সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লা লিগায় জিতেছে রিয়াল ও বার্সা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৫

7YBfiBkxdFO3

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদ বড় ব্যবধানে জিতলেও কষ্টে জিতেছে বার্সেলোনা। ঘরের সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেটিসকে ৫-০ উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর ন্যু ক্যাম্পে মালাগাকে কোনো রকমে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর অনেক গোল করার ঘোষণা দিয়েছিলেন রিয়াল স্ট্রাইকার গ্যারেথ বেল। কথা রেখেছেন আইরিশ তারকা। ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। জোড়া গোল করেছেন আগের ম্যাচে না খেলা জেমস রদ্রিগেজও। অন্য গোলটি করেছেন আগে ম্যাচে অনুপস্থিত করিম বেনজামা।

রিয়াল বড় ব্যবধানে জিতলেও গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। গোল পাননি লিওনেল মেসিও। টানা দুই ম্যাচেই গোলশূন্য থাকলেন দুই সুপারস্টার। খেলার ২ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। রদ্রিগেজের পাস থেকে গোল করেন বেল। ৩৯ মিনিটে নিজেই গোল করেন রদ্রিগেজ।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে আবার লিড বাড়ায় রিয়াল। ৪৭ মিনিটে গোল করেন বেনজামা। ৫০ মিনিটে নিজেদের দ্বিতীয় আর দলের চতুর্থ গোল করেন রদ্রিগেজ। আর ৮৯ মিনিটে বেটিসের কফিনে শেষ পেরেক ঠোকেন বেল।

অন্যদিকে, নেইমার দলে ফেরায় শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। তবে গোলের জাল খুঁজে পায়নি তারা। প্রথমার্ধে সুয়ারেজ একবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু ফাউলের কারণে গোল বাতিল করেন রেফারি।

খেলার ধরনের মনে হচ্ছিলো ড্রয়ের দিকেই যাচ্ছে ম্যাচ। তখন বার্সার ত্রাণকর্তা হয়ে আসেন ডিফেন্ডার থমাস ভারমিলান। ৭৩ মিনিটে গোল করেন বেলজিয়ান তারকা।

দুই ম্যাচে দুই জয়ে নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে সমান সংখ্যক ম্যাচে সমান জয় নিয়ে তালিকার শীর্ষে আছে সেল্টা ভিগো। আর দুই ম্যাচে এক জয় এক ড্র নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তিনে।

একই রাতে বুন্দেসলিগায় টমাস মুলারের জোড়া গোলে বায়ার লেভারকুচেনকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আর সিরি অ’য় ইমপোলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে এসি মিলান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি