বুধবার,২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পৌরসভা নির্বাচন : ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৫

ecpic_102573-310x206

স্টাফ রিপোর্টারঃ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিনে পৌরসভা নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন(ইসি)। সে অনুযায়ী কর্ম পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য দেন তিনি।

জাবেদ আলী বলেন, ‘ডিসেম্বরের প্রথম দিকে স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হবে। জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা নিয়ে ইসির কর্মকর্তারা ব্যস্ত থাকবেন। এ ছাড়া জানুয়ারিতে শুরু হবে বিশ্ব ইজতেমা। ফেব্র“য়ারিতে এসএসসি পরীক্ষা। সব মিলিয়ে মনে হচ্ছে, ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ২৪৫ পৌরসভার ভোটগ্রহণ করতে পারলে নির্বাচন কমিশনের জন্য ভালো হবে।’

নির্বাচন এক দিনে করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক দিনেই নির্বাচন করা হবে। এমন চিন্তাভাবনাই ইসি করছে।’

তিনি বলেন, ‘আচরণ বিধিমালা মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সেখানে থেকে এলে কমিশন নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করবে।’

তফসিল ঘোষণার বিষয়ে জাবেদ আলী বলেন, ‘আশা করছি, নভেম্বরে মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হতে পারে।’

সংশোধিত বিধিমালা ভেটিংয়ের জন্য কবে নাগাদ আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি যাওয়ার পথে। আজকের মধ্যে আইন মন্ত্রণালয়ে তা পৌঁছানোর কথা।’

বিধি সংশোধনে রাজনৈতিক দলের সংলাপ বা তাদের মতামত নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নিতে পারলে ভালো হতো। তবে সময় কম থাকায় নেওয়া হয়নি। তবে এ আইনে এমন কিছু বিষয় রাখা হয়নি, যাতে রাজনৈতিক দলগুলো ভিন্নমত প্রকাশ করবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি