আর একদিন পরেই কোরবানীর ঈদ। এরইমধ্যে নগরবাসী পরিবার-পরিজন নিয়ে নাড়ির টানে গ্রামের বাড়িতে ছুটছেন। ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী। আর সবার মতো রাজনীতিবিদরাও ঈদ-আনন্দ ভাগাভাগি করে নেবেন প্রিয়জনের সঙ্গে। কেউ দেশে আবার কেউ বিদেশে কেউ ঈদ উপভোগ করবেন হাসপাতালে, কেউ আবার কারাগারে ঈদ করবেন।
এবার দেশের বাইরে ঈদ উদযাপন করবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
দলের অন্য নেতাদের মধ্যে কেউ বিদেশে, কেউ ঢাকায় আর কেউ নিজ নিজ এলাকায় ঈদ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফরকালে ঈদ করবেন যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে নিউইয়র্কে যাবেন কয়েকজন মন্ত্রী এবং দলীয় নেতা। তারাও এবার বিদেশে ঈদ করবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী, এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করতে ঈদের আগেই ঢাকা ত্যাগ করেছে। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল রাষ্ট্রীয় সফরে ইংল্যান্ডে রয়েছেন। তিনি সেখানে ঈদ করবেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাষ্ট্রীয় সফরে ইতালিতে অবস্থান করছেন। তিনি ২৩ সেপ্টেম্বর দেশে ফিরে ঈদ করবেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঈদ করবেন রাজধানীর নিউ ইস্কাটনের বাসায়। সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, নূহ আলম লেনিন, শেখ ফজলুল করিম সেলিম, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ করবেন ঢাকায়। অন্যদিকে সভাপতিন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে ঈদ উদযাপন করবেন।
দুই যুগ্ম-সাধারণ সম্পাদকের মধ্যে মাহবুব উল আলম হানিফ ঈদ করেবন নির্বাচনী এলাকা কুষ্টিয়ায়। অপর যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক নির্বাচনী এলাকা ঢাকার মোহাম্মদপুরে ঈদ করবেন।
সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন ঈদ করবেন ঢাকায়। ঈদের দিন সকালে ধানমন্ডির তাকওয়া মসজিদে ঈদের নামাজ পড়বেন। পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। আ ফ ম বাহাউদ্দিন নাসিম ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা মাদারীপুরে, বি এম মোজাম্মেল হক শরীয়তপুরে, মিসবাহ উদ্দিন সিরাজ সিলেটে, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটে নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন।
কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক টাইাঙ্গলে, আন্তদর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান ঢাকায়, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারীতে, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার ময়মনসিংহে, আফজাল হোসেন ঢাকায় ঈদ করেবন। ঢাকায় ঈদ করবেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, কোষাধক্ষ এইচ এন আশিকুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল ঢাকায় ঈদ করবেন। শিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, দফতর সম্পাদক আব্দুল মান্নান খান পরিবারের সঙ্গে নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। দলের অপর দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকায়।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মমতাজ উদ্দিন মেহেদী, এ কে এম রহমতউল্লাহ ঢাকায় ঈদ উদযাপন করবেন।
আব্দুল হাসনাত আবদুল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সিমিন হোসেন রিমি, খায়রুজ্জামান লিটন, আমিনুল ইসলাম আমিন, এ কে এম এনামুল হক শামীম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস এম কামাল খুলনায়, তথ্য-যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজ এলাকায় ঈদ করবেন।
বিএনপি নেতাদের ঈদ
প্রথমবারের মতো দেশের বাইরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চোখের চিকিৎসা এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে তিনি লন্ডনে গেছেন। নেত্রীর অনুপস্থিতিতে দলটির বেশিরভাগ নেতাই এবার ঈদ করছেন ঢাকায়।
প্রতিবছরই নেতাদের একটি বড় অংশ তাদের নিজ নির্বাচনী এলাকায় ঈদ করতেন। কেউ কেউ ঈদের দিন সকালে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গ্রামের উদ্দেশে রওনা দিতেন। এবার বিএনপি চেয়ারপারসন দেশে না থাকায় দলের সার্বিক কার্যক্রম দেখভালের স্বার্থে ঢাকায় ঈদ করবেন দলটির উচ্চ পর্যায়ের নেতারা। এবারও কারাগারে ঈদ করবেন বিএনপির বেশ কয়েকজন নেতা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। দেশের বাইরে এটি হবে তার প্রথম ঈদ। ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হওয়ার পর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডন অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন পর মায়ের সঙ্গে ঈদ করার সুযোগ পাচ্ছেন। তারেক ৮ বছর ধরে লন্ডনেই ঈদ করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিজ জেলা ঠাঁকুরগাওয়ে ঈদ করবেন।
দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আর এ গণি, মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ, সারোয়ারী রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদ করবেন। স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার নির্বাচনী এলাকা কেরানীগঞ্জে ঈদ করবেন। তবে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতা তরিকুল ইসলাম তার নিজ এলাকা যশোরে ঈদ করবেন। হান্নান শাহ ঢাকায় ঈদ করে পরদিন গ্রামের বাড়ি যাবেন।
এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা, মীর মোহাম্মদ নাসির উদ্দিন তাদের নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন।
উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আবদুল আউয়াল মিন্টু লন্ডনে অবস্থান করায় তারা ঈদ করবেন সেখানে।
দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ঢাকায় ঈদ করবেন। আরেক ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী নিজ এলাকা পটুয়াখালী, বেগম সেলিমা রহমান ঢাকায় ঈদ করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ঢাকায় ঈদ করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর বরিশালে এবং শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায় ঈদ করবেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এ মুহূর্তে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সপরিবারে তিনি সেখানেই এবারের ঈদ উদযাপন করবেন। দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও মো. শাহজাহান নিজ এলাকা নোয়াখালীতে ঈদ করবেন বলে জানা গেছে।এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আমেদ, রিয়াজ রহমান, আহমদ আযম খান, এম এ কাইয়ুম ঢাকায় ঈদ করবেন।
এদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দন্ডাদেশ নিয়ে কারাগারে রয়েছেন। দুদকের মামলায় কারাগারে আটক রয়েছেন দলের স্থায়ী কমিটির অপর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দশ ট্রাক অস্ত্র মামলায় কারাগারে আটক রয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবারও কারাগারে কাটবে তাদের ঈদ। কারাগারে ঈদ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ভারতের শিলংয়ে ঈদ করবেন দলের আরেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।























































