিয়ার ৪৫ শরৎগুপ্ত রোডে আওয়ামী লীগ নেতা ফায়দুল ইসলামের এক ইয়াবার আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করে ১টি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ১টি পিস্তলের খালি ম্যাগাজিন, ২১ হাজার পিস ইয়াবা, ৩০০ গ্রাম হেরোইন, ১১২ বোতল ফেনসিডিল, ৪৫ ক্যান বিয়ার, ৪টি মোটরসাইকেল, ৩টি সিসি ক্যামেরা, ১টি বাইনোকুলার, ১টি সিসি ক্যামেরার কন্ট্রোল বক্স এবং ১টি তরবারি। এ ঘটনায় ফায়দুল এখনো অধরা। আটক হয়েছে তার সহযোগী ইয়াসিন আরাফাত। আর চট্টগ্রামের এমপি আব্দুর রহমান বদি ও তার স্বজনদের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসার অসংখ্য অভিযোগ। হেরোইন, মদ, ফেনসিডিল, ইয়াবা বিক্রির অভিযোগে গত ২২ জুলাই যশোরের বেনাপোল বন্দর থানার ভবারবেড় গ্রাম থেকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাফিল হোসেনকে আটক করে পুলিশ। ১০ জুলাই ফেনীর সোনাগাজীর উত্তর চর চান্দিয়া গ্রাম থেকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ৬ মাদক মামলার আসামি চান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রহমত উল্লাহকে। এমন বহু অভিযোগ আছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে। বরগুনার তালতলী বৌদ্ধবিহার থেকে শ্বেতপাথরের তৈরি গৌতম বুদ্ধের ২টি মূর্তি চুরির অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের ফার্মেসি পট্টি থেকে গ্রেপ্তার হন বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন।

যৌন হয়রানিরও অসংখ্য অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। গত ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রাজধানীর চানখাঁরপুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস উত্তরণ ও অনির্বাণে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ ওঠে ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রলীগকর্মী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী নাজমুলকে ধোলাই দেয় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা। একই দিন ছাত্রী লাঞ্ছনার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের কয়েক সদস্যকে বহিষ্কার করা হয়। জাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৩ ব্যাচের আদিবাসী ছাত্রী লাঞ্ছনার ঘটনায় গত ১৬ এপ্রিল জাবি শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ বিজয়, শহীদ সালাম বরকত হল শাখার প্রচার সম্পাদক নাফিজ ইমতিয়াজসহ ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে জাবি ছাত্রলীগ। এদিকে গত ২৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষককে লাঞ্ছিত করে জবি ছাত্রলীগের সহ-সম্পাদক আরজ মিয়া (জিয়া)।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে আটক করে থানায় দিলে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দলবল নিয়ে এসে জিয়াকে ছিনিয়ে নিয়ে যান। ২০১৪ সালেও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আলমকে অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকার টেন্ডার ছিনতাই করেছিলেন সিরাজ। গত ১৬ এপ্রিল দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহম্মদ মিজান উদ্দিনকে লাঞ্ছিত করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও তার সহযোগীরা। ফেনীর সোনাগাজী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে গত ২৩ জুলাই সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের অভিযোগে ২৫ জানুয়ারি সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি থেকে গ্রেপ্তার হন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব।
সার্বিক অবস্থা প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের সময়কে বলেন, এত বড় সংগঠন, সেখানে ত্রুটি-বিচ্যুতি কিছু থাকতেই পারে। তবে যখনই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেছে তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্বচ্ছ কাউকে দলে ঠাঁই দেওয়া হবে না বলেও জানান প্রবীণ এ রাজনীতিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি