মুশফিকুর রহিমের দল সিলেট সুপারস্টার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম সাত ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে রংপুর। এই প্রতিবেদন লেখার সময় সাত ওভার শেষে দুই উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪০ রান। ১২ রান করে উইকেটে আছেন অধিনায়ক সাকিব।
ইনিংসের তৃতীয় ওভারে মাত্র ৭ রান করে মোহাম্মদ শহিদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। গত ম্যাচে অর্ধশতক করা লেন্ডল সিমন্স হয়েছেন রানআউটের শিকার; করেছেন ১৩ রান। সপ্তম ওভারে মোহাম্মদ মিথুনকে আউট করেছেন নাসুম আহমেদ।
প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে রংপুর। অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতেও জয় পায়নি মুশফিকের সিলেট; আছে পয়েন্ট তালিকার তলানিতে। প্রথম জয়ের জন্য তাই মরিয়া হয়েই মাঠে নামবেন মুশফিকরা। অন্যদিকে আরো একটি জয় দিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করতে চাইবে রংপুর।
নিজেদের প্রথম ম্যাচেই অনাপত্তিপত্র-সংক্রান্ত জটিলতায় দুজন বিদেশি খেলোয়াড় ছাড়াই মাঠে নামতে হয়েছিল সিলেটকে। তবে সে সমস্যা কাটিয়ে উঠেছে মুশফিকের দল। গত মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে মাত্র এক রানের জন্য জয় পায়নি তারা। প্রথম ম্যাচেও হেরেছিল এই এক রানের ব্যবধানেই।


























































