মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৯ মিনিটে একাই পাঁচ গোল!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৯.২০১৫

2015_09_23_10_48_19_hWQ7u4U3suV1aL3eohG5636uxf9j5e_original
স্পোর্টস ডেস্ক||

রবার্ট লেভানদোভস্কির তাণ্ডবে জার্মান বুন্দেসলিগায় রীতিমতো উড়ে গেছে ভলফসবুর্গ। মঙ্গলবার এই পোলিশ তারকার পাঁচ গোলের সুবাদে পিছিয়ে পড়েও ভলফসবুর্গকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।

কয়েকটি তথ্যের মাধ্যমে লেভানদোভস্কির তাণ্ডবের ব্যাপারটি বুঝতে পারা যাবে। পাঁচটি গোল করতে মাত্র নয় মিনিট সময় নিয়েছেন এই পোলিশ তারকা। হ্যাটট্রিক করতে সময় নেন মাত্র চার মিনিট। ৫১, ৫২, ৫৫, ৫৭ ও ৬০ মিনিটে গোল পাঁচটি করেন রবার্ট লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমেই এই তাণ্ডব চালান তিনি।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় খেলার ২৬তম মিনিটে পিছিয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। ২৬তম মিনিটে ড্যানিয়েল কালিগিউরি অসাধারণ এক গোল করে ভলফসবুর্গকে এগিয়ে নেন। তখন কী অতিথি দল বুঝতে পেরেছিল তাদের জন্য কী বিপদ অপেক্ষা করছে? ১-০ গোলে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধের ৫১ থেকে ৬০ এই নয় মিনিটের ব্যবধানে কঠিন এক তাণ্ডব চালান লেভানদোভস্কি।

দ্বিতীয়ার্ধের শুরুতে থিয়াগো আলকানতারার পরিবর্তে নামেন লেভানদোভস্কিকে মাঠে নামান কোচ পেপ গার্দিওলা। প্রথম গোল করতে মাত্র ছয় মিনিট সময় নেন তিনি। ৫১তম মিনিটে টমাস মুলারের পাস থেকে বল পেয়ে ডি বক্সের ভেতরে আলতো শটে গোল করে দলকে সমতায় ফেরান লেভানদোভস্কি। এক মিনিট পর ফের গোল করেন তিনি, স্বাগতিকরার এগিয়ে যায়।

তিন মিনিট পর বায়ার্নের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ডর্টমুন্ডের সাবেক এই তারকা। লেভানদোভস্কির প্রথম শট বারে লেগে ফিরে, দ্বিতীয় শট ফিরিয়ে দেন গোলরক্ষক। তবে ফিরতে শটে গোল করতে আর ভুল করেননি তিনি।

৫৭তম মিনিটে ডগলাস কস্তার দারুণ ক্রস থেকে বল পেয়ে ১১ গজ দূর থেকে জোরালো শটে চতুর্থ গোলটি করেন লেভানদোভস্কি। তিনি মিনিট পর আরেকটি গোল করে নিজের তাণ্ডবলীলা পূর্ণ করেন এই পোলিশ স্ট্রাইকার।

পাঁচ গোল করার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েন রবার্ট লেভানদোভস্কি। চার মিনিটে হ্যাটট্রিক করে জার্মান বুন্দেসলিগায় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি। ১৯৮৪ সালে ডিয়েটর হেইন্সের পর প্রথম খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় এক ম্যাচে পাঁচ গোল করার রেকর্ড গড়েন এই পোলিশ স্ট্রাইকার।

আরেকটি বিরল রেকর্ড গড়েন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় বদলি হিসেবে মাঠে নেমে পাঁচ গোল করার কীর্তি গড়েন ডর্টমুন্ডের সাবেক এই তারকা।

মাত্র নয় মিনিটের ব্যবধানে পাঁচ গোল করলেও একটুর জন্য বুন্দেসলিগার এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে পারেননি রবার্ট লেভানদোভস্কি। আর মাত্র এক গোল করতে পারলেই তিনি ১৯৭৭ সালে কোলনের হয়ে ডিয়েটর মুলারের এক ম্যাচে করা ছয় গোলের রেকর্ড স্পর্শ করতে পারতেন।

এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়তে পারায় দারুণ উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত রবার্ট লেভানদোভস্কি, ‘আমি অত্যন্ত সন্তুষ্ট। কয়েকটি মিনিট আমার জন্য পাগলাটে ছিল। পাঁচ গোল করাটা অসাধারণ ব্যাপার। আমি অত্যন্ত আনন্দিত।’

শিষ্যের এমন কীর্তিতে গর্বিত পেপ গার্দিওলাও, ‘আমি মনে করি না এমনটি ফের দেখতে পাবো। ফুটবল কখনো কখনো পাগলাটে হয়।’





এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি