ডেস্ক রিপোর্ট :
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদ- কার্যকরের পর দৃশ্যত নীরব বিএনপি-জামায়াত। কিন্তু কার্যত ব্যথিত-সংক্ষুব্ধ দল দুটি। উভয় দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, সাকা-মুজাহিদ ‘সংসদে অভিজ্ঞতালব্ধ’ ও ‘সৎমন্ত্রী’ হিসেবে পরিচিত নীতিনির্ধারণী পর্যায়ের দুনেতা। তাদের ফাঁসিতে কেবল বিএনপি-জামায়াত ক্ষতিগ্রস্ত হয়নি, বাংলাদেশের রাজনীতিতেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে।
বিএনপি-জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে এসব বিষয় উঠে আসে। তবে, বিএনপির স্থায়ী কমিটির উপদেষ্টা এবং চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাদের অনেকেই এ ইস্যুতে কথা বলতে রাজি হননি। তাদের ভাষ্য, এই মুহূর্তে ‘মানবতাবিরোধী অপরাধ’ ইস্যু খুবই স্পর্শকাতর, কথা বলা ঝুঁকিপূর্ণ।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাকা-মুজাহিদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন দক্ষ পার্লামেন্টারিয়ান। ১৯৭৯ সাল থেকে ছয়-ছয়বার তিনি সংসদ সদস্য হয়েছেন। আইনপ্রণেতা ছিলেন। তার মৃত্যুতে বিএনপিসহ পুরোদেশবাসীর ক্ষতি হয়েছে। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। ফাঁসির কারণে তার অভিজ্ঞতাকে কাজে লাগানো গেল না।’
তিনি মনে করেন, ‘সাকা চৌধুরীর উপস্থিত বুদ্ধি তাকে অনুসরণীয় করে রাখবে দলে ও জাতিতে।’ এটিকে তিনি ‘বিরল’ উল্লেখ করে আরও বলেন, ‘সেক্ষেত্রে বিএনপিসহ সব দল, এমনকি দেশের জন্য ক্ষতি হয়েছে।’ যদিও বিভিন্ন সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিচারপতিগণসহ নানা বিষয়ে অশ্লীল বক্তব্য দিয়ে সমালোচিত ছিলেন সাকা চৌধুরী।
খন্দকার মাহবুব হোসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রশংসা করেছেন। তার ভাষায়, ‘মুজাহিদ সাহেব একজন সৎ, বিজ্ঞ মানুষ ছিলেন। তিনি মন্ত্রী থাকার সময় একটিও অবৈধ সুযোগ গ্রহণ করেননি। তার বিরুদ্ধে নেই একটিও দুর্নীতির অভিযোগ। মন্ত্রী ছিলেন, অথচ স্বজনপ্রীতি ছিল না। এ রকম মানুষ যখন রাজনীতির অঙ্গন থেকে হারিয়ে যান, তখন শূন্যতা দেখা দেয়’।
সাকা-মুজাহিদের মৃত্যুদ- কার্যকরের পর বিএনপি-জামায়াত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন খন্দকার মাহবুব হোসেন। তিনি মনে করেন, ‘ভবিষ্যৎ-ইতিহাস একদিন এই সব মৃত্যুকে বিবেচনা করবে। এই মুহূর্তে পরিবেশ না থাকায় হজম করে যেতে হচ্ছে।’
আইনজীবী খন্দকার মাহবুবের মতো সাকা-মুজাহিদ প্রসঙ্গে মন্তব্য করতে রাজি নন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. অব. মাহবুবুর রহমান। তার বক্তব্য, ‘এ বিষয়ে মন্তব্য নেই।’ কথা বলতে চান না, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকারও। ‘নো কমেন্টস’ মন্তব্য করলেন তিনি।
প্রসঙ্গত, গতকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাকার পরিবারের সঙ্গে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি অংশ নেননি। ওই সংবাদ সম্মেলনে সাকার পরিবারের আগে গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য রাখেন।
আরেক উপদেষ্টা নিজেকে উদ্ধৃত না করে জানান, কারা বুদ্ধিজীবী হত্যা করেছে, কারা এর লাভবান পক্ষ, এসব কিছু আমরা জানি। কিন্তু মুখ খুলতে পারছি না। বিগত দিনে না পারলেও আগামী দিনে সময় আসলে মুখ খুলব। ইতিহাসের পাতা আবারও খোলা হবে।
‘বিএনপি হয়তো ট্রাইব্যুনাল রাখবে না’
সাকা চৌধুরী ও মুজাহিদের উভয়ের মৃত্যুতে না হলেও নিজের ছাত্র সাকার মৃত্যুতে ব্যাথিত হয়েছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি জানান, ১৯৭০ সালে সাকা চৌধুরী তার ছাত্র ছিলেন। পরবর্তী সময়ে টিসি নিয়ে সাকা পাঞ্জাব চলে যান।এ কারণে তার প্রতি ব্যক্তিগত দুর্বলতা তো আছেই বলে জানান তিনি।
তিনি সাকার মৃত্যুদ-ের কারণে বিএনপির ওপরে প্রভাব পড়বে বলে মনে করেন। মুজাহিদ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার বিষয়ে আমি কিছু বলতে চাই না। সাকা আমার ছাত্র ছিলেন। তুমি জানো, সবাই জানে, আমি ছাত্রবান্ধব শিক্ষক। আমি অন্য শিক্ষকদের মতো নই।’ সাকা চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকা বিএনপির সিনিয়র নেতা ছিলেন। তার চলে যাওয়াটা দল মনে রাখবে দীর্ঘদিন।’
এমাজউদ্দীন বলছেন, ‘সাকা চৌধুরী এমন এক অভিযোগে শাস্তি পেয়েছেন, এই অভিযোগ অস্বীকারের পথ নেই, স্বীকার করেও অগ্রসর হওয়ার পথ নেই। ফলে, দুঃখ নিয়েই অগ্রসর হতে হবে, এগুতে হবে।’
‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক অনেক সংস্থা, দেশ প্রশ্ন তুলেছে’—এমনটি জানিয়ে এমাজউদ্দীন আহমদ বলেন, ‘যে অজুহাতে সাকার ফাঁসি দেওয়া হয়েছে, তাকে ফাঁসিতে ঝুলতে হলো, বিএনপির তরুণ মেম্বারদের মধ্যে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি হবে।’
তিনি জানান, বিএনপি মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে শুরু থেকে লিবারেল অবস্থানে ছিল। কারণ, ‘মুক্তিযুদ্ধ তো বাঙালির ৩-৪ হাজার বছরের ইতিহাস। এই ইতিহাস-প্রতিবন্ধকতা অবস্থান তো বিএনপির নেই। তারা আগেও বলেছে, বলছে, ভবিষ্যতেও বলবে। কিন্তু আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তো প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে।’
অধ্যাপক এমাজউদ্দীন বলেন, ‘আমার বক্তব্য, দলের বক্তব্য নয়।’ এরপর তিনি বলেন, সাকা চৌধুরীর মৃত্যুদ- কার্যকর করার বিষয়টি বিএনপির জন্য সম্মানজনক হয়নি’ বলে মন্তব্য করে এমাজউদ্দীন বলেন, ‘দলে হয়তো অনেকে তাকে পছন্দ করতেন না, আবার অনেকে করতেন। কিন্তু ফাঁসিতে ঝোলানো সম্মানজনক হয়নি। হয়তো বিচার আন্তর্জাতিক মানের হয়নি। এটা আমার দৃষ্টিভঙ্গি।’
অধ্যাপক এমাজউদ্দীন মনে করেন, ‘সাকার মৃত্যুতে বিএনপি প্রভাবিত হওয়ার পাশাপাশি আগামী দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাখার ক্ষেত্রে বিএনপির ভূমিকা নেতিবাচক হবে। তার ভাষ্য, বিএনপি হয়তো ট্রাইব্যুনাল রাখবে না। তাদের নির্বাচনি ইশতেহারে গণতন্ত্র প্রতিষ্ঠাকে প্রাধান্য দেওয়া হবে বেশি। এর সঙ্গে ল অ্যান্ড ইনফোর্সমেন্টস, বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতার ইস্যুটি তো যুক্ত হবেই।’
‘ফাঁসিতে মৃত্যুদ- হওয়া নেতাদের নামে শহীদ দিবস চালু করবে জামায়াত’
মানবতাবিরোধী অপরাধের দায়ে ইতোমধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদ- কার্যকর হয়েছে। এর আগে দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। জামায়াতের নেতারা মনে করেন, তাদের দল ইসলামি আন্দোলন করে। এই আন্দোলনে শহীদদের তালিকায় এই তিনজন যুক্ত হয়েছেন। তবে দৃশ্যত বিগত দিনের মতো নাশকতার পথে না গেলেও হরতাল, বিক্ষোভ ও দোয়া দিবসের মতো কর্মসূচি পালন করছে দলটি। রাজনৈতিক কৌশল ও কয়েক হাজার নেতাকর্মী কারাগারে থাকায় চাইলেও নাশকতার পথে যেতে পারছে না জামায়াত। তবে নেতারা বলছেন, কোনও নাশকতা নয় বরং মানুষই তাদের কর্মসূচি পালন করছে।
ইতোমধ্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ মুজাহিদের মৃত্যুকে রাজনৈতিক আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, ‘শেষ মুহূর্তে সরকার মুজাহিদের সঙ্গে তামাশা করেছে।’
জানতে চাইলে জামায়াতের ঢাকা মহানগর সহকারী সেক্রেটারি মুঞ্জুরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘সাধারণত কামারুজ্জামান সাহেব, কাদের মোল্লা সাহেবের মৃত্যুদিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। এখন থেকে মুজাহিদ সাহেবের মৃত্যু দিনটিকেও শহীদ দিবস হিসেবে পালন করা হবে।’ তার সঙ্গে থাকা ঢাকা মহানগরের এক কর্মী জানান, ‘ক্ষমতায় আসলে প্রতিটি শহীদ দিবসই পালন করা হবে। এতে কোনও সন্দেহ নেই।’
মসজিদ মিশনের সেক্রেটারি ও তামিরুল মিল্লাত মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, ‘যা কিছু কল্যাণকর, তাই দেশবাসীর জন্য ভালো। সময় আসলে বিবেচনা হবে সত্য-মিথ্যার।’
মুজাহিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত, গ্রেফতার-৪
রবিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে মুজাহিদের গায়েবানা জানা পড়েছেন জামায়াতের নেতাকর্মীরা। এতে ইমামতি করেন দলটির রুকন মাওলানা হোসাইন আহমদ। জানাজা শেষে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
জামায়াতের একজন কর্মী জানান, মুজাহিদের গায়েবানা জানাজায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, মহানগর সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রিদওয়ানুল্লাহ শাহেদি, মহানগর সহকারী সেক্রেটারি সেলিম উদ্দীন, মুঞ্জুরুল ইসলামসহ কয়েকহাজার নেতাকর্মী অংশ নেন। তবে অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ জানাজায় অংশ নিতে পারেননি।























































