শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি কোটি কোটি টাকা আত্নসাৎ করেছে সিন্ডিকেটরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০১৫

DSC_2837

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লায় চান্দিনায় অবাধে অবৈধ গ্যাস সংযোগ করেছে একটি সর্ব দলীয় রাজনৈতিক সিন্ডিকেট চক্র। বৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার নামে কোটি কোটি টাকা আত্নসাৎ করে সিন্ডিকেট চক্র ঠিকাদারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে। এদিকে বাখরাবাদ কর্তৃপক্ষ এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শুরু করায় গ্রাহকরা হতাশ হয়ে পড়েছেন। সিন্ডিকেট চক্রের কাছে প্রতারণার শিকার হয়েছে শত শত গ্রাহক। সিন্ডিকেট চক্র এখনো গ্রাহকদের নয়-ছয় বুঝানোর চেষ্টায় রত রয়েছেন।

স্থানীয় সূত্রমতে, চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের বাসিন্দা মোঃ হারুন মিয়া এক লাইজার বাবদ ৫০ হাজার টাকা, কলা বেপারি রামু ৫০ হাজার টাকা, মোঃ হানিফ মিয়া ৫০ হাজার টাকা, আঃ কাইয়ূম ২ লাইজার বাবদ ১ লক্ষ ১০ হাজার টাকা, মোঃ আবুল কালাম আজাদ (আবু) ২ লাইজার বাবদ ৮০ হাজার টাকা, মোঃ মনির হোসেন ১ লাইজার বাবদ ৪৫ হাজার টাকা, বশির এক লাইজার বাবদ ৩৫ হাজার টাকা, মোঃ রমিজ উদ্দিন এক লাইজার বাবদ ৫৫ হাজার টাকা, মোঃ রফিক মিয়া এক লাইজার বাবদ ৫০ হাজার টাকা দিয়েছেন । তাদের মত নাওতলা গ্রামের প্রায় ৬ শত গ্রাহক গ্যাস সংযোগের জন্য স্থানীয় ৫ রাজনৈতিক ব্যক্তিদের কাছে টাকা দিয়েছিলেন।

তারা অবৈধভাবে গ্যাস সংযোগ পাওয়ার পর কয়েকদিন ব্যবহার করার পরই তাদেরকে বাখরাবাদ কর্তৃপক্ষ জানিয়ে দেয় তাদের সংযোগ খুব শীঘ্রই কেটে দেওয়া হবে। এ খবর পাওয়ার পর থেকে হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসি।

নাওতলা গ্রাম ছাড়াও এই ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের প্রায় শতাধিক গ্রাহক গ্যাস সংযোগের জন্য কন্ট্রাক্টর শাহজাহানের কাছে টাকা দিয়েছেন। চলতি বছরের জুলাই মাসে কন্ট্রাক্টর শাহজাহান এই গ্রামে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার কয়েকদিনের মধ্যে বাখরাবাদ কর্তৃপক্ষ এসে সংযোগ বিচ্ছিন্ন করে গ্যাসের পাইপলাইন উঠিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঠিকাদার শাহজাহানকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ঠিকাদার পুনরায় কয়েকদিনের মধ্যে বৈধভাবে গ্যাস সংযোগ দিবে বলে আশ্বাস দেয়।

স্থানীয় সূত্র জানায়, নাওতলা গ্রামের প্রায় ৬ শত গ্রাহক থেকে গ্যাস সংযোগ দেওয়া বাবদ উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মন্তাজ, মাধাইয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদ মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাসির খান, মাধাইয়া যুবদলের সভাপতি —– জামাল হোসেন , এলডিপি নেতা মুজিবুর রহমান ওরফে মোইল্লা মুজিব ও ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সেলিম ভূইয়া কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা টাকা নেওয়ার সময় বলেছিল কন্ট্রাক্টর শাহজাহানের মাধ্যমে তারা গ্যাস সংযোগ দিবে। পরে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাসিন্দা কন্ট্রাক্টর শাহজাহান গ্রামে পাইপলাইন বসিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়।

স্থানীয় সূত্র জানায়, গ্যাস সংযোগ দেওয়ার আগে মাধাইয়া ইউনিয়ন পরিষদ অফিসে স্থানীয় এলাকাবাসি ৪/৫ বার মিটিং করে সিদ্ধান্ত নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি চন্দন সাহা ও ইউনিয়ন আ’লীগের সদস্য শাহলম বেপারীর নামে মাধাইয়া রূপালী ব্যাংকে একাউন্ট হয়। এই একাউন্টে ২/৩ জন টাকা জমা দেওয়ার পর ওই ৫ জন রাজনৈতিক ব্যক্তি ব্যাংকে টাকা জমা না দিয়ে তাদের কাছে টাকা জমা দেওয়ার জন্য বলে নতুবা গ্যাস সংযোগ পাওয়া যাবে না বলে। এরপর গ্রামবাসি তাদের কাছে টাকা জমা দেয়।

এ বিষয়ে মাধাইয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদ মেম্বার জানান, আমি কারো কাছ থেকে কোন টাকা নেয়নি। সম্পূর্ন টাকা নিয়েছে কন্ট্রাক্টর শাহজাহান। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ এসেছে তা ভিত্তিহীন।

এ বিষয়ে কন্ট্রাক্টর শাহজাহান জানান, আমি নিজ হাতে টাকা সংগ্রহ করিনি। গ্রাহকের টাকা ব্যাংক একাউন্ট থেকে নিয়েছি। তবে বৃহস্পতিবার-শুক্রবার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য অহিদ মেম্বার ভাই , সেলিম ভাইদের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েছি। এ গ্যাস সংযোগের ঠিকাদার কুমিল্লার ঠিকাদার বাবুল । বাখরাবাদ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যাচ্ছি যাতে খুব দ্রুত আবার বৈধভাবে সংযোগ দিতে পারি।

এদিকে বৈধ সংযোগের নামে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় মানুষের মাঝে চাপাঁ ক্ষোভ বিরাজ করছে। তবে রাজনৈতিক ব্যক্তিরা এতে জড়িত থাকায় ভয়ে স্থানীরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি