বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাজী জাফর আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৫

kazi-zafar-ahmed-231113-main

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। প্রবীণ এই রাজনীতিবিদের ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান রনি প্রথম আলোকে এ তথ্য জানান।
কামরুজ্জামান বলেন, কর্মিসভায় অংশ নিতে আজ বৃহস্পতিবার সকালে কাজী জাফরের কুমিল্লা যাওয়ার কথা ছিল। সকাল পৌনে সাতটার দিকে তাঁর সাড়া না পেয়ে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরিবারের বরাত দিয়ে কাজী জাফরের ব্যক্তিগত সহকারী বলেন, ৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী ডায়াবেটিস ও কিডনির রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কাজী জাফরের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়া নিয়ে মতবিরোধের জের ধরে ২০১৩ সালের শেষ দিকে জাতীয় পার্টি (জাপা) থেকে কাজী জাফরকে বহিষ্কার করেন চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরশাদকে পাল্টা বহিষ্কারের ঘোষণাও দেন কাজী জাফর। নতুন জাতীয় পার্টি গঠন করে এরপর থেকেই একাংশের নেতৃত্বে ছিলেন তিনি। যোগ দিয়েছিলেন বিএনপির নেতৃত্বাধীন জোটে।
নানা কারণে রাজনৈতিক অঙ্গনে আলোচিত কাজী জাফর। ষাটের দশকের শুরুতে তিনি অবিভক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময় যুক্ত হন শ্রমিক রাজনীতির সঙ্গে। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে মওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টঙ্গী অঞ্চলের একজন প্রভাবশালী শ্রমিকনেতা হিসেবে বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের সংগঠিত করার ব্যাপারে তাঁর ভূমিকা ছিল।
মাওপন্থী নেতা কাজী জাফর একসময় সঙ্গী হন জিয়াউর রহমানের। গড়েন ইউনাইটেড পিপলস পার্টি (ইউপিপি)। পরে জিয়াউর রহমান জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করলে ছিটকে পড়েন কাজী জাফর। পরবর্তী সময়ে তিনি আরেক সামরিক শাসক এরশাদের সঙ্গে যোগ দেন। এরশাদের শাসনামলে তিনি প্রথমে ক্যাবিনেট মন্ত্রী এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের শেষ দিন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম সংসদীয় আসন থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি