মঙ্গলবার,২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাষ্ট্রপতির বেতন ১ লাখ ২০ হাজার, প্রধানমন্ত্রীর ১ লাখ ১৫ হাজার টাকা


রাষ্ট্রপতির বেতন ১ লাখ ২০ হাজার, প্রধানমন্ত্রীর ১ লাখ ১৫ হাজার টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৫

3570_1
নিজস্ব প্রতিবেদকঃ

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি, উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যদের বেতনভাতা বাড়ানো সংক্রান্ত নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আর এই অনুমোদনের ফলে প্রধানমন্ত্রীর বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বেড়ে দাড়িয়েছে ১ লাখ ১৫ হাজার টাকায়।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। জাতীয় সংসদে আইন আকারে পাস হলে এবং রাষ্ট্রপতির অনুমোদন পেলে এই বেতনভাতা কার্যকর হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন বেতন কাঠামোয় রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২০০ থেকে বেড়ে এক লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির এই বেতন বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ।

অনুমোদিত কাঠামো অনুযায়ী স্পিকার পাবেন এক লাখ ১২ হাজার টাকা, প্রধান বিচারপতি পাবেন এক লাখ ১০ হাজার টাকা, মন্ত্রীরা পাবেন এক লাখ পাঁচ হাজার টাকা, হাইকোর্টের বিচারপতিরা পাবেন ৯৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা, উপমন্ত্রীরা ৮৬ হাজার ৫০০ টাকা ও সংসদ সদস্যরা পাবেন ৫৫ হাজার টাকা।

এছাড়া আজকের বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ ২০১৫ আইন আকারে প্রণয়নের লক্ষে জাতীয় সংসদ সচিবালয়ে প্রেরণের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি