শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আশঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছে পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৫

 

166826_1-400x208

ডেস্ক রিপোর্ট : সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই এবার আশঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। কয়েক দিনের ব্যবধানে চেকপোস্টে সন্ত্রাসীদের হামলায় দু’জন পুলিশ সদস্য নিহতের ঘটনাকে নিরাপত্তাহীনতার প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের দাবি, অতর্কিত হামলায় পুলিশ সদস্য নিহত এবং হামলার ধারাবাহিকতা চলমান থাকলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে আশঙ্কা ও নিরাপত্তাহীনতার মনোভাবের জন্ম দেবে। তারা নিরাপত্তাহীনতায় ভুগবে। তাই পরিস্থিতি মোকাবিলায় তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলামের দাবি, নিরাপত্তাহীনতা নয়, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যক্তিগত সুরক্ষার অগ্রগতি দিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

তিনি বলেন, ‘সম্প্রতিক সময়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। তাই ব্যক্তিগত সুরক্ষা অগ্রাধিকার দিয়ে পেশাগত দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছি। এটা নিরাপত্তাহীনতার বিষয় নয়।’

তবে মাঠ পর্যায়ে একাধিক পুলিশের সদস্য তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। মতিঝিল এলাকায় দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে কে বলেন, ‘গাবতলী ও সাভারের ঘটনার পর থেকে কিছুটা শঙ্কা নিয়ে দায়িত্ব পালন করছি। যদিও দেশের জন্য জীবন উৎসর্গ করার প্রত্যয় নিয়ে চাকরিতে যোগ দিয়েছিলাম। তারপরও মৃত্যুর ভয় সবার আছে। সে পুলিশ হোক আর সাংবাদিক হোক। কেউ-ই মরতে চাই না।

একই কথা বলেছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। তবে তাদেরকে এলার্ট থাকতে উচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। জীবন রক্ষার্থে গুলি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সদস্যরা

গত ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে চেকপোস্টে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম নিহত হন। তার ১৩ দিনের মাথায় ৪ নভেম্বর সাভারের আশুলিয়ায় একইভাবে চেকপোস্টে পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এতে কনস্টেবল মুকুল হোসেন নিহত হন। আহত হন নূরে আলম নামে এক পুলিশ সদস্য। এরপর থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় দায়িত্বরত পুলিশের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পুলিশ সদর দফতরের তথ্য মতে, চলতি বছরে মোট ৫৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। ২০১৪ সালে দায়িত্ব পালনকালে ১০২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জন সন্ত্রাসীদের হামলায় নিহত হন। বাকিরা সড়ক ‍দুর্ঘটনা ও অসুস্থজনিত কারণে মারা যান।

২০১৩ সালের দায়িত্ব পালনকালে মারা গেছেন ১০৯ জন। এদের মধ্যে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন ২১ জন।

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সারাদেশের পুলিশকে এলার্ট থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের উপরে হামলা বা আক্রমণ করা হলে আত্মরক্ষার্থে গুলি করার নির্দেশও দিয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির সদফর দফতরে বিভিন্ন জোনের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৈঠকে পুলিশের ‍উপর হামলা হলে গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত থাকা একজন উপ-কমিশনার (ডিসি) নাম প্রকাশ না করার শর্তে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় কমিশনার সে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া নিরাপত্তা জোরদার করতে নজরদারি বাড়াতে বলা হয়েছে।’

তিনি জানান, বৈঠকে কমিশনার বলেছেন, ‘টহল বা চেকপোস্টে পুলিশ গুলিবিদ্ধ হবে এবং সন্ত্রাসীরা গুলি করে চলে যাবে; পুলিশ গুলি করবে না, এটা হতে পারে না। নিজেদের রক্ষায় গুলি চালাতে হবে। এ ক্ষেত্রে কারো অনুমতি লাগবে না। তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট পরতে বলা হয়েছে। এ ছাড়া চেকপোস্টে অন্তত একটি অস্ত্রে গুলিভর্তি করে রাখতে হবে।’

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ আত্মরক্ষার্থে গুলি করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, নিজ ও অন্যের জীবন রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো মুহূর্তে গুলি করতে পারবেন। তাদের নির্দেশনার প্রয়োজন নেই।’

এদিকে বিশ্লেষকরা বলছেন, বর্তমানে যে ধরনের সন্ত্রাসী কর্মকা- হচ্ছে এগুলো ভিন্ন প্যার্টানের ক্রাইম। পুলিশ সদস্যদের কাছে এটি নতুন অভিজ্ঞতা। এসব সন্ত্রাসী কর্মকা- মোকাবিলা করতে হলে পুলিশের দক্ষতা, সক্ষমতা ও কোয়ালিটি বাড়াতে হবে। তাদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যারা মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করছেন তাদের বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠাতে হবে। শুধু উর্ধ্বতণ কর্মকর্তারাই নয়, নিচু স্তরের আইনশৃক্সখলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠাতে হবে। যাতে সেই প্রশিক্ষণ মাঠ পর্যায়ে কাজে লাগানো যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ও সমাজবিজ্ঞানী ড. নেহাল করিম টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘পুলিশের উপর বারবার হামলা অবশ্যই আতঙ্কের বিষয়। এতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতার মনোভাবের জন্ম দেবে। তবে তাদের এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য যথাযথ ট্রেনিং ব্যবস্থা করতে হবে। যাতে তাদের উপর হামলা হলে পালিয়ে না যায়। এছাড়া তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের লোক প্রতিবছর বিদেশ প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। কিন্তু সাধারণ সদস্যদের পাঠানো হচ্ছে না। ফলে যারা ট্রেনিং নিয়ে আসছেন। তাদের ট্রেনিং কোনো কাজে আসছে না।’

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশের উপরে মানুষের আস্থা এমনিতে কম। তার উপর যদি সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত হন। তাহলে এটা আশঙ্কার বিষয়।

তিনি বলেন, ‘পুলিশ এখন চ্যালেঞ্জের মুখে। এর মধ্য দিয়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। তবে আরও সতর্ক থাকতে হবে। নজরদারি বাড়াতে হবে।

তিনি বলেন, তাদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের কোয়ালিটি বাড়াতে হবে। এতে তাদের মনোবল বৃদ্ধি হবে। গুড়ি ছোড়ার নির্দেশ বা বুলেটপ্রুফ জ্যাকেট কোনো সমাধান নয়। উন্নত প্রশিক্ষণ না থাকলে পুলিশের হাতে আধুনিক অস্ত্র দিলেও তা কাজে আসবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি