ডেস্ক রিপোর্টঃ
খুব শিগগিরই ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্তত আগামী ১০ দিনের মধ্যে দেশে ফেরার কোন পরিকল্পনা নেই বেগম জিয়ার,এ প্রতিবেদকের সাথে আলাপকালে এমনটিই জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা। সূত্র জানায়, বিএনপি নেত্রীর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে আছেন তার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়েছেন। ফলে যুক্তরাজ্যের রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার পূর্ব নির্ধারিত কয়েকটি সাক্ষাতের কর্মসূচিও পেছানো হয়েছে। একই সঙ্গে পেছানো হয়েছে তার দেশে ফেরার সম্ভাব্য তারিখও।
যদিও যুক্তরাজ্য বিএনপির বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে আছেন খালেদা জিয়া। চিকিৎসা সম্পন্ন না হলেও দুই বিদেশি নাগরিক ‘জঙ্গি’ হামলায় নিহত হওয়ার পর দেশে ফিরতে তাড়াহুড়া করছেন তিনি। এ জন্য তিনি বিমানের টিকিটও বুকিং দিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ এবং ছেলে তারেক রহমানের বাধার কারণে ওই বুকিংও বাতিল করা হয়।
তবে খালেদা জিয়ার নির্দেশে ২২ অক্টোবর বিমানের টিকিট বুকিং দেওয়া হয়েছে। এরই মধ্যে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হলে ওই দিনই দেশে ফিরবেন তিনি।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জানান, খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। চিকিৎসার জন্য আরও কিছুদিন তিনি লন্ডনে অবস্থান করবেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন আসেন খালেদাজিয়া। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ১/১১ পর থেকে লন্ডনে বসবাস করছেন। চিকিৎসার পাশাপাশি বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। চলতি সপ্তাহে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানা গেছে।
























































