
স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লায় ব্যাংক থেকে টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে সোমবার বিকালে আবু তাহের ও সহিদুল ইসলাম সুজন নামের ২ ছিনতাইকারীকে অস্ত্রসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আবু তাহের ও সহিদ দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা মহানগরীর বিভিন্ন ব্যাংক পাড়াসহ জনাকীর্ণ এলাকায় ছিনতাই করে আসছিল। সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি নিশ্চিন্তপুর এলাকার ইষ্টার্ন সিএনজি ফিলিং ষ্টেশনের পাশে পূবালী ব্যাংকের গ্রাহকদের টাকা ছিনতাইয়ের প্রস্তুতি নেয়। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এস.আই শাহ কামাল আকন্দ ও এস.আই সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই ২ ছিনতাইকারীকে আটক করে। এ সময় ছিনতাইকারীদের সাথে ডিবি পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আটককৃতদের নিকট থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
আটককৃত আবু তাহের নগরীর সংরাইশ এলাকার আবুল খায়েরের পুত্র এবং সহিদুল ইসলাম কাপ্তান বাজার এলাকার আবদুস ছোবহানের পুত্র। ডিবির এস.আই শাহ কামাল আকন্দ জানান, সাম্প্রতিক সময়ে কুমিল্লা মহানগরীতে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের টাকা ছিনতাইয়ের সাথে আটককৃতরা জড়িত থাকতে পারে। আটককৃতদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের সহযোগীদের আটক করতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে ডিবির একাধিক টিম।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

















































