স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লা সিটি কর্পোরেশন গঠনের আগে ২০০৯ সালে কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৬ ওয়ার্ড নিয়ে দারিদ্রতা হ্রাস করার লক্ষ্যে ইউপিপিআরপি প্রকল্পের কর্মসূচী শুরু হরা হয়। এ প্রকল্পের মাধ্যমে আর্থসামাজিক ও বসতি উন্নয়নের (রাস্তা-ঘাট, স্বাস্থ্য সম্মত পায়খানা, সুপেয় পানির ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড) কর্মকান্ড স্বাভাবিক ভাবেই বাস্তবায়িত হয়ে আসছিল। এরই মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠন হলেও ইউপিপিআরপি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কোন ব্যতয় ঘটেনি। এদিকে, ২০১৩ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনে টাউন ম্যানেজার হিসেবে যোগদান করেন কিংকর চন্দ্র সাহা। তিনি যোগদানের পরই এই প্রকল্প বাস্তবায়নে বিঘœতা দেখা দেয়।
অপর দিকে, আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ইউপিপিআরপি প্রকল্পের পদ্মা ক্লাস্টারের ১৬ ওয়ার্ডে শিশুদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কর্মসূচী বাস্তবায়ন না করতে টাউন ম্যানেজার কিংকর চন্দ্র সাহা নানান ফন্দি আটতে থাকেন। ১৬ ওয়ার্ডের মধ্যে ৮টি ক্লাস্টার ৮টি প্রোগ্রাম বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু ৪টি প্রোগ্রাম বাস্তবায়ন না করেই এ প্রকল্পের ৪৮ হাজার টাকা অফিসে টাকা জমা দিতে ৪ ক্লাস্টার লিডারদেরকে নির্দেশ দেন টাউন ম্যানেজার কিংকর চন্দ্র সাহা। তার নির্দেশনা মতে ওই টাকা অফিসে জমা দেয়ার পর উক্ত টাকা টাউন ম্যানেজার কিংকর চন্দ্র সাহার হাতে চলে যায়।
সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচী এক বছর বন্ধ থাকার পর নতুন করে প্রোগ্রামটি চালু করতে ক্লাস্টার লিডাররা সকলে মিলে টাউন ম্যানেজার কিংকর চন্দ্র সাহার কাছ থেকে টাকা ফেরত চান। এর প্রেক্ষিতে টাউন ম্যানেজার কিংকর চন্দ্র সাহা ক্লাস্টার লিডারদের জানান এ প্রকল্পের অর্থ অন্য খাতে খরচ হয়ে গিয়েছে। তাই এ প্রকল্প আর চালু করা যাবে না। এবং ক্লাস্টার লিডারদের সাথে টাউন ম্যানেজার কিংকর চন্দ্র সাহা অসৌজন্যমূলক আচরণও করেন। এ ঘটনার পর কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ মো: নুরুল্লাহকে ক্লাস্টার লিডাররা অবগত করেন। এর প্রেক্ষিতে প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ মো: নুরুল্লাহ টাউন ম্যানেজার কিংকর চন্দ্র সাহার কাছে বিষয়টি জানতে চাইলে টাউন ম্যানেজার কিংকর চন্দ্র সাহা তার কাছে ওই ৪৮ হাজার টাকা রয়েছে বলে স্বীকার করেন। পরবর্তীতে প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ মো: নুরুল্লাহর এ টাকা উদ্ধার করে সকল ক্লাস্টার লিডারদের মাঝে বন্টন করে দিতে টাউন ম্যানেজার কিংকর চন্দ্র সাহকে নির্দেশ প্রদান করেন বলে সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বক্তব্য নিতে টাউন ম্যানেজার কিংকর চন্দ্র সাহার সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


















































