ডেস্ক রিপোর্টঃ
সম্প্রতি খুনের ঘটনা বেড়ে যাওয়ায় দেশে নতুন করে নিরাপত্তা শঙ্কা সৃষ্টি হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ২৭ দিনে দুর্বৃত্তদের হামলায় ৫টি আলোচিত হত্যাকা- সংগঠিত হয়েছে। যার কোনোটিরই কুলকিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করতে পারলেও তাজিয়া মিছিলে বোমা হামলা ঠেকাতে পারেনি পুলিশ। এতে করে নিরাপত্তা শঙ্কা যেন ক্রমশ বাড়ছে। এরইমধ্যে এই বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বিশেষজ্ঞরা বলছেন, এসব সন্ত্রাসী হামলা পরিকল্পিতভাবে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশের ইন্ধনও থাকতে পারে। এসব প্রতিরোধে আইনশৃঙ্খলাবাহিনীকে আরও ট্রেনিং দিতে হবে।
রাজনৈতিক অস্থিতিশীলতা, মত প্রকাশের ওপর নিয়ন্ত্রণ, কার্যকর বিরোধী দলের অনুপস্থিতিসহ সাম্প্রতিক বিষয়গুলো দেশের পরিস্থিতিকে জটিল করে তুলছে। নিরাপত্তা বিশ্লেষক ড. আব্দুর রব খান বলেন, ‘বর্তমানে এ ধরণের সন্ত্রাসী হামলা বিশ্বের সব দেশেই হচ্ছে। বাংলাদেশও বিশ্বের বাইরে না। সিরিয়া, পাকিস্তানের মতো সন্ত্রাসী হামলা আমাদের দেশে শিয়া মতাদর্শীদের হওয়া খুবই দুর্ভাগ্যজনক।’ তিনি বলেন, ‘আমাদের দেশে এসব ঘটনা মূলত বিদেশি জঙ্গি গোষ্ঠীর তৎপরতাকে এবং তাদের আইডিয়া অনুসরণ করে করা হচ্ছে। এর মধ্যে বিদেশিদের ইন্দন থাকা অসম্ভব কিছু না। তবে আমি মনে করি, ১৬ কোটি মানুষের এই দেশে খারাপ কাজ করার মতো অনেক আছে।’ ড. আব্দুর রব খান আরও বলেন, ‘এসব ঘটনা প্রতিরোধে আমাদের আইনশৃক্সখলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। বিপর্যয়কর পরিস্থিতিতে তাদের ভূমিকা সম্পর্কে স্পেশাল ট্রেনিং দিতে হবে। অপরাধীদের তাৎক্ষণিকভাবে ধরে ফেলার দক্ষতা অর্জন করতে হবে। তবেই আইনশৃঙ্খলা বাহিনীর বিশ্বাসযোগ্যতা প্রমাণ হবে। সাধারণ মানুষও তাদের ওপর আস্থা রাখতে পারবে।’
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটি দেশে সেক্টারিয়ান ভায়োলেন্স বা ধর্মীয় সম্প্রদায়গত সহিংসতার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করার ঘোষণা।’
তিনি মনে করেন, বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং গত কয়েক মাসে যেসব ঘটনা ঘটছে তার প্রেক্ষাপটেই এই হামলাকে বিবেচনা করতে হবে। রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিরতা ও অস্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি, মত প্রকাশের ওপরে নিয়ন্ত্রণ, শক্তি প্রয়োগের ওপরে ক্ষমতাসীনদের অতিমাত্রায় নির্ভরতা, কার্যকর বিরোধী দলের অনুপস্থিতি, স্থানীয় জঙ্গী গোষ্ঠীগুলোর শক্তি সঞ্চয়, বিদেশি নাগরিকদের হত্যার পটভূমিকায় এখন সম্প্রদায়গত সহিংসতা পরিস্থিতিকে আরো জটিল করবে।
এদিকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিজের পক্ষে নেয়ার জন্য কোনো পক্ষ পরিকল্পিতভাবে এসব করছে। দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টে কাজ করছে একটি চক্র।’
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে গেলে প্রতিবারই এ ধরনের ঘটনা বেড়ে যায়। রাজনৈতিক উদ্দেশ্যে এসব হচ্ছে কিন্তু লক্ষবস্তু করা হচ্ছে সাধারণ নিরীহ মানুষকে। হত্যার বৈধতা আনার জন্য ধর্মকে জড়িয়ে দিচ্ছে তারা।’
আব্দুর রশিদ আরও বলেন, ‘তাদের দৃষ্টিতে সুফিবাদি, শিয়া, কাদিয়ানি অনুসারীরা শরিয়াবিরোধী। সমাজে বিভেদ সৃষ্টির লক্ষ্যে তারা হত্যাকা- ঘটাচ্ছে। হিন্দু-মুসলমান, শিয়া-সুন্নি দাঙ্গা সৃষ্টির মধ্য দিয়ে তারা মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া বন্ধের চেষ্টা করছে।’
তিনি বলেন, এসব হত্যাকা-ে পাকিস্তান ও তাদেরসহ মিত্র দেশগুলোর সম্পৃক্ত থাকার সম্ভাবনা অনেক বেশি। তবে পশ্চিমাদের ভূমিকা এখনও অস্পষ্ট। পরিস্থিতি উন্নতির সাথে সাথে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। গত ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালীয় নাগরিক তাভেলা সিজার খুন হওয়ার ঘটনার মধ্য দিয়ে এই শঙ্কার সূত্রপাত। বহু বছর পর দেশের মাটিতে বিদেশি নাগরিক হত্যার ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টিকে ঘিরে আলোড়ন সৃষ্টি হয়। তার রেশ না কাটতেই ছয় দিনের মাথায় রংপুরে খুন হন আরেক বিদেশি নাগরিক জাপানের হোশি কোনিও। এই দুটি ঘটনায় বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের চলাফেরায় একাধিকবার নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।
গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে, সুনির্দিষ্ট করে কিছু বলতে না পারলেও নিরপত্তা নিয়ে সংশয় এবং আবারও হামলার আশংকা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। তবে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও ইতালিসহ বিভিন্ন দেশের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও বসবাসকারী বিদেশি নাগরিকরা।
এদিকে পরপর দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় দেশে যখন তোলপাড় হচ্ছে এমন পরিস্থিতিতে ৫ অক্টোবর বাড্ডার গুদারাঘাটে নিজ বাসায় গলা কেটে হত্যা করা হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খিজির খানকে। এ ঘটনায় ১৪ অক্টোবর তরিকুল ইসলাম ও আলেক ব্যাপারী নামের সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দু’জনকে তিন দিনের রিমান্ড দেয় আদালত। হত্যাকা-ের এসব ঘটনার রহস্য উদ্ঘাটনে যখন ব্যস্ত সময় পার করছেন আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী। তখনই ১৭ অক্টোবর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ফেসবুকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারন ডায়েরি করেন ইমরান।
এছাড়া ১৯ অক্টোবর ছয় দফা নির্দেশনা দিয়ে কয়েকটি গণমাধ্যমকে ই-মেইলের মাধ্যমে আনসারউল্লাহ বাংলা টিমের নামে হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনায় বাংলাদেশে নিরাপত্তা শঙ্কা আরও ঘনীভূত হয়। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গাবতলীতে দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা ও মুসলমানদের পবিত্র আশুরাকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃক্সখলা বাহিনী। কিন্তু দুর্গা পূজায় নিরাপত্তা দিতে সফল হলেও শুক্রবার রাতে পুরান ঢাকায় আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতি চলার সময় বোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে এক ব্যক্তি নিহত ও ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। তাজিয়া মিছিলের সংগঠকদের অন্যতম একজন এম. এম. ফিরোজ হোসাইন বিবিসি বাংলাকে বলেন, আমরা শিয়া মুসলিমরা ৪০০ বছর ধরে ঢাকায় এই তাজিয়া মিছিলের আয়োজন করে আসছি। কখনও আমরা কোনো ধরনের হুমকি পাইনি এবং কখনও আমাদের ওপর কোনো হামলাও হয়নি। বাংলাদেশে সকলের সাথে ভালো সম্পর্ক এবং সম্প্রীতির পরিবেশ আমরা পেয়েছি।
এই হামলাকে স্বাধীনতাবিরোধী চক্রের পরিকল্পিত কাজ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল ইসলাম। এদিকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেছেন, হোসনি দালানে বোমা বিস্ফোরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এর কারণ বা উদ্দেশ্য সম্পর্কে বলা যাবে। তবে এটি জঙ্গি হামলা কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুরান ঢাকার হোসনি দালান এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা পরিকল্পিত। এই হামলার ভিডিও ফুটেজ আছে। দোষী ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করা হবে এই ফুটেজ দেখে। ‘যারা আন্দোলনে ব্যর্থ, তারা নব ফর্মুলায় এটা করছে’ উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দুই বিদেশি হত্যা, গাবতলীতে পুলিশ হত্যা এবং শিয়াদের তাজিয়া মিছিলে বোমা মেরে হত্যায় একই গোষ্ঠী জড়িত। স্পষ্ট করেই বলি, এসব ঘটনায় জামায়াত, শিবির ও বিএনপি জড়িত।
এদিকে শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হোসনী দালানের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করছি।’ হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মুসলিম ধর্মাবলম্বী শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিলে হামলা ও কিশোর নিহতের ঘটনা রাষ্ট্রের জন্য উদ্বেগের বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. ফেরদৌস হাসান। এদেশে সব ধর্মমতের মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে রাষ্ট্রযন্ত্রকে আরও সোচ্চার হতে হবে বলে মনে করেন তিনি। ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেন, রাজনীতি এবং রাষ্ট্রযন্ত্র থেকে অসাম্প্রদায়িকতার বীজ উপড়ে ফেলা না গেলে এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা না করা গেলে এমন ঘটনা আরও ঘটতে থাকবে। সবশেষ আগের রাতের বোমা হামলার স্মৃতি মুছে যথারীতি পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকেই বের হয় আশুরার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের একঘণ্টা পরে হলেও মিছিলে অংশ নেন হাজারও মানুষ। ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে তৈরি হয় শোকাবহ আমেজ। সূত্র-প্রিয়


























































