স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আবার সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না জানা যায়নি।
রোববার (২২ নভেম্বর) রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলে।
আটক হওয়া নেতাকর্মীদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থীতা নিয়ে ইউনিয়ন আ’লীগের তিন নেতা নিজেদের মধ্যে অর্ন্তকোন্দলে জড়িয়ে পড়েছে। সেই অর্ন্তকোন্দলের জের ধরে আলকরা ইউনিয়নে সম্প্রতি নিজেদের মধ্যে ঘন ঘন সংঘর্ষে জড়িয়ে পড়ছে আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
রাতেও ইউনিয়ন আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু গ্রুপের নেতাকর্মীদের সাথে অপর দুই গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষ বাধেঁ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ হোসেন জানান, তেমন কিছু হয়নি। আমরা ৫ জনকে আটক করে এনেছি। পরিস্থিতি শান্ত।
উল্লেখ্য যে, শুক্রবার (২০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫ জন আহত হয়।

















































