ডেস্ক রিপোর্ট :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মাসে লন্ডন থেকে দেশে ফিরছেন না। তিনি দেশে ফেরার জন্য আবারো সম্ভাব্য দিন ঠিক রেখেছেন ৫ ডিসেম্বর। তবে তার যুক্তরাষ্ট্র যাওয়া নিশ্চিত হলে তিনি ওই দিনও ফিরবেন না। তিনি যুক্তরাষ্ট্রে গেলে সেখানে ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস থাকবেন। এরপর ফিরতে পারেন ফেব্রুয়ারিতে। এই বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ট সূত্র।
ওই সূত্র জানায়, ম্যাডামের শনিবারের দেশে ফেরার কোন সিডিউল নেই। ওই তারিখে কোন টিকিট বুকিংও দেওয়া হয়নি। ম্যাডামের ১৭ নভেম্বর ফেরার সম্ভাব্য দিন ছিল সেটাও পরিবর্তন করা হয়েছে। এখন ৫ ডিসেম্বর ফেরার দিন ধার্য রাখা হয়েছে। তবে এই ব্যাপারে টিকিট কনফার্ম করা হয়নি। টিকিট কনফার্ম না করার কারণে তিনি ফিরে আসছেন, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ ম্যাডামের যুক্তরাষ্ট্র যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য ডিসেম্বরেই তিনি যেতে পারেন। সেটা গেলে তিনি দেশে ফিরতে আরো সময় নিবেন।
যুক্তরাষ্ট্রে বিএনপি চেয়ারপারসন কোথায় থাকবেন এই ব্যাপারে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, ম্যাডাম যুক্তরাষ্ট্রে গেলে সেখানে থাকবেন প্রথমে হোটেলে। এরপর বেশি দিন থাকলে বাসা ভাড়াও করা হতে পারে। এই ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাই সব ব্যবস্থা করবেন। এর আগে সাদেক হোসেন খোকা যখন লন্ডন সফরে আসেন তখন এই ব্যাপারে তাকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে। তিনি সব করবেন। এছাড়াও সেখানে বিএনপির আরো কয়েকজন সিনিয়র নেতাও রয়েছেন তারাও এই ব্যাপারে কাজ করবেন।
তিনি বলেন, ম্যাডাম মূলত সেখানে যাবেন তার পাঁয়ের হাঁটুর চিকিৎসা করানোর জন্য। কারণ এর আগে ম্যাডামের হাঁটুর অপারেশন হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। লন্ডনে তিনি চিকিৎসা নিয়েছেন তবে তাতে চিকিৎসা পুরোপুরি ফলপ্রসু হয়নি। এই কারণে তার যুক্তরাষ্ট্রে যাওয়া প্রয়োজন। সেখানে এর আগে যে চিকিৎসককে দেখিয়েছেন সেই চিকিৎসককেই দেখাবেন। তার সঙ্গে অ্যাপয়েনমেন্টের চেষ্টা চলছে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া বলেছেন , বিএনপি চেয়ারপারসন শনিবার ২১ নভেম্বর দেশে ফিরতে পারেন। ওই দিন বিকেলে দেশে এসে পৌঁছুবেন। এই জন্য তিনি লন্ডনের স্থানীয় সময় শুক্রবারে রওয়ানা হবেন বলেও বলা হয়েছে। তবে তার আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে খালেদার প্রেস উইংয়ের কেউ জানাতে পারেননি। তার প্রেস উইংয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের কাছে বলেছেন, খালেদা জিয়া শুক্রবার সেখান থেকে রওয়ানা হবেন। শনিবার তিনি দেশে ফিরবেন।
এই ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বুধবার থেকে ভাইবার, হোয়াটসআপ, ইমো, ফেসবুক, স্কাইপি সহ সব ধরনের অ্যাপস বন্ধ। এই কারণে লন্ডনে ম্যাডামের সঙ্গে কেউ কথা বলেছেন বলে আমার জানা নেই। তাছাড়া ম্যাডাম শনিবার আসবেন এমন কোন দিনও ঠিক হয়নি। তার দেশে ফেরার সম্ভাব্য দিন রয়েছে ৫ ডিসেম্বর। ওই দিন তিনি দেশে না ফিরলে আরো বিলম্ব হবে। কারণ ম্যাডামের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। সেখানে হাঁটুর চিকিৎসা করাবেন। এরপর দেশে ফিরবেন। সেটা হল সময় লাগতে পারে।























































