স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতের সীমান্তবর্তী সংকুচাইল সীমান্ত থেকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে ১০ বিজিবি সদস্যরা।
শনিবার (১ আগষ্ট) সন্ধ্যায় সংকুচাইল বিজিবি’র বিওপি‘র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৬৩/৫-এস হতে আনুমানিক বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে “হায়দ্রাবাদ” নামক স্থানে তাদের আটক করা হয়। রোববার (২ আগষ্ট) বিকেল সোয়া ৩ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ বিজিবি সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার স্বর্বধর্মপুর মিশনের বেলাবর গ্রামের রতন সরকার বিশ্বাসের স্ত্রী চন্দনা সরকার বিশ্বাস (৩২), রতন সরকার বিশ্বাসের ছেলে রজত সরকার বিশ্বাস (১৮) এবং সিপাহীজ্বলা জেলার কলমছড়া থানার বক্সনগরের কলসীমুড়া গ্রামের মৃত আব্দুল হাশেমের ছেলে মোঃ জমশেদ আলম (২২) ।
১০ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করলে হাবিলদার মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে একটি টহল দল তাদের আটক করে। আটককৃত ভারতীয় নাগরিকদের বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


















































