বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শনিবার দেশে ফিরছেন। লন্ডন স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশে সময়: ৪টা ১৫ মি.) বাংলাদেশের উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়ে আসেন তিনি। এ সময় তার ছেলে, দুই ছেলের বউসহ পরিবারের অন্য সদস্য ও লল্ডন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেল পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়ার। বিএনপি চেয়ারপরসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এসব তথ্য জানান।
শায়রুল কবীর খান জানান, আজ বিকেলে বিএনপি চেয়ারপারসন দেশে এসে পৌঁছবেন। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুলইসলাম খান, আ স ম হান্নান শাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ছেলে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও নাতি-নাতনিদের সঙ্গে অবস্থান করছেন তিনি। এই প্রথম পবিত্র ঈদুল আজহার সময় দেশের বাইরে থাকলেন সাবেক প্রধানমন্ত্রী।
























































