শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশ কর্মকর্তাদের ভাগ্য পরিবর্তনের জেলা কুমিল্লা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৫

 

বিশেষ প্রতিবেদনঃ
শিক্ষা-সংস্কৃতি আর ঐতিহ্যের পাদপীঠখ্যাত জেলা কুমিল্লা। সার্বিক দিক থেকে দেশের মধ্যে সমৃদ্ধ জেলার অন্যতম একটি এ জেলা। ফলে ঘুরে-ফিরে জেলার কোন না কোন থানায় থাকতে স্বাচ্ছন্ধ্যবোধ করেন। গত ১৫ বছরে ঘুরে-ফিরে বদলী বাগিয়ে পুলিশের শতাধিক সদস্য বাড়ি-গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে আছেন, আবার অনেকে এ জেলায় দিব্যি চাকুরীও করছেন।
জানা যায়, কুমিল্লায় ইন্সপেক্টর পদে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৩৬টি হলেও বর্তমানে কর্মরত রয়েছেন ৪২ জন। এ পদের অতিরিক্ত ৬ জন ইন্সপেক্টর পুলিশ অফিসে সংযুক্ত আছেন এবং তারা জেলার থানা পর্যায়ে ওসি হিসেবে বদলীর চেষ্টা তদবীর চালিয়ে যাচ্ছেন। একাধিক সূত্র জানায়, কর্মকর্তাদের অনেকে এ জেলায় দীর্ঘ বছর ধরে ঘুরে-ফিরে বদলী বাগিয়ে ৫ থেকে ১০ বছর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। এছাড়া ইন্সপেক্টরদের অনেকে এ জেলায় ৩/৪বার বদলী হয়ে বিভিন্ন থানায় কর্মরত থেকে এ জেলায় বিচরণ করছেন। সূত্র জানায়, জেলা সদরসহ বিভিন্ন স্থানে এ ধরণের অনেক ইন্সপেক্টর জায়গা-জমি ক্রয় করে সহায়-সম্পদের মালিক হয়েছেন। অনেকে দীর্ঘ বছর চাকুরী শেষে অবসর গ্রহণের পর বিলাসবহুল জীবন-যাপন করছেন। সূত্র আরো জানায়, জেলায় কর্মরত ইন্সপেক্টরদের মধ্যে রয়েছেন- তারেক মোহাম্মদ আবদুল হান্নান, মোয়াজ্জেম, ফরহাদ, মো. মহসিন, নাছির উদ্দিন মৃধা। এদের মধ্যে তারেক মোহাম্মদ আবদুল হান্নান জেলার সদর দক্ষিণ মডেল থানা, দেবিদ্বার ও তিতাস থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পুলিশ অফিসে সংযুক্ত থেকে জেলায় তার পছন্দের থানায় বদলীর চেষ্টা অব্যাহত রেখেছেন। ইন্সপেক্টর মোয়াজ্জেম মুরাদনগর থানা, জেলা ডিবি, সদর দক্ষিণ মডেল থানার ওসি ছিলেন। সম্প্রতি দেবিদ্বার থানায় বদলীর আদেশ বাতিল হলে বর্তমানে তিনি পুলিশ অফিসে সংযুক্ত আছেন। ইন্সপেক্টর ফরহাদ জেলার সদর দক্ষিণ মডেল থানা, বর্তমানে জেলার চৌদ্দগ্রাম থানায় কর্মরত আছেন। ইন্সপেক্টর মো. মহসিন জেলা ডিবিতে কর্মরত ছিলেন, বর্তমানে তিনি মেঘনা থানার ওসি। ইন্সপেক্টর নাছির উদ্দিন মৃধা জেলার সদর দক্ষিণ মডেল থানার পর বর্তমানে বরুড়া থানার ওসি হিসেবে কর্মরত আছেন। এছাড়া জেলার অন্যান্য থানায়ও ঘুরে-ফিরে এসে অনেক ইন্সপেক্টর ওসি হিসেবে কর্মরত রয়েছেন। অপরদিকে জেলার বিভিন্ন থানা ও ডিবিতে কর্মরত রয়েছেন কমপক্ষে ২ শতাধিক পুলিশ সদস্য। সূত্র জানায়, ইন্সপেক্টর নজরুল ইসলাম জেলার বুড়িচং, সদর দক্ষিণ, তিতাস থানায় ওসি পদে ঘুরে-ফিরে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পাওয়ার পর জেলার মুরাদনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর তাকে চাঁদপুরে বদলী করা হয়। ইন্সপেক্টর মোজাম্মেল হক জেলা পুলিশের ডিআইও-১, দাউদকান্দি থানার ওসি এবং পরে সিআইডি কুমিল্লা ক্যাম্পে দীর্ঘবছর চাকুরীর পর পদোন্নতির মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে বর্তমানে ফেনীতে কর্মরত আছেন। ইন্সপেক্টর জালাল উদ্দিন জেলা পুলিশের ডিআইও-১, দাউদকান্দি ও ব্রাহ্মণপাড়া থানার ওসি’র দায়িত্ব পালনের পর ঘুরে-ফিরে সিআইডি-কুমিল্লা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার হিসেবে নোয়াখালী-লক্ষ্মীপুর জেলার দায়িত্বে আছেন। ইন্সপেক্টর শেখ মহিউদ্দিন চৌধুরী জেলার কোতয়ালী, মুরাদনগর ও দাউদকান্দি থানায় দুই দফা করে ওসি পদে কর্মরত ছিলেন। পরে পদোন্নতি পেয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
জানা যায়, পুলিশের এসব সদস্যরা জেলায় যোগদানের পর তদবীর পালনসহ বিভিন্নভাবে ক্ষমতাবান একশ্রেণীর রাজনৈতিক নেতাদের আস্থাভাজন হয়ে ওঠেন। ফলে বদলীর আদেশ হলে উঁচু মহলে রাজনৈতিক তদবীরের মাধ্যমে তাদের বহাল রাখা হয়। কোন কারণে বদলী হলেও রাজনৈতিক নেতার আশির্বাদে তারা একই জেলায় ফিরে আসেন। এছাড়া ভারত সীমান্তবর্তী এ জেলায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে। পুলিশের অনেক সদস্য এসব চোরাচালান ও অপরাধ সিন্ডিকেটের সাথে যোগসাজশে কম সময়ের মধ্যে অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগ থাকায় অনেকে এ জেলা ছেড়ে যেতে চান না। অন্য কোন রেঞ্জ থেকে এ জেলায় কেউ বদলী হয়ে আসলে ওইসব কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা বদলী আতংকে তটস্থ থাকেন এবং বহাল থাকতে তদবীর চালনার ফলে জেলায় বদলী হয়ে আসা সদস্যকে ভোগান্তির মধ্যে পড়তে হয়- এমন তথ্যও জানিয়েছেন ভূক্তভোগী একাধিক কর্মকর্তা ও পুলিশের সদস্য। সূত্র জানায়, দীর্ঘ বছর একই জেলায় কর্মরত থাকার কারণে রাজনৈতিক আশির্বাদপুষ্ট সদস্যরা নিজ নামে-বেনামে জায়গা-জমি খরিদ করে, কেউবা আত্মীয়তার বন্ধন গড়ে তোলে জেলার স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। এমন বাসিন্দাদের কেউ কেউ এখনো জেলায় কর্মরত আছেন।
এ বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম জানান, জেলা পর্যায়ে একাধিকবার পুলিশের চাকরীর ক্ষেত্রে কোন বিধি নিষেধ নেই। তবে কারো বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি