শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় বদলে গেছে ভূমি অফিসের কার্যক্রম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৫

ac land news pic 9-11-15
ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ

দীর্ঘ ১১ বছর পর ব্রাহ্মণপাড়ায় সহকারি কমিশনার (ভূমি) কামরুল ইসলাম খাঁন যোগদান করার পর থেকে এলাকার সাধারন জনগন সঠিক সেবা পেয়ে যাচ্ছে। উপজেলা ভূমি অফিসের কর্মকান্ডে ফিরে এসেছে প্রানচাঞ্চল্য। এসিল্যান্ড কামরুল ইসলাম খান গত আগষ্ট মাসের ২ তারিখ ব্রাহ্মণপাড়ায় যোগদান করেন। যোগদানের পর তিনি তার অফিসসহ উপজেলার ৭টি ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শন করে সকল অফিসের কর্মকর্তা কর্মচারীদের তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিক ভাবে পালন করার নির্দেশ প্রদান করেন। কাজের গতি বৃদ্ধি করার লক্ষে অফিসে ইউপিএস সংযোগসহ ক্রয় করা হয়েছে নতুন ল্যাবটপ। ইতিমধ্যে তিনি উপজেলা ভূমি অফিসে সিটিজেন চার্টার টানানোসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে সিটিজেন চার্টার টানানোর নির্দেশ দিয়েছেন। উপজেলা ভূমি অফিসে ৮ জন, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে ২০ জনসহ মোট ২৮ জন কর্মকর্তা ও কর্মচারী উপজেলার ৮টি ইউনিয়নের ১২৮.৯০ কি:মি: আয়তন ভূমির রক্ষনাবেক্ষণ ও ভূমি সংশ্লিষ্ট সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। জনগণের মাঝে ভূমি সংক্রান্ত সঠিক সেবা পৌছে দেবার জন্য এসিল্যান্ড কামরুল ইসলাম প্রতিদিন সকাল ৯টা থেকে টানা ৫টা পর্যন্ত তার কর্মস্থলে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ৪৫ দিনের মধ্যে সরকারী নির্দিষ্ট ফি ডিসিআর ১১৫০ টাকা এবং কোট ফি ২০ টাকা জমার দেয়ার মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে নামজারী করে দেয়া হচ্ছে। নামজারী মামলার রায় প্রতিদিন ফলোআপ আকারে বোর্ডে টানিয়ে দেয়া হয়। দখলকৃত সরকারী খাস জমি উদ্ধারে উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। এসিল্যান্ড কামরুল ইসলাম খান এ প্রতিনিধিকে বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে জনগনের যেন কোন ভোগান্তি না হয় এবং তারা যেন সঠিক সেবা পেতে পারে সেজন্যে যোগদানের পরই অফিসকে দালাল মুক্ত ঘোষনা করা হয়েছে। ভূমি অফিসের সঠিক সেবা পেতে প্রতি শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজিদে মুসুল্লীদের সাথে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হচ্ছে। ভূমি সংক্রান্ত যে কোন বিষয়ে জনগনকে সেবা দিতে সরাসরি জনগন যেন আমার সাথে যোগাযোগ করতে পারে সে ব্যাপারে আমার অফিসের মূল দরজার পর্দা খোলে দেয়া হয়েছে। জনগনের কাছে সঠিক সেবা পৌছে দিতে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নের্তৃবৃন্দ, নির্বাচিত প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। ভূমি অফিসের কোন কর্মকর্তা ও কর্মচারী দূর্নীতির সাথে সম্পৃক্ততার প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি