ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার পীর ফতেহাবাদ ইসলামিয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ইয়াসমিন হত্যার ৭ দিনের মধ্যে জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন, নিহত ইয়াসমিনের চাচাতো ভাই সম্পর্কিত প্রেমিক মোঃ আলী হামজা (২৬) ও ভাবি জামিনা বেগম (আপন ভাই লেবানন প্রবাসী মোকবুলের স্ত্রী) ।
বৃহস্পতিবার ( ৬ আগষ্ট) রাতে সিলেটের গোয়াইনঘাট থানার পাহাড়িয়া এলাকার একটি বাড়ী থেকে প্রেমিক মোঃ আলী হামজাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (৭ আগষ্ট) রাতে নিহত ইয়াসমিনের বাড়ি থেকে ভাবি জামিনা বেগমকে গ্রেফতার করা হয়। শনিবার (৮ আগষ্ট) বিকেল সাড়ে ৩ টায় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, চলতি বছরের ৩১ জুলাই উপজেলার পূর্ব ফতেহাবাদ গ্রামে নিজ বাড়িতে দিবাগত রাতে খুন হয় মাদ্রাসা ছাত্রী ইয়াসমিন আক্তার(১৪) । আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে সে রাতের খাওয়া দাওয়া করে মা মিলন বেগমের সাথে বিছানায় ঘুমাতে যায়। রাতে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে আর ঘরে ফিরেনি সে। ঘরে না ফেরায় রাতে ভিকটিমের মা ও ভাই আল আমিন বাড়ীর বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে ঘুমিয়ে পড়ে।
পরদিন বেলা ১১ টার দিকে বাড়ির পুকুর পাড়ের দক্ষিন-পূর্ব কোনের নিঁচু জলাভূমিতে তার লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে ইয়াসমিনের ভাই আল আমিন(২৫) বাদি হয়ে আলী হামজা(২৬) কে প্রধান আসামি করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ভিকটিম ও সন্দেহভাজনদের মোবাইল কল রেকর্ড এর ভিত্তিতে গত ৩ দিনের টানা শ্বাসরুদ্ধকর অভিযানে প্রথমে গ্রেপ্তার করা হয় হত্যাকান্ডের প্রধান মোঃ আলী হামজাকে। তারপর আলী হামজার স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে নিহত ইয়াসমিনের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় ভিকটিমের ভাবি জামিনা বেগমকে।
গ্রেপ্তারের পর আলী হামজা অকপটে পুলিশের জিজ্ঞাসাবাদে ভাবী জামিনা বেগম এবং প্রেমিকা ইয়াসমিনের সাথে তার অবৈধ শারিরীক সম্পর্ক, ভিকটিমের গর্ভবতী হয়ে পড়া এবং অতঃপর গর্ভধারনের বিষয়টি জানাজানি হয়ে পড়ার ভয়ে ভিকটিমের বিয়ের চাপ থেকে বাঁচার জন্য ভাবীর সহায়তায় ভিকটিমকে ভাবীর ঘরে ডেকে এনে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়িত্ব স্বীকার করে জবানবন্দি দেয়।
হত্যাকান্ডে নিজের জড়িত থাকার বিষয়টি প্রথমে পুরোপুরি অস্বীকার করে আসলেও পুলিশের জেরা ও আলী হামজার মুখোমুখি করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মুখ খুলতে বাধ্য হয় ভাবী জামিনা বেগম । ইয়াসমিনকে নিজ ঘরে পা চেপে ধরে রেখে হত্যাকান্ডে এবং পরে লাশ গোপনের উদ্দেশ্যে বাড়ির পাশে বাঁশ ঝাড়ের কোনায় জলাভূমিতে লাশ ফেলে দিতে আলীকে সহায়তার পুরো ঘটনা খুলে বলে পুলিশকে।
ওসি মোঃ মিজানুর রহমান আরো জানান, ময়না তদন্তকালে ভিকটিমের পেটে আনুমানিক ৪/৫ মাস বয়সী ভ্রুনের অস্তিত্ব পাওয়া গেলে ঘটনাটি এলাকায় চাঞ্চলের সৃষ্টি করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারনা করে প্রেমিক কর্তৃক গর্ভবতী হয়ে পড়ায় এবং বিয়ের জন্য চাপ সৃষ্টি করায় কাল হয়েছিল ইয়াসমিনের জন্য। পরে পুলিশের ধারনাই সঠিক প্রমানিত হয়।
তিনি বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি তদন্তে উপ-পরিদর্শক (এস.আই) মোরশেদুল আলম ভূইয়া ও এস.আই নুরুল ইসলাম মজুমদারদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। টানা ৩ দিনের এক শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সফলতার মুখ দেখেন তারা। একটি ক্লুলেস হত্যার ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হয় দেবিদ্বার থানা পুলিশ। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে ভাবী জামিনা বেগমের বেপরোয়া জীবন যাপন ও শারীরিক চাহিদা নিবারনের জন্য হন্য হয়ে সঙ্গী খুঁজতে গিয়ে তার বিছানো জালে আলী হামজা এভাবেই ধরা পড়ে এবং পরে ভয়ঙ্কর খুনীতে পরিণত হয়। আর এ জঘন্য কাজে সহায়তা করে ৪ বছর বয়সী এক কন্যা সন্তানের জননী ভাবী জামিনা বেগম।


















































