নূর মোহাম্মদ : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগ এনে পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
গত ১১ নভেম্বর রুলের শুনানিতে অংশ নেন ফখরুলের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
এ রুল নিষ্পত্তির জন্য গত ০২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেধে দেন আপিল বিভাগ।
আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ০৩ নভেম্বর বিচারিক আদালত ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান।
চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে এসব মামলা করে পুলিশ।
























































