দুই বিদেশি হত্যাকাণ্ডে দূতাবাসগুলো বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘তাদের রেড অ্যালার্ট জারি বাড়াবাড়ি এবং এটা ভুল।’
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় একটি গণগ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিবেশই হয়নি। আমেরিকায় প্রতিবছর অনেক বেশি মানুষ মারা যায়। তাদের মধ্যে অনেক বাঙালিও থাকে। যখন আমেরিকায় বাঙালি হত্যার ঘটনা ঘটে তখন তারা কোথায় থাকে?’
দুই বিদেশির হত্যার কারণে পোশাক খাতে বিদেশিরা বিমুখ হচ্ছে কি না, সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা ট্যাম্পরারি ডিফিকাল্টি। এটা হতে পারে না। বিষয়টাকে ইস্যু করা হচ্ছে। দেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যে তার প্রভাব গার্মেন্টস সেক্টর বা অর্থনীতিতে পড়বে।’
অর্থ বরাদ্দের ক্ষেত্রে আইএমএফের শর্ত নিয়ে সাংবাদিকদের অপর একটি প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থ বরাদ্দের ক্ষেত্রে আইএমএফ শর্ত দিতেই পারে। তবে আমাদের শর্তও তাদের মানতে হবে। আইএমএফ বাংলাদেশের জন্য প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ছাড়ের সঙ্গে যে সংস্কার কর্মসূচি চালিয়ে যেতে সুপারিশ করেছে, তা বাংলাদেশ পূরণ করেছে।’























































