বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাকা-মুজাহিদের রিভিউয়ের রায় প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৫

sa_351501750_446473144 mujhahid_896432297

ডেস্ক রিপোর্ট:

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউয়ের রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ রায় প্রকাশ করা হয়।  হাইকোর্টের রেজিস্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এখন এ রায় কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ফাঁসির দণ্ড থেকে বাঁচতে এ দুজনের কাছে এখন খোলা একটিই মাত্র পথ- তা হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা।  সাকা-মুজাহিদ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পর তারা যদি ক্ষমা না পান তবে আইন অনুযায়ী সরকার সরকারের সিদ্ধান্ত অনুসারে যেকোনো সময় দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ।

গতকাল বুধবার সাকা ও মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। ওই রায়ের মধ্যে দিয়ে তাদের আইনি লড়াই শেষ হয়।

বৃহস্পতিবার দুপুরের দিকেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউয়ের আদেশ বা রায়ের পূর্ণাঙ্গ কপি খুব শিগগিরই প্রকাশ পাবে।

তিনি আরো বলেন, ‘আরেক মামলার আসামি কাদের মোল্লার রিভিউয়ের রায়ে উল্লেখ করা আছে- যখন মৃত্যু পারোয়ানা কারাগারে যাবে রাষ্ট্র তখন থেকেই তারিখ নির্ধারণ করে রায় কার্যকরের উদ্যোগ নিতে পারবে এবং রায় কার্যকর করতে পারবে। যেহেতু সাকা-মুজাহিদের রিভিউ খারিজ হয়েছে, স্থগিতাদেশ আর নেই, সেহেতু রায় কার্যকর করতেও কোনো বাধা নেই।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি