ডেস্ক রিপোর্টঃ
১৫ আগস্ট শোক দিবস পালনের জন্য চাঁদা দিতে হবে— এমন ‘আবদার’ নিয়ে কচুয়া উপজেলার ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কাছে যায় যুবলীগের কয়েকজন কর্মী। সেই ‘আবদার’ না রাখায় এক শিক্ষককে লাঞ্ছিত করে তারা। এ ঘটনার প্রতিবাদে গতকাল ওই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা মিছিল বের করতেই তাদের ওপর হামলা চালায় যুবলীগের ‘চাঁদাবঞ্চিত’ সেই কর্মীরা। এতে আহত হয়েছে কমপক্ষে ৫০ শিশু শিক্ষার্থী। এর মধ্যে ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন মেয়ে ও ৭ জন ছেলে। আহত অন্য শিক্ষার্থীরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছে।
গত ৬ আগস্ট জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, জাতীয় শোক দিবসের নামে কেউ চাঁদাবাজি করলে এবং এ বিষয়ে অভিযোগ পেলে তাত্ক্ষণিক আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে সহযোগী সংগঠনগুলোকে নির্দেশও দেন তিনি। দলের পক্ষে কঠোর এই হুঁশিয়ারির পরেও ঘটেছে এমন ঘটনা।
ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার জানান, স্থানীয় যুবলীগ কর্মী ফারুক, লিটন ও মনিরসহ একদল যুবক গত শুক্রবার রাতে বিদ্যালয়ে এসে ১৫ আগস্টের অনুষ্ঠান করার জন্য ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয়ায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমানকে তারা লাঞ্ছিত করেন। ওই ঘটনার প্রতিবাদে গতকাল শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ জানিয়ে মিছিল করছিল। এ সময় যুবলীগ কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক বিজয় দত্ত বলেন, আহত শিক্ষার্থীদের মধ্যে ২০ জনকে ভর্তি রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম খলিল বলেছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
এ ব্যাপারে কচুয়া যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা যুবলীগ কর্মী নয়, তারা সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে বলেছি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী বলেন, যারা চাঁদাবাজ; সন্ত্রাসী তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মী নয়। আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী, শিক্ষার্থী ও তাদের অভিভাবক হামলাকারী ফারুক, মনির ও লিটনের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি ঘর ভাঙচুর করে। তবে এসময় এরা বা এদের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
এর আগে শোক দিবসের অনুষ্ঠান পালন নিয়ে কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। কুষ্টিয়ায় সবুজ (২৩) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শিবগঞ্জ পৌর এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিউল ইসলাম (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।
























































