ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোড সংলগ্ন চানপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিএনজি চালিত অটোরিকশা সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
এদিকে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সি চিকিৎসকের কক্ষ ভাংচুর করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লা-চাদঁপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে চিকিৎসা অবহেলার অভিযোগ এনে ইর্মাজেন্সি ডাক্তারের কক্ষ ভাংচুর করা হয়।
নিহতরা হলেন-জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (২২) ও একই গ্রামের আবদুল কাদেরের ছেলে সোহেল (২২)। তারা কুমিল্লা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
আহত দ্বাদশ শ্রেণির শিক্ষাথী সায়মনকে কুমেকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ঢাকায় নেয়া হচ্ছে।
লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা সিটি কলেজের শিক্ষার্থী ইমন ও রাজিব জানায়, সড়ক দুঘর্টনার পর ঘটনাস্থলে তোফায়েল মারা যায়। আহত হয় সোহেল ও সায়মন। আহত ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সিতে আনা হলে তারা রোগি ভর্তি নিতে আধা ঘন্টা বিলম্ব করে। আমাদের শত অনুরোধ তারা রাখেনি। ফলে চিকিৎসার অভাবে শিক্ষার্থী সোহেল হাসপাতালে মারা যায়। পরে সায়মনকে ভর্তি করানো হয়।
এদিকে হাসপাতালে সোহেল মারা যাওয়ার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা দুপুর দেড়টার দিকে ইর্মাজেন্সি ডাক্তারের কক্ষের একটি টেবিল, একটি চেয়ার, একটি কম্পিউটার, একটি ফোন ভাংচুর করে।
তবে আবাসিক সার্জারি ডাক্তার আব্দুল আউয়াল জানান, রোগি সিড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠানোর সময় রোগি মারা গেছে। এতে আমাদেও কোন অবহেলা ছিল না।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এখন পরিস্থিতি শান্ত। হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে।




















































