শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমেক হাসপাতালে ছাত্রলীগ নেতার সাথে বাকবিতন্ডার জের ধরে রোগীর ছেলেদের গণপিটুণী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০১৫

1423207784_th

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইর্ন্টাণি ডাক্তার ও শিক্ষার্থীদের সাথে এক ছাত্রলীগ নেতার কথা কাটাকাটির জের ধরে রোগীর দুই ছেলেকে গণ পিটুণী দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোগীর দুই ছেলে আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রোগীর বড় ছেলে জামিল উদ্দিন পলাশকে (৩২) আটক করে নিয়ে গেছে।

সোমবার ( ১৭ আগষ্ট) রাত ৮ টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাত সোয়া ১১ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতরা হলেন, নগরীর ঢুলীপাড়া এলাকার বাসিন্দা জামিল উদ্দিন পলাশ (৩২) ও পিয়াস (৩০) । তারা কুমেক হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন তাহমিনা বেগমের (৬২) ছেলে।

কুমেক হাসপাতালের রেজিষ্টার ডাঃ অনুপম পাল জানান, মেডিসিন ওয়ার্ডে রাতে কুমেকের শিক্ষার্থীদের ক্লাস চলছিল। রোগির ছেলেদের বন্ধু ছাত্রলীগ নেতা রুমি ক্লাসের মধ্য দিয়ে যাওয়ার সময় এক শিক্ষার্থীকে কটুক্তি করে। এ নিয়ে রুমির সাথে শিক্ষার্থীদের তর্কাতর্কি হয়। রুমিসহ আরো কয়েকজন আমাদের শিক্ষার্থী ও ইর্ন্টাণি ডাক্তারদের ধাক্কা দেয়। পরে রুমিসহ অন্যান্যরা চলে যায়।

তবে স্থানীয় সূত্র জানায়, রোগীর ছেলেদের সাথে রুমিও রোগীকে দেখতে আসে। রোগীর অবস্থা সংকটাপন্ন । রুমি রোগীর অবস্থা খারাপ দেখে ইর্ন্টাণি ডাক্তারকে রোগীকে একবার দেখে আসার জন্য অনুরোধ করে। তখন শিক্ষার্থী ও ইন্টার্ণি ডাক্তারদের সাথে ছাত্রলীগ নেতা রুমির তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আলমগীর হোসেন এসে দুপক্ষের মধ্যে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন। এক পর্যায়ে রুমি হাসপাতাল থেকে চলে যান। এর পরে রাত ১০ টার দিকে ৯ নং ওয়ার্ডের ৭ নম্বর বেডে রোগী তাহমিনা বেগমকে বসিয়ে উনার বড় ছেলে জামিল খাবার খাওয়ানোর সময় ইর্ন্টাণি ডাক্তার নেতা বাছির ও আশিকের নেতৃত্বে ইর্ন্টাণি ডাক্তার ও শিক্ষার্থীরা ওয়ার্ডে ঢুকে জামিলের চুলে ও শার্টের কলারে ধরে মারধর করতে করতে বাইরে নিয়ে যায় । আর রোগী তাহমিনা বেগম বেডে পড়ে যায়। তখন রোগীর হাতের স্যালাইনের ক্যানেল ছিড়ে রক্ত বের হতে থাকে। ওই দিকে বড় ভাইকে মারধর করছে দেখে ছোট ভাই পিয়াস এগিয়ে আসলে তাকে বেধম মারধর করে ইর্ন্টাণি ডাক্তার ও শিক্ষার্থীরা । রোগীর দুই ছেলেকে গণ পিটুণী দেয় প্রায় শতাধিক ইর্ন্টাণি ডাক্তার ও শিক্ষার্থী। এ সময় অন্যান্য চিকিৎসাধীন রোগীরা ভয়ে চিৎকার করতে থাকে।

এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আলমগীর হোসেনের সাথে ইর্ন্টাণি ডাক্তার ও শিক্ষার্থীদের সাথে বসে পরিস্থিতি শান্ত করেন। এবং রোগীর বড় ছেলে জামিল উদ্দিন পলাশকে আটক করে নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে পুলিশ আটক পলাশকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।

এদিকে মঙ্গলবার সকালে রোগী তাহমিনা বেগমকে হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় প্রেরণ করার চেষ্টা করে। কিন্তু রোগীর পরিবার আর্থিক দিক থেকে সবল না হওয়ায় পরিবারের অনুরোধে রোগীকে হাসপাতালে রাখে কুমেক হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে রোগীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। রোগীর পরিবারের সূত্রমতে, মঙ্গলবার রোগীকে এসে ডাক্তাররা দেখে গেছে।

রোগীর আতœীয়-স্বজন সূত্রে জানা যায়, রাতে পুলিশ যাওয়ার পর রোগীর ছোট ছেলে পিয়াসের কাছ থেকে রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ইর্ন্টাণি ডাক্তাররা একটি স্বাক্ষর রেখে দেয়।

এ বিষয়ে কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আলমগীর হোসেন জানান, তুচ্ছ বিষয় নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল । কিছুক্ষণ পরে আবার মিটমাট হয়ে গেছে।

চকবাজার পুলিশ ফাড়িঁর টিএসআই তাজুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোগীর এক ছেলেকে রাতে আটক করে থানায় নেয়া হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি