শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জিয়াউর রহমানের ভাই রাজনীতিতে সক্রিয় হচ্ছেন !


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৫

download-6

ডেস্ক রিপোর্টঃ

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা কে কোথায় কী করছেন, তার খবর কেউ রাখেন না। বেশির ভাগ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের সদস্যদের ব্যাপারে কমবেশি মানুষের মুখে শোনা যেত। জিয়ার বাবা, মা, ভাই-বোনদের খবর ছিল না। এবার জিয়ার ছোট ভাই আহমেদ কামাল তার প্রয়াত বাবা, মা, ভাই ও ভাইপোর স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করায় রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে তিনি রাজনীতিতে আসবেন কিনা।

বিএনপি প্রতিষ্ঠা করার পর জিয়াউর রহমানের হাত ধরে অনেক সরকারি কর্মকর্তা, আমলা, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রাজনীতিতে এসে প্রতিষ্ঠিত হয়েছেন। সাবেক এই রাষ্ট্রপতির সহধর্মিনী খালেদা জিয়ার পরিবারের একাধিক সদস্যও রাজনীতিতে এসে প্রতিষ্ঠিত হন। তবে জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা অনেকটাই থাকেন দূরে দূরে। জিয়াউর রহমানের বাবা-মাও মারা গেছেন। তার বাবা মনছুর রহমান, মাতা জাহানারা খাতুন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনিসহ চারজন মারা গেছেন। অপর তিন ভাইয়ের মধ্যে সবার বড় হলেন রেজাউর রহমান, মিজানুর রহমান ও খলিলুর রহমান। রেজাউর রহমান নৌবাহিনীতে চাকরি করতেন। তিনি ২০০৬ সালে মারা যান। নামকরা ব্যাংকার ছিলেন ছোটভাই মিজানুর রহমান। তিনি লন্ডনে চাকরি করতেন। তিনিও ২০১২ সালে মারা যান। সেজো ভাই খলিলুর রহমান পেশায় ছিলেন রসায়নবিদ। তিনি ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে মারা যান। সবার ছোট তাদের একমাত্র জীবিত আহমেদ কামাল ছিলেন সরকারি চাকুরে। পেশায় ব্যাংকার। অবিবাহিত। ২০০৬ সালে তিনি পর্যটন কর্পোরেশনের পরিচালক হিসেবে অবসরে যান। রাজধানীর বাসাবো এলাকায় ছোট একটি ভাড়া বাসায় জীবন কাটাচ্ছেন।

আহমেদ কামালের উদ্যোগে গত বুধবার তার প্রয়াত বাবা-মা ও চার ভাই এবং ভাইপো জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনার জন্য রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দোয়ার আয়োজন করা হয়। জিয়ার আপন ভাই হয়েও আহমেদ কামালের তেমন কোনো পরিচিতি নেই। যদিও তার রাজনীতিতে আসা নিয়ে গুঞ্জন আছে। আসলেই কি তিনি রাজনীতিতে আসার ব্যাপারে সক্রিয় হচ্ছেন? তবে মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি বলেছেন, মিলাদ মাহফিলের আয়োজন একান্তই আমাদের পারিবারিক। এটাকে অন্যভাবে না দেখার জন্য তি সকলের কাছে অনুরোধ করে বলেছেন, যদি কোনো দিন রাজনীতিতে আসি, আপনাদের জানাবো। তবে ঠিক বোঝা যায়নি, তিনি সহসা রাজনীতিতে নামছেন কি না।

এদিকে জিয়াউর রহমানের সহধর্মিনী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের অনেক সদস্য রাজনীতিতে এসে প্রতিষ্ঠিত হয়েছেন। তার বড় বোন প্রথমে জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন খুরশীদ জাহান হক। এরপর তিনি গণপ্রজাতন্ত্রী সরকারের মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছোট ভাই মেজর (অব.) সাঈদ এস্কান্দার ফেনীতে সংসদ সদস্য নির্বাচিত হন। আরেক ছোট ভাই শামীম এস্কান্দার এখনও সংসদ সদস্য নির্বাচিত হননি। তবে খালেদা জিয়ার বিপদে-আপদে এই ছোট ভাই ও ভাইয়ের বউ কানিজ ফাতেমাসহ অন্যান্যরা এগিয়ে যান। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসার জন্য বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন। সেখানে তারেক রহমানের স্ত্রী, কন্যা ও ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়েদের নিয়ে আছেন। জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার তেমন কোনো সম্পর্ক আছে বলেও মনে করছেন না অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি