ডেস্ক রিপোর্ট :
একসঙ্গে দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের পর গোয়েন্দা নজরদারিতে রয়েছে জামায়াতে ইসলামীর বর্তমান নেতৃত্ব। অপ্রীতিকর ঘটনা কিংবা নাশকতার পরিকল্পনার আশঙ্কায় দলটির কেন্দ্রীয় নেতাদের ওপর চলছে কঠোর গোয়েন্দা নজরদারি। সবশেষ ফাঁসিতে দ-িত দুই শীর্ষ যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যদের গতিবিধিও পর্যবেক্ষণ করছে গোয়েন্দারা। অন্যদিকে এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনো সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
একাত্তরের মানতাবিরোধী অপরাধের দায়ে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে গত শনিবার গভীর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদ- কার্যকর করা হয়। এদিন রাতে একই ফাঁসির মঞ্চে একই সঙ্গে এই শীর্ষ দুই যুদ্ধাপরাধী ও সাবেক মন্ত্রীর ফাঁসি কার্যকর করা হয়।
পুলিশ ও র্যাব কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতম অবস্থানের কারণে যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের আগে-পরে গতকাল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশেষ করে সাকার ফাঁসির কারণে রাজধানীসহ সারাদেশে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, যদিও জামায়াত এখন অনেটাই ভঙ্গুর। তারপরও তাদের নেতাকর্মীদের দ্বারা অপ্রীতিকর কিংবা নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। মুজাহিদকে নিয়ে এ পর্যন্ত মোট তিনজন জামায়াত নেতার ফাঁসি কার্যকর করা হলো। তাই সাংগঠিনকভাবে চরমভাবে ক্ষিপ্ত জামায়াত। তাদের সঙ্গে রয়েছে দেশি-বিদেশি শক্তি। সরকারকে বেকায়দার ফেলতে কিংবা প্রতিশোধ নিতে দলটির বর্তমান নেতৃত্ব যে কোনো নাশকতার পরিকল্পনা করতেই পারে।
গোয়েন্দা সূত্র বলছে, এমন আশঙ্কার কথা মাথায় রেখে কারাগারের বাইরে থাকা বর্তমান শীর্ষ নেতাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, ড. আবদুল্লাহ মো. তাহের, ঢাকা মহানগর আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামসহ মূল দল ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাদের কর্মকা-ের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। দলটির কারাবন্দি শীর্ষ নেতাদের স্বজন ও ঘনিষ্ঠদের কর্মকা-ও নজরে রাখা হচ্ছে।
ওই সূত্র বলছে, গোয়েন্দা নজরদারির বাইরে নয় সদ্য মৃত্যুদ- কার্যকর হওয়া বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের পরিবারের সদস্যরাও। এ জন্য সাকার ধানম-ির ও মুজাহিদের উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসায় কী হচ্ছে সেদিকে খেয়াল রাখছে গোয়েন্দারা। এই দুই পরিবারের বিশেষ কয়েকজনের গতিবিধি ও যোগাযোগের ওপর চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সাকা ও মুজাহিদের ছেলেরা ও ঘনিষ্ঠজনদের ফোনালাপও গোয়েন্দা নজরদারির বাইরে নয়।
পুলিশ ও র্যাব কর্মকর্তারা জানান, সাকা ও মুজাহিদের ফাঁসির কার্যকর পরবর্তী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে পুলিশ সদর দফতর, ডিএমপি ও র্যাব। পরিস্থিতি সামাল দিতে এখনো তা বহাল আছে। ফাঁসির প্রতিবাদে দেশজুড়ে জামায়াতের ডাকা গতকালের হরতালে যে কোনো নৈরাজ্য ঠেকাতে মাঠে সক্রিয় ছিল আইনশৃক্সখলা বাহিনী। প্রত্যেকটি বিভাগের রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেয় পুলিশ সদর দফতর। একইভাবে র্যাবের সব ব্যাটালিয়নকে সর্তক অবস্থায় রাখে র্যাব সদর দফতর। ফলে কোথাও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। রাজধানীতে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এখনো সর্তক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। আগামী দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানান ওই পুলিশ ও র্যাব কর্মকর্তারা।
এর আগে যুদ্ধাপরাধী ও জামায়াতের অপর দুই নেতা মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। এ নিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া মোট চারজনের মধ্যে তিনজনই শীর্ষ জামায়াত নেতা। দৈনিক আমাদের সময়























































