বিরোধ মিমাংসার বৈঠকের বিরতিতে শশুর বাড়ির লোকজন জামাইকে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
সোমবার (১৯ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর ফৌজদারী এলাকায় কুমিল্লার সাবেক পিপি মুজিবুর রহমানের চেম্বারে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান সবুজ বুড়িচং ফকিরবাজার এলাকার মাধবপুর গ্রামের আ. বাকেরের ছেলে।
রাতে নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচা মোঃ সুলতান মিয়া জানান, গত এক বছর পূর্বে মেহেদী হাসান সবুজের সাথে দেবিদ্বার উপজেলার শাহাজাহান মিয়ার মেয়ে ফাহিমা আক্তার প্রেমের সম্পর্ক এর ভিত্তিতে বিয়ে হয়। তাদের এ বিয়েতে সবুজের শ্বশুর বাড়ির লোকজন রাজি ছিলো না।
বিয়ের পর থেকে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে ফাহিমার পরিবার। বিয়ের পর সবুজের বিরুদ্ধে শ্বশুর বাড়ির লোকজন বুড়িচং থানায় একটি অপহরন মামলা করে। এরই মধ্যে সবুজকে মেরে ফেলার হুমকি দেয় ফাহিমার পরিবার।
বিয়ের ৯ মাসের মাথায় ফাহিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সে অন্তঃসত্ত্বা হলে তার পেটের সন্তানকে অপসারনের জন্য ফাহিমার পরিবার চেষ্টা চালায়। এক পর্যায়ে ৩ মাসের বাচ্চাকে এমআর করে অপসারণ করা হয়।
এ খবর পেয়ে সবুজ ক্ষ্যাপে যায়। সে তার সন্তানকে কেন হত্যা করা হল তা জানতে চায় স্ত্রীর কাছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
নিহতের চাচা মো: সুলতান জানান, সোমবার সন্ধ্যায় কুমিল্লা জজকোর্ট এর সাবেক পিপি এড. মজিবুর রহমানের চেম্বারে সবুজের বিরুদ্ধে তার শ্বশুরবাড়ির লোকজন মামলা করতে এলে মামলায় না গিয়ে মিমাংসা করে দেবেন বলে এডভোকেট মুজিবুর রহমানসহ একটি পক্ষ ছেলে পক্ষকে ডেকে আনেন। তারা মিমাংসার লক্ষ্যে ছেলে ও মেয়ের পক্ষকে নিয়ে সালিশী বৈঠক বসেন।
বৈঠকের এক পর্যায়ে এশার নামাজের আজান হলে সাবেক পিপি মুজিবুর রহমানসহ মুরুব্বিরা নামাজ পড়তে গেলে সবুজের স্ত্রী ফাহিমা আক্তারের বাবা শাহাজাহান মিয়া, ভাই আরমান, চাচা বাবুল মিয়া ও অজ্ঞাত ৬/৭ জনসহ পিপির চেম্বারের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সবুজকে মারপিট শুরু করে। তারা জোড়পূর্বক বাথরুমে নিয়ে তাকে বিষ খাইয়ে মুখে পানি ঢেলে দেয়।
সবুজের চিৎকারে তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়ার পথে সবুজের মুখে দিয়ে রক্তক্ষরণ হয়। কুমিল্লা জেনারেল হাসপাতাল নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাবেক পিপি মুজিবুর রহমান জানান, দরবারের এক পর্যায়ে আমারা নামাজ পড়তে গেলে বৈঠকের স্থানে অনেক হট্টগোল এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তাদের হট্টগোল শুনে দ্রুত এসে তাদের বলি তোমরা যখন কেউ কাউকে সহ্য করতে পারছো না, এ বৈঠক আর হবেনা তোমরা চলে যাও। তিনি বলেন, এরপর কি হয়েছে আমি আর জানিনা।
এ বিষয়ে কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ির এসআই সামসুদ্দিন বলেন, মামলা প্রক্রীয়াধীন আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে। তবে নিহতের পরিবারের দাবি করছে, তাকে পিটিয়ে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমি যতটুকু জানি , সাবেক পিপি মজিবুর রহমানের চেম্বারে বিরোধ মিমাংসার জন্য বৈঠক বসেছিল। কিন্তু বৈঠকে তর্কাতর্কি শুরু হলে দু’পক্ষকে চলে যাওয়ার জন্য সাবেক পিপি মজিবুর রহমান নির্দেশ দেয়। নিহতের পরিবার অভিযোগ দিলে আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।


















































