শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা এক যুগে ২৭১ কোটি টাকা ব্যয়, ফল শূন্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৫

cfd448a62504e1da221f3ba9586a22bc-35.1

ডেস্ক রিপোর্টঃ

বছরের পর বছর ধরে চট্টগ্রাম নগরের ‘আতঙ্ক’ হয়ে আছে জলাবদ্ধতা। গত এক যুগে এই সমস্যা দূর করতে চট্টগ্রাম সিটি করপোরেশন খরচ করেছে প্রায় ২৭১ কোটি টাকা। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, সিটি করপোরেশন খেয়ালখুশিমতো টাকা খরচ করায় জলাবদ্ধতার সমস্যা আগের চেয়ে আরও প্রকট হয়েছে। আবার যে টাকা খরচ হয়েছে, তা মোটেও যথেষ্ট নয়।
গত চার মাসে অন্তত ১৫ দিন জলাবদ্ধতার কারণে কার্যত অচল ছিল চট্টগ্রাম। টানা এক ঘণ্টা ভারী বৃষ্টি হলেই নগরের নিচু এলাকার সড়ক, বাসাবাড়ি আর ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকছে।
সিটি করপোরেশনের বার্ষিক প্রতিবেদন ও বাজেট বই বিশ্লেষণ করে দেখা যায়, মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালে ২০০৩-০৪ থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে ব্যয় হয়েছে ৬৬ কোটি ১১ লাখ টাকা। ২০১০ সালের ১৭ জুন মেয়র নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেন মোহাম্মদ মনজুর আলম। তাঁর প্রধান প্রতিশ্রুতি ছিল জলাবদ্ধতা নিরসন করা। মেয়র থাকাকালে তিনি জলাবদ্ধতা দূর করতে খরচ করেছেন ২০৫ কোটি ৫২ লাখ টাকা।
জলাবদ্ধতা দূর করতে করপোরেশন যে টাকা খরচ করেছে, তার সঠিক ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান। মুঠোফোনে তিনি  বলেন, প্রতিবছর চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার অবস্থা দেখে মনে হয় না, এই অর্থও ঠিকভাবে খরচ করা হয়েছে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে ১২ বছরে যদি ২৭১ কোটি টাকা খরচও হয়, তাহলে তা প্রয়োজনের তুলনায় একেবারে অপর্যাপ্ত।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ‘নগর পরিস্থিতি: বাসযোগ্য চট্টগ্রামের জন্য শাসনব্যবস্থা’ শীর্ষক একটি গবেষণাপত্র গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ করে। এতে বলা হয়েছে, নগরের মহাপরিকল্পনায় অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোকে উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। চট্টগ্রাম শহরে কোনো ড্রেনেজ ও ঝড়-বৃষ্টিজনিত সৃষ্ট পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ফলে বর্ষা মৌসুমে অল্পবৃষ্টিতেই নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সমস্যা নিরসনে নগরের মহাপরিকল্পনা অগ্রাধিকার প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। এ জন্য সিটি করপোরেশন, সিডিএ, চট্টগ্রাম ওয়াসা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয় ও অর্থের অভাব অনেকাংশেই দায়ী।
বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন যা করেছে, তা মূলত রুটিন কাজ করেছে। ড্রেনেজ মহাপরিকল্পনা অনুযায়ী নতুন খাল খনন ও জলাধার নির্মাণের মতো মূল কাজগুলো করেনি। এখন জলাবদ্ধতার যে অবস্থা দাঁড়িয়েছে, তার থেকে মুক্তি পেতে হলে সামনের পাঁচ বছরে অন্তত আড়াই হাজার কোটি টাকা খরচ করতে হবে। এই অর্থ পরিকল্পিতভাবে খরচ করা হলে আগামী ৫০ বছর জলাবদ্ধতার সমস্যা থাকবে না।
বৃষ্টির জলাবদ্ধতার ভোগান্তির মধ্যেই কয়েক বছর ধরে নতুন বিপদ হয়ে এসেছে জোয়ারজনিত জলাবদ্ধতা। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, সমুদ্রের জোয়ার কর্ণফুলী নদীতে আসার পর তা উপচে খাল-নালা দিয়ে নগরের নিচু এলাকা প্লাবিত করছে। এতে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠানসহ আগ্রাবাদ, বাকলিয়া, পাথরঘাটার মতো নিচু এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালে চাক্তাই খালের দুই পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণ এবং খালের তলা পাকা করার প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ২৬ কোটি ৪৩ লাখ টাকা। বহদ্দারহাটের খাজা সড়কের নালার উন্নয়নে খরচ হয়েছে ৩ কোটি টাকা। এ ছাড়া নালা-নর্দমা ও খাল থেকে মাটি উত্তোলন, নালা-নর্দমা ও প্রতিরোধ দেয়াল নির্মাণে ব্যয় হয়েছে ৩৪ কোটি ২৬ লাখ টাকা। আর ২০০৮-০৯ সালে জলাবদ্ধতা নিরসনের জন্য ২ কোটি ৪২ লাখ টাকায় সাতটি খননযন্ত্র কেনা হয়।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, জলাবদ্ধতা দূর করতে নগরের খাল ও নালা-নর্দমা সংস্কারেই বেশি গুরুত্ব দেওয়া হয়। চট্টগ্রাম নগরের খালগুলোর মোট দৈর্ঘ্য ১৪৪ কিলোমিটার। এর বাইরে নালা-নর্দমা রয়েছে ৪৮০ কিলোমিটার। করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মুনিরুল হুদা  বলেন, প্রতিবছর খাল ও নালা-নর্দমার যেসব অংশে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়, সেখানেই খনন করা হয়।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন  বলেন, প্রতিবছর নালা-নর্দমা ও ১৪৪ কিলোমিটার দৈর্ঘ্যের ১৬টি খাল খনন করতে ২০ কোটি টাকার বেশি প্রয়োজন হয়। কিন্তু তহবিল সংকটের কারণে ৮-১০ কোটি টাকার বেশি খরচ করা যায় না।
নগর পরিকল্পনাবিদ ও গবেষকদের মতে, সিটি করপোরেশন জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ মহাপরিকল্পনা অনুযায়ী মূল কাজগুলো করেনি। শুধু রুটিন কাজই করেছে। এর বেশির ভাগই হয়েছে অপরিকল্পিতভাবে। ফলে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে নগরবাসীর মুক্তি মিলছে না।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক জেরিনা হোসেন বলেন, সিটি করপোরেশন কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই জলাবদ্ধতা নিরসনে টাকা ব্যয় করেছে। করপোরেশন খেয়ালখুশিমতো খরচ করে। এভাবে চললে জলাবদ্ধতা নিরসন হবে না।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন দেশে না থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ  বলেন, আ জ ম নাছির উদ্দীন পরিকল্পিত উপায়ে জলাবদ্ধতা নিরসনের জন্য নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। মেয়র বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন। আগামী এক বছরের মধ্যে জোয়ারজনিত জলাবদ্ধতার সমস্যা দূর হবে বলে আশা প্রকাশ করেন ভারপ্রাপ্ত মেয়র।
তবে বিদ্যমান যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা দিয়ে সিটি করপোরেশনের পক্ষে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয় বলে জানান সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। জলাবদ্ধতা নিরসনের জন্য ১৯৯৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের করা ড্রেনেজ মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সরকারের আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন তিনি। সাবেক মেয়র বলেন, বৃষ্টির সময় পাহাড়ের মাটি ও বালু এসে নালা-নর্দমা ও খালগুলো ভরাট হয়ে যায়। তাঁর সময়ে পানিনিষ্কাশন-ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য খাল ও নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার ও খনন করা হতো বলে তিনি দাবি করেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, মনজুর আলমের সময় বহদ্দারহাটের এশিয়ান হাউজিং সোসাইটি থেকে বহদ্দারহাট মোড়ের ডোম খাল পর্যন্ত নালা নির্মাণ করা হয়। ২২০০ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রশস্ত এই নালা নির্মাণে ব্যয় হয় ৮ কোটি ৬০ লাখ টাকা। মহেশখালের দুই পাড়ে ২ দশমিক ৩ কিলোমিটার দৈর্ঘ্যের প্রতিরোধ দেয়াল দেওয়া হয়। চার বছরে ১৭০ দশমিক ৫৫ কিলোমিটার খাল ও নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন ও অপসারণ করা হয়। জলাবদ্ধতা নিরসন ও আবর্জনা অপসারণ কার্যক্রমের জন্য ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৪৪টি ডাম্প ট্রাক, সাতটি খননযন্ত্র ও দুটি উভচর খননযন্ত্র কেনা হয়।
নগর পরিকল্পনাবিদেরা বলছেন, সিটি করপোরেশন জলাবদ্ধতা দূর করতে চার বছর ধরে বাজেটে বরাদ্দ বাড়ালেও নগরবাসী তার সুফল পায়নি।
দক্ষিণ বাকলিয়ার চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দাশ বলেন, যেদিন ভারী বৃষ্টি হয় সেদিন জলাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ের আগেই ছাত্রছাত্রীদের ছুটি দিতে হয়। জোয়ারের জলাবদ্ধতার কারণেও একই সমস্যা হয়।
শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম বলেন, পরিকল্পনা অনুযায়ী নগরের ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে মুষলধারে বৃষ্টি হলেই ওয়ার্ডের দুই-তৃতীয়াংশ এলাকা তলিয়ে যায়। অবশ্য এবার চাক্তাই খাল খনন করায় দুর্ভোগ কিছুটা কমেছে বলে দাবি করেন তিনি।
চাক্তাই খালের পাড়েই গড়ে উঠেছে দেশের বৃহত্তম পাইকারি পণ্যের বাজার খাতুনগঞ্জ ও চাক্তাই। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ  বলেন, বৃষ্টি ও জোয়ারজনিত জলাবদ্ধতার কারণে চাক্তাই-খাতুনগঞ্জে গত তিন মাসে জলাবদ্ধতায় প্রায় ১৫০ কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে।
চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিয়ে প্রবীণ অর্থনীতিবিদ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান  বলেন, নগরের খালগুলো পানিনিষ্কাশনের চেয়ে ময়লা-আবর্জনার ভাগাড় হিসেবে বেশি ব্যবহৃত হয়। খাল খনন ও প্রশস্ত করার কাজ বিজ্ঞানসম্মতভাবে হয় না। ফলে জলাবদ্ধতার সমস্যা কাটছে না। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য প্রণীত মহাপরিকল্পনার বিষয়টি মাথায় রেখে কখনো কোনো কাজ বাস্তবায়িত হয় না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি