ডেস্ক রিপোর্টঃ
খাদ্যমন্ত্রীর কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থিত হয়ে খাদ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে অতিথি হওয়ার অনুরোধ জানাতে গেলে তাকে এ কথা জানান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট বিভাগের একটি সূত্র থেকে জানা গেছে এ তথ্য।
সূত্র জানায়, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে পোস্তগোলায় নতুন স্থাপিত খাদ্য অধিদপ্তরের আটা ময়দার মিল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সারসংক্ষেপটি বেশ কয়েক দিনেও অনুমোদন না হওয়ায় খাদ্যমন্ত্রী এদিন ব্যক্তিগতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তরে গিয়ে দেখা করে প্রধানমন্ত্রীর কাছে সময়ের আবেদন করেন। এসময় খাদ্যমন্ত্রীর বিষয়টি জেনেই ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে পচা ও খাওয়ার অযোগ্য গম আমদানি করে আমাকে ও আমার সরকারকে হেয় করেছেন। পচা গম আমদানির কারণে সৃষ্ট কেলেঙ্কারির কারণে সরকারের অনেক সাফল্যও ম্লান হয়ে গেছে। তাই আপনাদের কোনো অনুষ্ঠানে এই মূহুর্তে আমি যেতে পারছিনা।
সরাসরি প্রধানমন্ত্রীর এমন সমালোচনায় মন খারাপ করে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চলে যান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

























































