শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, ২ জন গুলিবিদ্ধসহ আহত ৬


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৫

Comilla_university_logo

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থিত দু’গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের দুইজন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট) রাত ৮ টা থেকে ১১ টা পর্যন্ত টানা ৩ ঘন্টা কুবির সামনে এ সংঘর্ষ চলে।

আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী তানভীর, আজাদ, মাসুদুর রহমান,  মেজবাহ এবং সোহেল। এদের মধ্যে আজাদ পায়ে ও মেজবাহের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। বাকিরা ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন।

আজাদ ও তানভীর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে কুমেক হাসপাতাল ইর্মাজেন্সি সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সামনে নবীর চা দোকানে চা খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষ শুরু হয়। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ নিয়ন্ত্রিত কাজী নজরুল ইসলাম ছাত্রাবাসের ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে কুবির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী নিয়ন্ত্রিত বঙ্গবন্ধু ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের ২ জন গুলিবিদ্ধসহ ৬ জন নেতাকর্মী আহত হয়।

কুবির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী জানান, সভাপতি গ্রুপের নেতাকর্মীরা ৫/৬ রাউন্ড গুলিবর্ষণ করেছে। তাদের হামলায় আমাদের ৪ জন নেতাকর্মী  আহত হয়েছে ।

কুবির সভাপতি নাজমুল হাসান আলিফ  জানান, আমরা কোন গুলিবর্ষণ করিনি। স্থানীয় ছেলেরা অপর পক্ষের হয়ে গুলিবর্ষণ করেছে। আমাদের গ্রুপের মেজবাহ হাতে গুলিবিদ্ধ হয়েছে।

কোটবাড়ি পুলিশ ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ রাত পৌণে ১২ টায়  জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত । কেউ আহত হয়েছে কি না জানিনা । গুলিবর্ষণের ঘটনা হয়েছে কিনা জানিনা। আমরা ঘটনাস্থলে আহত কাউকে পাইনি।

উল্লেখ্য যে, কুবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ হয়ে আসছে। এ সময় ছাত্রলীগের দুটি গ্রুপই স্থানীয় সন্ত্রাসীদের কাজে লাগিয়ে ক্যাম্পাস নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। সম্প্রতি কুবির নতুন কমিটি হওয়ার পর আজই প্রথম আবার সংঘর্ষের ঘটনা ঘটল।

০১৬৭৬-৩২৭৫০৪



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি