শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে শিশু গুলিবিদ্ধের ঘটনায় ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৫

SnapShot(37)

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা নগরীর শুভপুর এলাকার পুলের মাথায় দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় হৃদয় (৪) নামের এক শিশু । এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জন যুবককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

সোমবার ( ১৭ আগষ্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর শুভপুর ও নবশুতপাড়ায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়।

আটক হওয়া যুবকরা হলেন, নগরীর চান্দপুর এলাকার মোঃ মিজানের ছেলে মোঃ নাসির (১৮) ও শুভপুর নবশুতপাড়া গ্রামের মৃত সুভাস কুমারের ছেলে পিন্টু কুমার দাস (২২) । পিন্টু কুমার দাস প্রধান আসামি নাজিমের অন্যতম সহযোগি ।

comilla- baby-2

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, কোতয়ালী থানার সেকেন্ড অফিসার সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল রোববার থেকে আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান  চালিয়ে আসছে। সোমবার দুপুরে নবশুতপাড়া এলাকা থেকে মোঃ নাসিরকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে শুভপুর এলাকা থেকে পিন্টু কুমার দাসকে গ্রেফতার করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, প্রধান আসামি নাজিমসহ অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, রোববার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে শুভপুর এলাকায় সন্ত্রাসীদের বন্ধুক যুদ্ধে স্থানীয় রিকসা চালক আরিফ মিয়ার ছেলে হৃদয় (৪) গুলিবিদ্ধ হয়। পরে আহত শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সন্ত্রাসীদের বুলেট প্রথমে একটি পাথরের গায়ে লেগে শিশুটির পেটের চামড়া ভেদ করে হাতে গিয়ে বিদ্ধ হয়। এ ঘটনায় রোববার (১৬ আগষ্ট) শিশুটির পিতা আরিফ মিয়া বাদি হয়ে নাজিমকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, শুভপুর এলাকার নাজিম ও পিন্টুকে আমরা অস্ত্রসহ গ্রেফতার করেছিলাম। নাজিম এক মাস আগে ও পিন্টু ১৫ দিন আগে জামিনে জেলহাজত থেকে বের হয়। তাদের গ্রেফতার করিয়ে দেওয়ার পেছনে স্থানীয় আনোয়ার নামের এক যুবকের হাত রয়েছে বলে তাদের সন্দেহ হয়। রোববার সকালে তারা আনোয়ারকে রাস্তায় পেয়ে ধাওয়া করে। আনোয়ার দৌড়ে গিয়ে আরিফ মিয়ার বাড়িতে ঢুকে গেইট লাগিয়ে দেয়। ওই সময় নাজিম গেইটের নিচের ফাঁক দিয়ে গুলি ছোড়ে । ওই গুলি একটি পাথরে লেগে শিশুটির শরীরে গিয়ে বিদ্ধ হয়।
তবে স্থানীয় সূত্রমতে, ওই সময় রাস্তায় আরো কয়েক রাউন্ড গুলিবষর্ণের ঘটনা ঘটে। তখন হাসিবসহ আরো দুয়েকজন আহত হয়। পরে হাসিব কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত পালিয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি