মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পেলের চোখে ম্যারাডোনাই সেরা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০১৫

c0f874560700122252cae3e158002ddd-messi-maradona

 

ডেস্ক রিপোর্ট :

ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথের নাম—ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আরও নির্দিষ্ট করে বললে পেলে বনাম ম্যারাডোনা। ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই কিংবদন্তি অনেক বছর আগে ফুটবল ছাড়লেও আজও এই দুজনের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যাকুল দুই দেশের সমর্থকেরা। ব্রাজিলের সমর্থক হলে ম্যারাডোনার সমালোচনা করতে হবে, আর্জেন্টিনার হলে পেলের—বিশ্ব ফুটবলের এই চিরকালীন রেষারেষি কৌতুকপ্রদও হয়ে ওঠে অনেক সময়।
এই দুজনের মধ্যে কে সেরা, ব্যাপারটা কেবল ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের বিতর্কের বিষয়, ব্যাপারটা কিন্তু এমন নয়। এই প্রশ্নের উত্তর খুঁজেছে গোটা ফুটবল দুনিয়াই। কিন্তু এই বিতর্কের উত্তর খুঁজতে গিয়ে অপারগই হয়েছেন সবাই। এমনকি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাও। শেষ অবধি ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ জেতা পেলে কিংবা একক প্রচেষ্টায় দেশকে বিশ্বকাপ এনে দেওয়া ম্যারাডোনা—দুজনকেই দুই সময়ের শ্রেষ্ঠ মেনে নিয়ে হাঁপ ছেড়েছেন সবাই। কিন্তু এতেও কি বিতর্কটা একেবারে শেষ হয়ে গেছে? নাহ্, একদমই না।
দুজনকেই সেরা বলাতে বিতর্কটা বরং আরও বিস্তৃত হয়েছে। দুই কিংবদন্তিও অনেক সময় জড়িয়ে পড়েছেন বিতর্কে। সৃষ্টি হয়েছে তিক্ততার। শ্রেষ্ঠত্বের ব্যাপারে নিজেদের জায়গা এক ইঞ্চিও ছেড়ে দেননি এই দুই গ্রেট।
এই যখন অবস্থা, তখন পেলে নিজের মুখেই ম্যারাডোনার শ্রেষ্ঠত্বটা মেনে নিলেন। নাহ্, নিজের সঙ্গে তুলনায় নয়। মেসির সঙ্গে তুলনা করতে গিয়েই। ম্যারাডোনা না মেসি—দুই আর্জেন্টাইনের মধ্যকার শ্রেষ্ঠত্বের বিতর্কে পেলের ভোট ম্যারাডোনার পক্ষেই। হাল ফুটবলের আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির তুলনায় ম্যারাডোনাকেই ফুটবলার হিসেবে বেশি নম্বর দিলেন ব্রাজিলীয় কিংবদন্তি।
সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগ উপলক্ষে ভারতে এসেছেন ফুটবলের কালো মানিক। সেখানে খেলা দেখছেন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। আর মাঝে মাঝে বেশ কিছু নতুন মন্তব্য করে সবাইকে চমকে দিচ্ছেন। পেলে-ম্যারাডোনার মাঝে কে সেরা এই প্রশ্নের জবাব না দিলেও মেসি-রোনালদোর মাঝে কে সেরা সেই প্রশ্নের জবাব দিয়েছেন আগেই। গত এক দশকের সেরা খেলোয়াড় হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকে নয় মেসিকেই বেছে নিয়েছেন তিনি।
মেসি-ম্যারাডোনার তুলনায় পেলের কাছে শ্রেষ্ঠত্ব পরিমাপক হচ্ছে, দেশের হয়ে সাফল্যই। সে হিসেবে ম্যারাডোনার চেয়ে বেশ পিছিয়েই আছেন মেসি। ম্যারাডোনা দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, মেসি দেশের জার্সি গায়ে কিছুই দিতে পারেননি। গত দশ বছরে মেসি দুহাত ভরে সম্ভাব-অসম্ভব প্রায় সব পুরস্কারই নিজের করে নিয়েছেন। কিন্তু দেশের আকাশি নীল জার্সিটা গায়ে দিতেই তাঁর দুনিয়াটা কেমন যেন এলোমেলো।
দুই আর্জেন্টাইনের মধ্যে কে সেরা, এই প্রসঙ্গে কলকাতার মাটিতে ম্যারাডোনার পক্ষেই বক্তব্য তাঁর, ‘তাঁরা দুজনই খুব ভালো খেলোয়াড়। কিন্তু আমার ফুটবল দর্শন অনুযায়ী, মেসির তুলনায় ম্যারাডোনা খেলোয়াড় হিসেবে অনেক পরিপূর্ণ।’
একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় পেলে নিজের নাম লিখিয়েছিলেন অনেক আগেই। হঠাৎ করে ম্যারাডোনা নামের জাদুকরের আবির্ভাব না হলে সর্বকালের সেরা ফুটবলার নিয়ে কারও মনে কোনো সংশয় থাকারই হয়তো অবকাশ হতো না। বর্তমানে মাঠ দাপিয়ে বেড়ানো মেসিকে বাদ দিয়ে নিজের প্রতিদ্বন্দ্বীকে সেরা হিসেবে বেছে নিয়ে হয়তোবা পেলে এটিই বুঝিয়ে দিতে চাইলেন, শ্রেষ্ঠ ফুটবলারের দ্বৈরথ এখনো তাঁর আর ম্যারাডোনার মধ্যেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি