শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » পুলিশের এসআইয়ের বাসায় গৃহপরিচারিকা খুনের ঘটনা সাড়ে ৩ লক্ষ টাকায় সমঝোতা


পুলিশের এসআইয়ের বাসায় গৃহপরিচারিকা খুনের ঘটনা সাড়ে ৩ লক্ষ টাকায় সমঝোতা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৫

comilla murder-2 comilla murder-3 M2U03725_0001

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর উত্তর পাড়া গ্রামের হত দরিদ্র দিনমজুর মোয়াব আলীর শিশু কন্যা রুনা আক্তার। পেট ভরে দু’ মুঠো ভাত খাওয়ার আশায় প্রায় সাড়ে ৩ বছর আগে গ্রাম ছেড়ে নগরে পাড়ি জমিয়ে ছিল। ভাগ্য তাড়িত হয়ে রুনার স্থান হয় এক পুলিশ দম্পতির পরিবারে। পুলিশ জনগণের অতন্দ্র প্রহরী হলেও অসহায় রুনার জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ওই পুলিশ দম্পতির পরিবারই কেড়ে নিয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থানহীন অসহায় রুনার জীবন। জীবনের জন্য যোগ দেয়া কাজেই জীবন দিতে হল রুনাকে।

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের সমতট ল্যাগাসি ভবনের তৃতীয় তলার সি-থ্রি ফ্ল্যাটে পুলিশের এসআই জাহের মোল্লার (ফেনি জেলার ফুলগাজি থানায় কর্মরত) ভাড়া বাসায় রুনা আক্তার (১৭) নামের এক গৃহপরিচারিকা খুন হয়। চলতি বছরের ৬ মে ওই হত্যাকান্ড সংগঠিত হওয়ার পর ওই দিন রাতে কোতয়ালী থানার পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে এসআই জাহের মোল্লার স্ত্রী নাজনীন কবির লিপি আক্তারকে (৩৮) আটক করে। হত্যাকান্ডের তিন মাসের মধ্যেই নিহতের পরিবারকে সাড়ে ৩ লক্ষ টাকা দেয়ার শর্তে আপোষ-মিমাংসাও প্রায় চূড়ান্ত হয়। মামলার প্রধান আসামি এসআই জাহের মোল্লার স্ত্রী লিপিও জেলহাজত থেকে বের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শফি উদ্দিনও প্রধান আসামি লিপিকে নিদোর্ষ বলে আদালতে চূড়ান্ত রিপোর্ট পাঠিয়েছেন। সব মিলিয়ে হত্যাকান্ডটির ঘটনা এখন হিমাগারে যাওয়ার পথে।

চাঞ্চল্যকর এ হত্যাকান্ড নিয়ে বিস্তারিত প্রতিবেদনঃ

হত্যাকান্ড দিনের ঘটনাঃ
এসআই জাহের মোল্লা ফেনির ফুলগাজী থানায় চাকুরী করলেও তার পরিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের সমতট ল্যাগাসিতে ১৭ হাজার টাকায় ভাড়াটিয়া হিসাবে ৭ মাস হিসেবে বসবাস করে আসছিলেন। এর আগে নগরীর আশ্রাফপুর এলাকায় এই পুলিশ দম্পতি ভাড়াটিয়া হিসেবে বসবাস করেছিলেন। জাহের মোল্লার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আর গৃহকর্মীর বাড়ি একই জেলার নাসিরনগরে। ৬ মে বুধবার দুপুর দেড়টায় কুমিল্লা সদর হাসপাতালের ইর্মাজেন্সিতে রুনা আক্তারের মরদেহটি ফেলে ভুল ঠিকানা লিখে দিয়ে লাশ ফেলে পালিয়ে যায় এসআই জাহের মোল্লার স্ত্রী লিপি। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা খোজঁ-খবর নিয়ে বিকেল সাড়ে ৫ টায় খুজেঁ বের করে পুলিশের এসআইয়ের স্ত্রীর প্রকৃত বাসার ঠিকানা। সমতট ল্যাগাসির ওই ভবনের বাসায় গিয়ে পাওয়া যায় হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যাওয়া ওই মহিলাকে, যার নাম লিপি। তখন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে লিপি আক্তার জানান, গৃহ পরিচারিকা রিনা ৪ মে রাতে ভাতের মাড় ঢালতে গিয়ে তার হাতের কণুই ও হাত পুড়ে যায়। আমি তাকে লিবেক-৫০০ এমজি ট্যাবলেট এনে খাওয়াই। আমি সবসময় কাটাছেড়াই এ ট্যাবলেট খাই। তাই তাকে ডাক্তারের পরামর্শ ছাড়াই এ ট্যাবলেট খাওয়াই। গত ৪/৫ দিন ধরে সে চুপচাপ থাকত। কোন কাজও সে করতে চাইতো না। পরে আমি গতকাল তাকে ঝাড়– দিয়ে তার পিঠে দুটি আঘাত করি। এর বেশি কিছু করিনি। আজ বাচ্ছাদের স্কুলে দিয়ে দুপুরে বাসায় এসে দেখি সে রান্নাঘরে পড়ে আছে। পরে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে ভুল ঠিকানা বলার কারণ হিসেবে তিনি জানান, আমি ভয়ে ভুল বলেছি। পরে রাত সাড়ে ৭ টায় পুলিশ লিপিকে আটক করে থানায় নিয়ে যায়।

পুরো শরীরে ছিল আঘাতের চিহ্নঃ
নিহত রুনা আক্তারের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। হাতের আঙ্গুলে ক্ষত চিহ্ন রয়েছে। নখগুলো থেতলানো। বাম হাতের তর্জনী আঙ্গুলের নখ উপড়ে ফেলানো। কাধে বড় বড় ক্ষত চিহ্ন। পিঠের একাংশ গরম পানিতে পোড়ানো চিহ্নসহ হাত মুখসহ গোটা শরীর আঘাতে জর্জরিত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভবনের একজন জানান, পুলিশ অফিসারে ওই বাসায় প্রায়ই গৃহপরিচারিকাকে প্রায় নির্যাতন করা হত। তার শোর চিৎকার প্রায়ই শোনা যেত। পুলিশ অফিসারে বাসা বলে কেউ বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি।

প্রকৃত ঘটনা আড়াল করে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনঃ
কোতয়ালী এসআই শফি উদ্দিন চূড়ান্ত রিপোর্টে উল্লেখ করেছেন, গৃহ পরিচারিকা রুনা আক্তার কিছুটা রোগা প্রকৃতির ও শারিরীকভাবে দুর্বল ছিল। বিভিন্ন সময় হোচট খাইয়া পড়ে ব্যথা পাইতো। চূড়ান্ত রিপোর্টের সাথে প্রকৃত ঘটনার কোন মিল নেই। সমতট ল্যাগাসির বিভিন্ন ভাড়াটিয়া ও স্থানীয় সূত্র জানায়, গৃহপরিচারিকা শারিরীকভাবে দুর্বল প্রকৃতির ছিল না। শারিরীকভাবে সুস্থ-সবল ছিল। সে টানা তিন বছর পুলিশের এসআই জাহের মোল্লার বাসায় কাজ করেছে। এই সাড়ে ৩ বছরে সে একবারও ছুটি পায়নি। সে বাড়িতেও ওই সময়ে যেতে পারেনি। বাড়ি থেকে কেউ নিতে আসলে বলা হত, এখন কাজ করুক পরে যাবে। সে যদি রোগা প্রকৃতির হত তাহলে কেন তাকে সাড়ে ৩ বছর কাজে রাখা হল ?

পুলিশের রিপোর্টে বলা হয়েছে, বিবাদী নাজনীন কবির লিপি যথাটুকু সম্ভব গৃহপরিচারিকাকে আদর যতœ করত। বাস্তবে গৃহপরিচারিকাকে আদরযতœ দূরে থাক, প্রায় সময় তাকে শারিরীক নির্যাতন করত বিবাদী লিপি । পাশের ফ্লাটের লোকজন জানায়, আমরা প্রায় সময় গৃহপরিচারিকাকে মারধরের শব্দ, চিৎকার শুনতে পেয়েছি। হত্যার দিন লিপি সাংবাদিকদের কাছে মারধরে কথা স্বীকার করে বলেন, মারা যাওয়ার ৪/৫ দিন আগে থেকে সে চুপচাপ থাকত। কোন কাজও সে করতে চাইতো না। পরে আমি গতকাল ৫ মে তাকে ঝাড়– দিয়ে তার পিঠে দুটি আঘাত করি।
তদন্তকারি কর্মকর্তা তার রিপোর্টে জানান, ঘটনার কয়েকদিন পূর্বে গৃহ পরিচারিকা রুনা আক্তার বাসার সিড়ি দিয়ে নিচে নামার সময় হোচট খেয়ে পড়ে বুকে, কাঁধে ও হাতে জখমপ্রাপ্ত হয় এবং আঙ্গুলের নখ উল্টাইয়া যায় । তখন বিবাদী নাজনীন কবির লিপি স্থানীয় ডাক্তারের পরামর্শে বিভিন্ন ঔষুধ এনে খাওয়ায়। কিন্তু হত্যাকান্ডের দিন লিপি সাংবাদিকদের জানান, গৃহ পরিচারিকা রিনা ৪ মে রাতে ভাতের মাড় ঢালতে গিয়ে হাতের কণুই ও হাত পুড়ে যায়। আমি তাকে লিবেক-৫০০ এমজি ট্যাবলেট এনে দেই। আমি সবসময় কাটাছিড়াই এ ট্যাবলেট খাই। তাই তাকে ডাক্তারের পরামর্শ ছাড়াই এ ট্যাবলেট খাওয়াই।
তদন্তকারি কর্মকর্তা তার রিপোর্টে জানান, ঘটনার ২ দিন আগে ৪ মে বিবাদীর বাড়িতে কয়েকজন মেহমান আসে। বেসিনে গৃহপরিচারিকা ভাতের মাড় গালার সময় অসাবধানতার কারণে হাত ফসকে ভাতের মাড় শরীরের বিভিন্ন অংশে পড়ে ঝলসাইয়া জখমপ্রাপ্ত হয়। বিবাদী দোকান/ফার্মেসী হতে মলম এনে গৃহপরিচারিকার শরীরে মালিশ করে দেয়। কিন্তু লিপি ঘটনার দিন বলেছিলেন, ভাতের মাড় ঢালতে গিয়ে হাতের কণুই ও হাত পুড়ে যায়। এখানে তদন্তকারি কর্মকর্তার রিপোর্টের সাথে লিপির বক্তব্যের কোন মিল নেই।

besin

এছাড়া মেয়েটির উচ্চতা অনুযায়ী বেসিনের উচ্চতা মেয়েটির চেয়ে অর্ধেক। যদি ভাতের মাড় মেয়েটি ফেলত, তাহলে হাতে ও পায়ে পড়ত। কাধেঁ, গলায়, পিঠে পড়ার সম্ভবনা থাকত না। আর কেউ যদি ঢেলে দেয় তাহলে কাধেঁ ও পিঠে পড়ার কথা। মেয়েটির পুরো শরীরের আঘাতের দাগ ছিল। মেয়েটির গলায়, মুখেও আঘাতের চিহৃ ছিল ।
চূড়ান্ত রিপোর্টে বলা হয়েছে, ঘটনার দিন বেলা ১২ টায় বিবাদী ভিকটিমকে বাসায় রেখে বাচ্চাদের নিয়ে স্কুলে যায়। দুপুর ১ টায় বাসায় ফিরে দেখে ভিকটিম অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। বিবাদী তৎক্ষনাৎ গৃহপরিচারিকাকে নিয়ে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কিন্তু হত্যার দিন লিপি সাংবাদিকদের বলেছিলেন, নিহত রুনা আক্তার রান্নাঘরে পড়েছিল। লিপির স্বামী জাহের মোল্লা মুঠোফোনে বলেছিলেন, আমি শুনেছি মেয়েটি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যায় আমার স্ত্রী।
জানা যায়, পুলিশের স্ত্রী লিপি একটি অটোরিক্সাতে করে গৃহপরিচারিকাকে সদর হাসপাতালে নিয়ে ঠিকানায় বাড়ি হিসেবে নগরীর টমছমব্রিজ এলাকা উল্লেখ করে ইর্মাজেন্সিতে লাশটি ফেলে পালিয়ে চলে যায়। বিকালে স্থানীয়রা খোজঁ করে লিপি আক্তারের পরিচয় পায়। প্রকৃতপক্ষে তার বাড়ির ঠিকানা ছিল (ভাড়াটিয়া হিসেবে) কান্দিরপাড়ের জিলা স্কুলের অপর পার্শ্বে সমতট ল্যাগাসি বহুতল ভবনের তৃতীয় তলার ( সি-থ্রি) ফ্লাটে ।

তদন্ত রিপোর্টে আরো বলা হয়েছে, বাদী মেয়ের শরীরের বিভিন্ন জখম দেখে এবং স্থানীয় মুখে শুনে ভুল তথ্যের ভিত্তিতে এ মামলা দায়ের করেছে, যাহার কোন ভিত্তি নাই। ময়না তদন্তকারি প্রভাষক ডাঃ ওমর ফারুক (কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ) ময়নাতদন্ত রিপোর্টে পুলিশের তদন্তের কথা বলেছেন।

কুমিল্লা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সালাউদ্দিন মাহমুদ জানান, ওই মহিলা মৃত মেয়েটিকে নিয়ে ইর্মাজেন্সিতে আসে। আমরা পরীক্ষা করে দেখি সে মৃত। এই সুযোগে মহিলাটি পালিয়ে যায়। মৃত মেয়েটির পুরো শরীরে গরম পানিতে পুড়ে যাওয়া, আঘাতের চিহৃ রয়েছে । নিঃসন্দেহে এটি একটি হত্যাকান্ড।
কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান জানান, একজন মহিলা মেয়েটির লাশ ইমারজেন্সিতে ফেলে চলে যায়। তিনি ইমারজেন্সিতে মেয়েটি আনার পর তার ঠিকানায় বাড়ি হিসেবে নগরীর টমছমব্রিজ এলাকা উল্লেখ করেন।

পুলিশের রিপোর্টে বলা হয়েছিল, গৃহপরিচারিকা রুনা আক্তার বিবাদীর বাসা হতে সিড়ি দিয়ে নিচে নামার সময় হোচট খেয়ে সিড়িতে পড়ে ব্যথা পায়।

lipi

কিন্তু লিপি ঘটনার দিন দ্বিতীয় দফায় সাংবাদিকদের বলেছিলেন, ‘গত পরশুদিন রিনার শরীরে ভাতের মাড় পরার পর সে ট্যাবলেট খেয়ে সুস্থ ছিল। গতকাল মাঝরাতে সে ঘুমের মধ্যে চিৎকার করে উঠে পুরো ঘর দৌড়াতে থাকে। সে আমাকে বলে , কে যেন তাকে মেরে ফেলছে (জ্বীন-ভূতের দিকে ইঙ্গিত)। সে কয়েকবার পড়ে যায়। তখন সে আঘাত পায়। আজ দুপুরে বাড়িতে ফিরে এসে দেখি সে রান্নাঘরে পড়ে আছে’ । এখানে তদন্তকারি কর্মকর্তা ও লিপির বক্তব্যে প্রকৃত ঘটনার কোন মিল পাওয়া যায়নি।
চূড়ান্ত রিপোর্ট সর্ম্পকে তদন্তকারি কর্মকর্তার বক্তব্যঃ
ফাইনাল রিপোর্ট দিয়েছেন কিনা , আর দিলে পুলিশের তদন্ত রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে এ বিষয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শফি উদ্দিন জানান, আমি এসব জানি না । আদালতে খবর নেন । পুলিশের এসআইয়ের স্ত্রী জামিনে জেলহাজত থেকে বের হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, তাও আমি জানি না।
সাড়ে ৩ লক্ষ টাকায় হত্যাকান্ডটি নিষ্পত্তি হয়েছে কি না ? এ বিষয়ে জানতে চাইলে এসআই শফি উদ্দিন জানান, বাদি-বিবাদী এ বিষয়ে আপোষ করছে কি না জানি না। সব বিষয়েই এসআই শফি উদ্দিন না বোধক উত্তর দিয়ে এড়িয়ে যান।

ফরেনসিক রিপোর্টঃ
ঈদের কয়েকদিন আগে নিহত পরিচারিকা রুনা আক্তারের ময়নাতদন্তের রিপোর্ট আদালতে পাঠিয়েছে কুমিল্লা ফরেনসিক মেডিসিন বিভাগ। কুমিল্লা ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক ডাঃ কামদা প্রসাদ সাহা জানান, নিহতের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহৃ রয়েছে । তার গলায়, কাঁধে ও হাতে আঘাতের দাগ রয়েছে। তার হাতের আঙ্গুলের নখ উঠানো ছিল , তা হয়ত গরম পানির ছ্যাকার ফলে হয়েছে। সর্বোপরি শরীরের বিভিন্ন অংশে আঘাতের ফলেই তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তকারি প্রভাষক ডাঃ ওমর ফারুক (কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ) মৃত্যুর কারণ উল্লেখ্য করে পুলিশের তদন্তের কথা বলেছেন।

comilla murder-1

৩ বছরে একবারও বাড়িতে যেতে পারেনি নিহত রুনাঃ
ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর উত্তরপাড়া গ্রামে নিহতের বাড়ি সম্প্রতি সরেজমিনে গিয়ে বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা যায় , নিহত রুনার বাবা মোয়াব আলী দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রী মারা গেছেন। আর রুনা প্রথম স্ত্রীর সন্তান। তিন বছরে একবারও বাড়ি যেতে পারেনি গৃহপরিচারিকা রুনা আক্তার। দুয়েকবার টাকা পাঠিয়েছিল। তাকে প্রায় নির্যাতন করত বলে আমরা শুনেছি। তবে রুনার বাবা ২/৩ মাস পরপর তাকে কুমিল্লায় এসে দেখে যেতেন। নিহত রুনা আক্তারের এক আতœীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি প্রায় মিটমাট হয়ে গেছে। কিছু টাকা-পয়সা আমাদের দিবে বলেছে ওই পুলিশের পরিবার। আমাদের নিষেধ করা হয়েছে যাতে কোন পত্রিকা বা টিভির লোকদের সাথে কথা না বলি। বাড়িতে গিয়ে নিহতের পিতাকে পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসি জানায়, এই পরিবারের কুমিল্লা যাওয়ার অর্থই নেই, আর মামলা চালাবে কিভাবে। তাছাড়া পুলিশের পরিবার বলে কথা । আর্থিক অনটন ও ভয়ে বাদির পরিবার আপোষের পথ বেছে নিয়েছে।

সাড়ে ৩ লক্ষ টাকায় সমঝোতা ঃ
আদালতে মামলাটি বিচারাধীন। মামলার তদন্তকারি কর্মকর্তা (এসআই) শফিউদ্দিনও বিবাদিকে নির্দোষ দাবি করে মামলার চূড়ান্ত রিপোর্ট আদালতে পাঠিয়েছে। আর দু পক্ষে আপোষ-মিমাংসার বিষয়টি প্রায় শেষ বলে জানা গেছে। সাড়ে ৩ লক্ষ টাকা নিহতের পরিবারকে দেয়ার শর্তে নিহতের পরিবার আপোষ করতে রাজি হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
নিহত গৃহপরিচারিকা রুনা আক্তারের পিতা মোয়াব আলী মুঠোফোনে জানান, হরিপুর উত্তরপাড়া গ্রামের স্থানীয় জামাল মেম্বারের উপস্থিতিতে বিবাদীর সাথে আপোষ-মিমাংসা হয়েছে। সব টাকা এখনো হাতে পাইনি। আপোষের বিষয়ে মেম্বার জামাল মুঠোফোনে জানান, কিছু টাকার বিনিময়ে আপোষ মিমাংসা হয়েছে। বাদি পক্ষ আর মামলা চালাবে না। এর বেশি কিছু বলতে পারব না।

বিভিন্ন স্তরের মানুষের প্রতিক্রিয়াঃ
কান্দিরপাড় এলাকার বাসিন্দা মহানগর যুবলীগ নেতা হাবিবুর সাদি বলেন, পাশের ফ্লাটের লোকজনও বলেছে কাজের মেয়েটিকে পুলিশের স্ত্রী প্রায় সময় শারিরীক নির্যাতন করত। আমরা যতটুকু জানি নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে। আমরা এ হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

নারী দিপীতা’র নির্বাহী পরিচালক কুমিল্লার বিশিষ্ট নারী নেত্রী এড. ফাহমিদা জেবিন জানান, নিহতের পরিবারকে টাকা দিয়ে বিষয়টি আপোষ-মিমাংসা হয়ে গেছে শুনেছি। এ ঘটনায় আমি খুই মর্মাহত হয়েছি। এভাবে যদি টাকার কাছে সব তদন্ত, বিচার সবাই হেরে যায়, তাহলে চলবে কি করে ? আমি চেয়েছিলাম কুমিল্লার অন্যান্য নারী নেত্রীদের নিয়ে এ হত্যাকান্ডের বিচার চেয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে । কিন্তু অন্যরা সহযোগিতা না করায় আমি তা পারিনি। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি