ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা মহানগরীতে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ, ও ডিবির পরিচয়ে অপহরণ করা হচ্ছে বহিরাগত ও স্থানীয়দের। পরে মোটা অংকের টাকার বিনিময়ে মুক্তি দেয়া হচ্ছে অপহৃতদের। প্রতিনিয়তই ঘটছে এসব ঘটনা । এর ফলে জানমালের নিরাপত্তায় শংকিত রয়েছে মহানগরবাসি।
কুমিল্লা মহানগরীর টাউনহল, টমছমব্রিজ, ইপিজেড, জাঙ্গালিয়া, শাসনগাছা , শাকতলা এলাকায় এসব অপহরণের ঘটনা অহরহ ঘটছে বলে অপহৃত ও স্থানীয়রা জানান। যদিও এসব এলাকায় পুলিশের টহল রয়েছে। তারপরেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব অপহরণের ঘটনা নিয়মিত ঘটছে। এসব ভুয়া অপহরণকারির খপ্পরে পড়ে বহিরাগত ও স্থানীয়রা হচ্ছে সর্বশান্ত।
স্থানীয় সূত্র ও অপহৃরা জানায়, মাইক্রোবাস, প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিক্সাতে করে এসব অপহরণের ঘটনা প্রতিনিয়ত করে যাচ্ছে অপহরণকারী চক্রগুলো। বিশেষ করে বহিরাগতরাই অপহরণের শিকার হচ্ছে । অপহরণের পরে সিএনজি ও মাইক্রোবাসে করে ২/৩ ঘন্টা আশেপাশের এলাকায় ঘুরিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে আতœীয়-স্বজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করে সঙ্গে থাকা মালপত্র, অর্থ লুটে নিয়ে মুক্তি দেয়া হচ্ছে অপহৃতদের। মুক্তিপণ দিতে বিলম্ব হলে গাড়িতে বসিয়েই চড়-থাপ্পড়, চোখে মলম, মুখে রুমেল গুজে দিয়ে করা হয় শারিরীক নির্যাতন। বাধ্য করা হয় মুক্তিপণ দিতে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মাদক দিয়ে থানায় চালান দেয়ার হুমকিও দেয়া হয়।
তবে এসব ক্ষেত্রে ভিক্টিমরা বেশিরভাগ ক্ষেত্রেই আইনের ধারস্থ হচ্ছে না । যার ফলে এসব চক্র সফলতার সাথে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্র আরো জানায়, এসব অপহরণকারি চক্রের সাথে স্থানীয় ছিনতাইকারি, মাদকাসক্তরা সম্পৃক্ত থাকতে পারে। যেহেতু এসব ঘটনা প্রতিনিয়তই ঘটছে, সেহেতু বাইরের অপহরণকারিদের সাথে স্থানীয়রা জড়িত থাকতে পারে। নগরীর চর্থা, শাকতলা, টমছমব্রিজ ও পদুয়ারবাজার বিশ্বরোড ও জাঙ্গালিয়া এলাকার বখাটেরাও এতে জড়িত থাকতে পারে।
গত কয়েক মাসে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা নি¤েœ তুলে ধরা হল-
কেস স্টাডি-১ ঃ
ঢাকার বাংলামোটরে অবস্থিত একসেস টেলিকমের ( আলাপ কমিউনিকেশন) সিনিয়র টেকনিশিয়ান মোঃ মনজুরুল হক সুজা (৪০) গত ২০ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় নগরীর টমছমব্রিজ এলাকায় ভুয়া ৩ ডিবি পুলিশের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন। মনজুরুল হক সুজা জানান, আমি ঢাকা থেকে কুমিল্লায় এসে জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত ত্রিকাল টাওয়ারের জিপি সেন্টারে গিয়ে চাদঁপুর জিপি অফিসের চাবি ও ট্ওায়ারের কাজের যন্ত্রপাতি নিয়ে বের হয়ে টমছমব্রিজ এলাকায় আসার পর আমার রিকসার গতিরোধ করে একটি সিএনজি চালিত অটোরিক্সা । পরে সিএনজি থেকে ২ জন লোক নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার কাছে অবৈধ মালামাল আছে বলে সিএনজিতে আমাকে উঠিয়ে নিলো। পরে সিএনজিটি শাকতলা এলাকায় যাওয়ার পর আরো ২ জন লোক সিএনজিতে উঠে। এর মধ্যেই তারা আমার কাছে চাদাঁ দাবি করে। তারা আমার ঢাকার অফিসের ম্যানেজার ফরিদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বলে। পরে ম্যানেজার স্যার তাদেরকে বিকাশ নাম্বারে ৫ হাজার টাকা পাঠায় । আর আমার কাছে থাকা ২,৮০০ টাকা, আমার মোবাইল, চাদঁপুর জিপি অফিসের টাওয়ারের কাজের দুটি ই-ওয়ান ডিভাইস, ৩টি রেডিও ডিভাইস, ২ টা এমসি মিডিয়া কনভারটর, ৪৫০ জি একটি মিকরোটিক রাইডার, ৩৫৩ ফুট ইন্টারনেট কেবল, দুটি টিজে বক্স ও ইলেকট্রিকেল মালামাল নিয়ে আমাকে ইপিজেড রোডে নামিয়ে তারা চলে যায় । তারা আমাকে পৌনে ২ টায় সিএনজিতে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে টাকা দাবি করে। আমি প্রথমে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমাকে থাপ্পড় মেরে বলে ইয়াবা দিয়ে থানায় চালান দিয়ে দিবো। সব আমাদের লোক। পরে বিকেলে কোতয়ালী থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছি।
কেস স্টাডি-২ঃ
চট্টগ্রাম মহানগরীর লালদিঘীরপাড়ের মোবাইল ব্যবসায়ী মোঃ ইসরাফিল মোল্লা জানান, চলতি বছরের ২৮ আগষ্ট চট্টগ্রাম থেকে গ্রামের বাড়ি চৌদ্দগ্রামে গিয়েছিলাম। পরদিন রাত ৮ টায় সেখান থেকে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় বাস থেকে নামার পর কয়েকজন লোক আমাকে ডাক দেয়। আমি তাদের কাছে না গিয়ে অটোরিক্সাতে করে টমছমব্রিজ এলাকায় আসি। এরপর অটোরিক্সাতে উঠার সময় ওই তিনজন লোক এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে বলল, তোর কাছে অবৈধ জিনিস আছে থানায় চল। আমাকে জোর করে অটোরিক্সাতে উঠিয়ে ইপিজেড রোডের একটি নির্জন এলাকায় নিয়ে আমার কাছে থাকা ৯ হাজার টাকা ও মোবাইলটি নিয়ে আমাকে ছেড়ে দিল। আমি প্রথমে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমাকে পেট্রোল বোমা দিয়ে থানায় চালান দেয়ার হুমকি দেয়। আমাকে প্রায় পৌণে এক ঘন্টা তারা টমছমব্রিজ এলাকার আশেপাশে অটোরিক্সাতে করে ঘুরিয়ে টাকা দেয়ার জন্য চাপ দেয়। পরে আমি টাকা ও মোবাইল দিতে বাধ্য হই। আমি প্রথমে তাদের পুলিশ মনে করেছিলাম। কারণ তাদেরকে আমি টমছমব্রিজ এলাকায় ট্রাফিক পুলিশের আশেপাশে দাড়িয়ে থাকতে দেখেছিলাম। তাদের কাছ থেকে মুক্ত হয়ে আমি টমছমব্রিজ এলাকায় ট্রাফিক পুলিশকে এসে প্রশ্ন করলে তারা বলে এখানে কোন ডিবি পুলিশ ছিল না। আমরা তাদেরকে চিনি না। আপনি প্রতারকের খপ্পরে পড়েছেন। পরে আমি আবার চট্টগ্রামে ফিরে যাই।
কেস স্টাডি-৩ ঃ
নগরীর চকবাজার এলাকার নাপিথ রাম জানান, চলতি বছরের মে মাসের শেষের দিকে রাত সাড়ে ১১ টায় কুমিল্লা টাউনহলের সামনে দিয়ে যাচ্ছি । এমন সময় একটি মাইক্রোবাস এসে আমার সামনে থামল । আমাকে বলল- গাড়িতে উঠ । আমরা পুলিশের লোক। তোকে আমরা চিনি। সদর দক্ষিণে তোর বাড়িতে পৌছে দিবো। গাড়িতে উঠার পর তারা আমার হাত বেধেঁ ফেলে এবং চোখে টাইগার বাম দিয়ে মুখে রুমাল ঢুকিয়ে দিয়ে আমার কাছে ১ লক্ষ টাকা চায় । কিছুক্ষণ পর মুখের রুমেল বের করে দেয়। আমি তাদের কান্নাকাটি করে বলি, স্যার আমি গরীব মানুষ। আমার নিজস্ব টাকা নাই। সমিতির এক লোকের ৭ হাজার টাকা আছে । পরে তারা ৭ হাজার টাকা নিয়ে সদর দক্ষিণ উপজেলার সামনের সড়কের রাস্তায় আমাকে ফেলে চলে যায় ।
এসব অপহৃত লোকের মত আরো অনেকে অপহরনের শিকার হচ্ছে নিয়মিত । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্র জানায়, এসব পুলিশ , ট্রাফিক রয়েছে । তারপরেও এসব চক্র কেন এত সক্রিয় তা মাথায় আসে না। এদের কয়েকজন ধরা পড়লে হয়তো এই অপরাধ কমতে পারে।
এ বিষয়ে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, এসব অপরাধের বিষয়ে আমরা শুনেছি । এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তবে আমরা এসব চক্রকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
এ বিষয়ে জানতে কুমিল্লার পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেনের মুঠোফোনে ( বুধবার-রাত ৯টা ৩ মিনিটে )কল দিলে তিনি কল রিসিভ করেননি।

























































