ডেস্ক রিপোর্টঃ
জাতীয় নির্বাচন বা রাজনৈতিক সঙ্কট মোকাবিলার বিভিন্ন কৌশল থাকে। বিশেষ করে জাতীয় নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। আগামীতে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে আগে স্থানীয় পর্যায়ে দলীয় প্রতিনিধিদের বিজয় চায় আওয়ামী লীগ। আর এসব নির্বাচন দলীয় প্রতীক বা ব্যানারে করলে বিজয় অনেকটাই সহজ হবে। সেজন্য স্থানীয় পর্যায়ের সব নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মাঠ পর্যায়ে দলীয় কোন্দল নিরসন, প্রশাসনকে নিজেদের পক্ষে ব্যবহার, বিরোধী প্রার্থীকে চাপে রাখা এবং জামায়াতকে দলীয়ভাবে নির্বাচনের বাইরে রাখাসহ একাধিক কৌশলের অংশ হিসেবেই দলীয় ব্যানারে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে ফল ঘরে তুলতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, ২০০৯ সালে সরকার গঠনের পরপরই স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করার চিন্তাভাবনা শুরু হয় সরকারে। তখনকার স্থানীয় সরকারমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিভিন্ন সভা-সমাবেশে সরকারের সেই মনোভাবের কথা প্রকাশও করেন। দলীয় ফোরামেও বিচ্ছিন্নভাবে বিষয়টি একাধিকবার আলোচনা হয়। বিশেষ করে ২০১৩ সালে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন এবং গত বছরের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দুই পর্বের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীদের ব্যাপক ভরাডুবির পর বিষয়টি আরো জোরালোভাবে আলোচনায় আসে। অবশেষে আগামী ডিসেম্বর ও মার্চে অনুষ্ঠিতব্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় নির্বাচন দলীয় ব্যানারে করার সিদ্ধান্ত নেয়া হলো। যা সরকার ও দলের জন্য লাভজনক হবে।
দলীয় সূত্রগুলো জানায়, সাত বছর দল ক্ষমতায় থাকার কারণে মন্ত্রী, এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় নেতাদের মধ্যে একাধিক বলয় তৈরি হয়েছে। এ সময় স্থানীয় পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী নেতা যেমন তৈরি হয়েছেন, তেমনি ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অনেকেই বিত্তশালী হয়ে উঠেছেন। তাদের অনেকেই আগামীতে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করবেন। এতে মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হানাহানি বাড়বে। তাদের সামলাতে হলে দলীয় প্রতীকে নির্বাচনের কোনো বিকল্প নেই। অতীতে দেখা গেছে নির্বাচন উন্মুক্ত থাকায় দলের একাধিক প্রার্থী স্বতন্ত্র ও বিদ্রোহী হয়ে মাঠে ছিল। এতে বিরোধী প্রার্থীরা সহজেই জয়লাভ করে। কিন্তু এবার দলীয় প্রতীকে নির্বাচন হলে সেই সুযোগ থাকবে না। কারণ কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। ফলে কেউ বিদ্রোহী প্রার্থী হওয়ার সাহস করবে না। এতে মাঠপর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে দলীয় প্রার্থী বেরিয়ে আসতে সহজ হবে।
জানা গেছে, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রার্থী মনোনয়নের বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিতে পারে বলে কয়েকজন মন্ত্রী আশঙ্কা প্রকাশ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, এটা তেমন সমস্যা হবে না। সংসদ নির্বাচনে যেমন পার্লামেন্টারি বোর্ড থাকে, তেমনি স্থানীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে বোর্ড করে দেয়া হবে। প্রত্যেক বোর্ডে একজন করে কেন্দ্রীয় নেতা থাকবেন।
এ প্রসঙ্গে দলের সিনিয়র একজন নেতা বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখা গেছে, একজনকে দলীয় প্রার্থী করা হলে অন্যরা বিরোধিতায় নামেন। সবাই দলের নেতা হওয়ার কারণে সমর্থক-ভোটাররাও বিভক্ত হয়ে যান। দলীয় নির্বাচন নয় বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া যেত না। দলীয় প্রতীকে নির্বাচন হলেও বিভক্তি থাকবে। তবে শাস্তিমূলক ব্যবস্থার ভয়ে এবং মার্কা না পেয়ে অনেকেই পিছিয়ে আসবেন।
তিনি আরো বলেন, ২০১৩ সালে পাঁচ সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হন। এ ছাড়া গত বছরের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দুই পর্বের ফলও আওয়ামী লীগের প্রতিকূলে যায়। এ সময়ে অনেক পৌর নির্বাচনেও বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের পর সারা দেশেই বহিষ্কার, কারাগারে প্রেরণ এবং মামলায় জর্জরিত হয়ে বিএনপি-জামায়াত সমর্থক সিটি ও পৌরমেয়র এবং উপজেলা চেয়ারম্যানদের অনেকের স্থানে আওয়ামী লীগ প্রতিনিধিদের দায়িত্ব দেয়া হয়েছে। এখন ইউনিয়ন পরিষদ ও বাকি পৌরসভাগুলোতেও আওয়ামী লীগের প্রতিনিধিদের বিজয়ী করে আনতে পারলে মাঠপর্যায়ে দলের শক্তি আরো বাড়বে, অন্য দিকে বিরোধীরা আরো দুর্বল হয়ে পড়বে।
আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, নিবন্ধনের ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রতীক ও দলীয় প্রার্থী দিয়ে নির্বাচন করতে পারবে না। ব্যালট পেপারে সব দলের প্রতীক থাকলেও দাঁড়িপাল্লা আর থাকবে না। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে ভোটারদের মন থেকে এক সময় দাঁড়িপাল্লা প্রতীকটিও হারিয়ে যাবে। এ ছাড়া প্রতীক থাকলে প্রশাসনের জন্যও সহজ হবে কে সরকার দল সমর্থিত আর কে বিরোধী দলের প্রার্থী। যা সরকার সমর্থিত প্রার্থীদের বিজয়ের জন্য একটি অনুষঙ্গ হিসেবে কাজ করতে পারে। এভাবে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় পর্যায়ের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হলে সরকারের ইমেজ ও জনপ্রিয়তা আরো বেড়েছে বলে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যাবে। এ ধরনের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়।
তবে বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, এভাবে চিন্তা করার কোনো সুযোগ নেই। কারণ বিশ্বের বড় বড় দেশগুলোতে দলীয় ব্যানারেই স্থানীয় নির্বাচন হয়। এ ছাড়া আমাদের দেশে নির্দলীয় বলা হলেও স্থানীয় নির্বাচনে সব কিছু দলই ঠিক করে। তাহলে আর লুকোচুরি করে লাভ কি। তার চেয়ে সরাসরি দলীয় ব্যানারে হলেই ভালো।
দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দলীয় ব্যানারে নির্বাচন হলে মাঠপর্যায়ে সব দলই আরো সংগঠিত ও শক্তিশালী হতে পারবে। একইসাথে সব রাজনৈতিক দলেই তৃণমূলপর্যায়ে নেতাদের মতায়ন হবে। সেজন্য এর বিরোধিতা করার কোনো কারণ নেই। তবে দলীয় প্রতীকে নির্বাচন হলেও স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ তো থাকছেই।























































