নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রেসিডেন্টের কাছে একটি বিশেষ বিষয়ে আবেদন করবেন।
বৃহস্পতিবার পরিবারের সদস্যরা মুজাহিদের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা জানান। তবে কি বিষয়ে আবেদন করবেন তা পরিবারের সদস্যদের জানাননি তিনি।
মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর এ তথ্য জানান। মাবরুর জানান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, রিভিউ খারিজের রায়ের ব্যাপারে কারাকতৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানায়নি। এ ব্যাপারে আদেশের কোনো কপিও তিনি পাননি। এ অবস্থায় তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে চান। তিনি প্রেসিডেন্টকে সাংবিধানিক অভিভাবক মনে করেন। আইনজীবীদের সঙ্গে আলাপ করে তিনি প্রেসিডেন্টের কাছে একটি বিশেষ বিষয়ে আবেদন করতে চান।
























































