শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শুভপুরে কিশোরের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৫

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ফাহিম আহমেদ (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রবিবার দিবাগত রাতে নগরীর শুভপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর শুভপুর এলাকার মৃত ইকবাল আহমেদ মিলনের পুত্র ফাহিম আহমেদ নগরীর চকবাজারে তার মামার ব্যবসায়ীক প্রতিষ্ঠান দেখভাল করতো। ব্যবসায়ীক কারণে ফাহিমের মামার সাথে শুভপুর এলাকার আক্তারুজ্জামানের বিরোধ সৃষ্টি হয়। শুভপুর সূর্যোদয় মহিলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা নির্বাহী ও ফাহিমের মা রোকেয়া বেগম জানান, আক্তারুজ্জামান ও তার ভাই কামরুজ্জামান বিভিন্ন সময় ফাহিমকে হুমকী-ধমকী প্রদানসহ অকথ্য ভাষায় গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শন করতো। এর জের ধরে সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে ফাহিমের মা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আক্তারুজ্জামান, কামরুজ্জামান ও আরিফ হোসেনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দাখিল করেছেন। কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামছুজ্জামান জানান, ময়নাতদন্তের পর ফাহিমের মরদেহ সোমবার বিকালে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি