শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারীরা এখন আওয়ামী লীগে নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৫

images3

বিশেষ প্রতিবেদনঃ

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর তৎকালীন বাকশালের অধিকাংশ নেতাই আত্মগোপনে চলে যান। জাতীয় ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও যার যার মতো প্রাণে বাঁচতে আত্মগোপন করেন।

তবে সে সময় হাতে গোনা কয়েকজন নেতা রাজধানী ঢাকায় প্রতিবাদ মিছিল বের করেছিলেন। দুর্ভাগ্যক্রমে তাদের অনেকেই এখন আর আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত নেই। ১৫ আগস্টের চারদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়েছিল। সেই মিছিলে ছিলেন বাহালুল মজনুন চুন্নু, মুকুল বোস, ইসমত কাদির গামা, মুজাহিদুল ইসলাম সেলিম, অজয় দাসগুপ্ত, মাহাবুব জামান, কাজী ফিরোজ রশীদ, গুলজার আহমেদ। এরা এখন আর আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত নেই।

বর্তমান জাতীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন, রবিউল মোক্তাদির চৌধুরীও ছিলেন সেদিনের প্রতিবাদ মিছিলে। এছাড়া তৎকালীন একজন জাতীয় সংসদ সদস্য প্রয়াত সামসুদ্দীন মোল্লা ছিলেন সেই মিছিলে।

বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে যিনি অস্ত্র হাতে রাজপথে নেমেছিলেন সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বহিস্কার হয়েছেন। কাদের সিদ্দিকীর সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া কেউ আর এখন আওয়ামী লীগের সঙ্গে নেই।

মুকুল বোস আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনে তিনি আওয়ামী লীগ থেকে ছিটকে পড়েছেন। বাহালুল মজনুন চুন্নু এখন রাজনীতি থেকে দূরে। কাজী ফিরোজ রশীদ জাতীয় পার্টির দলীয় এমপি। অজয় দাসগুপ্ত সাংবাদিকতা নিয়েই সময় কাটান। মুজাহিদুল ইসলাম সেলিম সিপিবির সভাপতি। খ ম জাঙ্গাগীর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন।

এক সময়ের সাড়া জাগানো ছাত্রনেতা বাহালুল মজনুন চুন্নু শনিবার এই প্রতিবেদককে বলেন, বাকশালের শীর্ষ কোন নেতা সেদিন সাহস করে মিছিলে নামলে সাধারণ মানুষ রাজপথে নেমে পড়ত। ইতিহাস হয়ত ভিন্নভাবে লেখা হত। সেদিনের মিছিলে অংশ নেওয়া এক নেতা জানান, শীর্ষ নেতারা ১৫ আগস্টের পর ঢাকাতেই ছিলেন। কিন্তু কেউ প্রকাশ্যে আসেননি। কেউ কেউ খুনি মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কোন নেতাকে খুঁজে পায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি