বিনোদন ডেস্কঃ
অজয় দেবগন অভিনীত নতুন সিনেমা ‘দৃশ্যাম’ মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে নিয়েছে অর্ধ শত কোটি রুপির কাছাকাছি। নিশিকান্ত কামাট পরিচালিত সিনেমার আয় প্রথম সপ্তাহ শেষে দাড়িয়েছে ৪৬ কোটি ২৮ লাখ রুপি।
জুলাইয়ের ৩১ তারিখে মুক্তি পাওয়া সিনেমাটি একই নামের একটি মালায়লাম সিনেমার রিমেইক। মুক্তির প্রথম তিন দিনেই বক্স অফিস থেকে ত্রিশ কোটি রুপি আয় করে শিরোনামে এসেছিল সিনেমাটি।
সপ্তাহের পরের দিনগুলোতে ৪ কোটি, সাড়ে চার কোটি, ৪ কোটি দশ লাখ এবং ৩ কোটি ৬০ লাখ রুপির ব্যবসা করে সপ্তাহান্তে ৪৬ কোটি রুপির বেশি সংগ্রহ দাঁড় করায় সিনেমাটি।
সালমান খানের ব্লকবাস্টার হিট ‘বাজরাঙ্গি ভাইজান’-এর দাপট সত্বেও মাঝারি বাজেটের এই সিনেমাটি চিত্রনাট্য ও অভিনয়ের জোরে বক্স-অফিসে জায়গা করে নিতে পারছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই সিনেমার মাধ্যমে ১৮ বছর পর আবার একসঙ্গে পর্দায় দেখা গেছে অজয় দেবগন ও টাবুকে। সিনেমায় আরও অভিনয় করেছেন শ্রিয়া শারান।


























































