আইনশৃঙ্খলা বাহিনীর সবুজ সংকেত পেলে খুলবে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম। এজন্য সাময়ীক অসুবিধা মেনে নেওয়ার আহবান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
যারা বিকল্প উপায়ে ফেসবুকসহ অন্যান্য যোগাযোগের মাধ্যম ব্যবহারের চেষ্টা করছেন তাদেরকে নজরদারি করছেন বলে হুশিয়ার করে দেন তারানা হালিম।
তরুণ প্রজন্মের কাছে নিঃসঙ্গতা কাটানোর অন্যতম একটি মাধ্যম ফেসবুক। জনপ্রিয়তায় পিছিয়ে নেই ভাইবার, হোয়াটস অ্যাপের মত সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোও। কিন্তু যুদ্ধাপরাধী মুজাহিদ ও সাকা চৌধুরীর রিভিউ রায়কে কেন্দ্র করে হঠাৎ করেই ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপের মত কিছু মোবাইল অ্যাপস বন্ধ করে দেওয়া হয়। হুট করেই গুরুত্বপূর্ণ এই যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকে সমস্যায় পরেছেন এ প্রজন্মরা।
একজন ফেসবুক ব্যবহারকারী বলেন, ফেসবুক বন্ধ করে অপরাধ বন্ধ করা যাবে না। ফেসবুক বন্ধ করার কারণে অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ফেসবুক বন্ধ করার মাধ্যমেই যে মনিটর করা যাচ্ছে কিংবা সামাজিক যোগাযেগের মাধ্যমকে বেশি নিরাপদ করা যাচ্ছে এমনটাও নয়।
প্রযুক্তি জ্ঞানে অন্যদের চেয়ে যারা দক্ষ তারা ঠিকই খুঁজে নিচ্ছেন বিকল্প উপায়। প্রক্সি সারবার ব্যবহার করে তারা চালিয়ে নিচ্ছেন এসব মোবাইল অ্যাপসগুলো।
একজন বলেন, এসব বন্ধ করে কোনও লাভ নাই কারণ এর মধ্যে অনেক ফাঁক থেকে যায়। যে কোনও জিনিসের পজেটিভ ও নেগেটিভ দুটোই আছে। তাই বলে বন্ধ করে দিতে হবে এমন না।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, দেশের মানুষের নিরাপত্তার জন্য আমাদের সামান্য একটু অংশগ্রহণ। আমরা আপাতত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছি এটি সাময়ীক অসুবিধা। যে ডিভাইসগুলো ট্র্যাক করা যায় না, সেই মাধ্যমগুলো ব্যবহার করে নাশকতাকারীরা একত্রিত হয়ে নাশকতা করেন। যাতে এই অ্যাপসগুলো ব্যবহার করে কেউ নাশকতা করতে না পারে সেজন্য এই অ্যাপসগুলো সাময়ীকভাবে বন্ধ রাখা হয়েছে। যারা বিকল্প মাধ্যমে এসব অ্যাপস ব্যবহার করছেন তাদের ট্র্যাক করা সম্ভব। তবে কোনও অবস্থাতেই ইন্টারনেট সেবা বন্ধ করা হবে না।
























































