বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সংসদ নির্বাচন আদায়ে কূটনৈতিক মিশনে নামছেন খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৫

khaledazia_dainikdhakareport_10107

ডেস্ক রিপোর্টঃ

একটি গ্রহণযোগ্য নতুন জাতীয় সংসদ নির্বাচন আদায়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ে নিজেই কূটনৈতিক মিশনে নামছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এছাড়াও দল পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও লন্ডনে তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন। দল পুনর্গঠনে তার মতামত বেশ কয়েক বছর ধরেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইতিমধ্যে লন্ডন সফরের জন্য খালেদা জিয়া ভিসা নিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তিনি লন্ডন যাবেন। লন্ডন যেতে ভিসার আবেদনপত্র জমা দেয়াসহ সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেন বিএনপি চেয়ারপার্সন। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ তার সফরসঙ্গী ৪ জনের ভিসাও দিয়েছে।

সূত্র জানায়, লন্ডন সফরে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দল পুনর্গঠনসহ সার্বিক রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে আলোচনা করবেন। ৬ মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। জানা গেছে, খালেদা জিয়া লন্ডনে পৌঁছলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে যাবেন।

২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এটি হবে লন্ডনে দ্বিতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার আগে বড় ছেলে তারেককে দেখতে লন্ডনে গিয়েছিলেন।

বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, মূলত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সপ্তাহ দুইয়ের জন্য লন্ডন সফরে যাবেন। লন্ডনে তিনি তার চোখের ডাক্তার দেখাবেন। সেখানে তার (খালেদা জিয়া) বড় ছেলে, বউ এবং নাতনিও রয়েছেন। তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। তারেক রহমান আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। তার সঙ্গে রাজনৈতিক আলোচনা হওয়াটাও স্বাভাবিক।

লন্ডন সফরে ব্রিটেনের রাজনৈতিক নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হওয়ার প্রসঙ্গ তুলে বিএনপির প্রভাবশালী এক নেতা বলেন, লন্ডন সফরে ব্রিটেন সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও বিএনপি চেয়ারপার্সনের বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে মূলত খালেদা জিয়া বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে ৫ জানুয়ারির একতরফা নির্বাচন, বিরোধীদলীয় নেতাকর্মীদের নির্যাতন, হয়রানি, মানবাধিকার পরিস্থিতিসহ নতুন নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন।

এদিকে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নতুন নির্বাচন আদায়সহ রাজনৈতিক স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে ভারত সরকারের সহায়তা অর্জন করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আবারো ভারত সফরে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন।

একটি সূত্র জানায়, চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে ভারত সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন।

একটি সূত্র জানায়, বিএনপি মনে করে ভারতে কংগ্রেসের পরিবর্তে নরেন্দ্র মোদির বিজেপির সরকার ক্ষমতায় এলেও বাংলাদেশের বিষয়ে তাদের মনোভাবের খুব একটা পরিবর্তন হয়নি। ৫ জানুয়ারি নির্বাচনের পরপর নরেন্দ্র মোদির ঢাকা সফরের মাধ্যমে তা প্রতিফলিত হয়েছে। তাই ভারতের বিজেপি সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক উন্নয়নের কথাই ভাবছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। ঢাকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। ওই সময় দুই নেতার মধ্যে একান্তেও কথা হয়। মোদির সঙ্গে বৈঠকে খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারত সরকারের সহযোগিতায়ও চেয়েছেন।

জানা গেছে, ওই বৈঠকেই খালেদা জিয়াকে ভারত সফরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। এর ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপার্সন বিজেপির সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত যাবেন। গত জাতীয় সংসদ নির্বাচনের আগেও ২০১২ সালে খালেদা জিয়া ভারত সফরে যান। বিরোধীদলীয় নেতা হিসেবে ওইটিই তার প্রথম ভারত সফর ছিল। ওই সফরে খালেদা জিয়া ভারতের তৎকালীন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ভারতের নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেননসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই সফরে খালেদা জিয়া বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভারত সরকারের সহায়তা চেয়েছিলেন। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরে তার সঙ্গে খালেদা জিয়ার বৈঠক বাতিল করা নিয়ে বিএনপির সঙ্গে ভারত সরকারের নতুন করে দূরত্ব সৃষ্টি হয়। নানা ঘটনার ধারাবাহিকতায় ভারতের কংগ্রেস সরকার বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন দিয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলসহ বেশ কিছু রাজনৈতিক দল ৫ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন বয়কট করলেও ভারত তাকে পুরোপুরি বৈধতা দিয়ে আসছে। পরবর্তী সময়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে বিজেপির নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপির পক্ষ থেকে সেই সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিএনপির এক নীতিনির্ধারক জানান, মোদির সঙ্গে ঢাকায় খালেদা জিয়ার বৈঠকে বাংলাদেশে একটি নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। সেই আলোচনাকে আরো ফলপ্রসূ করতেই খালেদা জিয়া আবারো ভারত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি নির্বাচনের আগে পরে দুই দফায় দীর্ঘ সময় সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ের দাবি আদায় করতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে চলতি বছরের মার্চের দিকে লাগাতার অবরোধ-হরতালের আন্দোলন বন্ধ করে দল পুনর্গঠনের ঘোষণা দেয়। দলের শীর্ষ নেতারা মামলার জালে আটকে থাকায় সেই প্রক্রিয়াও দৃশ্যমান হচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি